চীনা অর্থায়নে নির্মিত একটি আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপনা দুটি বিদেশি কোম্পানির কাছে হস্তান্তরের ঘোষণা দিয়েছে শ্রীলংকা।
মাত্তালা রাজাপাকসে আন্তর্জাতিক বিমানবন্দর চীনের রাষ্ট্রায়ত্ত এক্সিম ব্যাংকের অর্থায়নে নির্মিত। ২০১৩ সালে উদ্বোধনের পর থেকেই বন্দরটি চ্যালেঞ্জের মুখে রয়েছে।
সম্প্রতি শ্রীলংকার মন্ত্রিপরিষদ এক বিবৃতিতে জানিয়েছে, ভারতের শৌর্য অ্যারোনটিক্স (প্রাইভেট) লিমিটেড ও রাশিয়ার এয়ারপোর্টস অব রিজিয়ন ম্যানেজমেন্ট কোম্পানি ৩০ বছরের জন্য বিমানবন্দরটির ব্যবস্থাপনা কার্যক্রম তত্ত্বাবধান করবে।
একই সঙ্গে শ্রীলঙ্কা বিমানবন্দরের ঋণ পুন-তফসিল করার জন্য এক্সিম ব্যাংকের সাথে আলোচনা করছে।
২০২২ সালের মে মাসে শ্রীলঙ্কা ঋণখেলাপি হয়, যা দেশটিকে সাত দশকের বেশি সময়ের মধ্যে সবচেয়ে গুরুতর আর্থিক সংকটের মধ্যে নিয়ে আসে।
বিমানবন্দরের ঘটনা মনে করিয়ে দিচ্ছে, ২০১৭ সালে হাম্বানটোটা সমুদ্রবন্দর চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানির কাছে ৯৯ বছরের জন্য হস্তান্তর করতে বাধ্য হয় শ্রীলঙ্কা। এই সমুদ্রবন্দরও চীনের ঋণে নির্মিত। শ্রীলংকা সময়মতো ঋণ পরিশোধ করতে পারেনি। চুক্তিমোতাবেক বন্দরটি চীনের হাতে হস্তান্তর করতে বাধ্য হয় লংকান সরকার।
চীনের ঋণকূটনীতির জাল থেকে বের হবার চেষ্টা করছে শ্রীলঙ্কা। তবে বিমানবন্দরটি ভারত ও রাশিয়ার কাছে ইজারা দিয়ে তারা কী সুবিধা পাচ্ছে তা বলেনি তারা।
চীনের এসব পদক্ষেপ এশিয়া ও আফ্রিকার বিভিন্ন অঞ্চলে প্রভাব বিস্তারের জন্য, বিশেষজ্ঞরা মনে করছেন। এসব অঞ্চলের কৌশলগত সম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উপায় হিসাবে ঋণ ব্যবহার করছে চীন, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেক বিশেষজ্ঞ।
