এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে আগামী ১ জুলাই থেকে এনবিআর বা জাতীয় রাজস্ব উন্নয়ন বোর্ড মেট্রোরেলের টিকিটের ওপর ১৫ শতাংশ ভ্যাট বসাতে চায় সংস্থাটির এ রিপোর্ট প্রকাশ হওয়ার পর থেকে দেশের শীর্ষ স্থানীয় মন্ত্রী আর আমলার মধ্যেই দ্বন্দ্ব শুরু হয়। আর এ ব্যাপারে কঠোর অবস্থান গ্রহণ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুর কাদের। তাই মেট্রোরেলে ভ্যাট বসানো নিয়ে আমলা এবং রাজনীতিবিদদের দ্বন্দ্ব তুঙ্গে রয়েছে। এখন বিষয়টি প্রধানমন্ত্রী পর্যন্ত গড়িয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারে। তবে এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুর কাদের এনবিআরের এ প্রস্তাব জানেন না বলে মিডিয়াতে জানিয়েছিলেন ।
এদিকে চলতি সপ্তাহে ২০২৪-২৫ অর্থবছর থেকে মেট্রোর টিকিটের ওপর এনবিআর ফের সামান্য হলেও মূল্য সংযোজন কর (ভ্যাট) আরোপের পরিকল্পনা করছে বলে জানিয়েছেন সংস্থাটির কর্মকর্তারা। ফলে জুলাই থেকে ঢাকা মেট্রোরেলে চলাচলের খরচ বাড়তে পারে যাত্রীদের।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন এনবিআর কর্মকর্তা বাংলা আউটলুককে বলেন, মেট্রো পরিষেবা পুরোপুরি চালু না হওয়ায় সরকারি নির্দেশনা অনুযায়ী এনবিআর গত বছর মেট্রোরেলের টিকিটের দামে ভ্যাট ছাড় দিয়েছে। প্রধানমন্ত্রীর কাছ থেকে গ্রিন সিগন্যাল পেলেই এই মেট্রো পরিষেবায় সামান্য হলেও ভ্যাট আরোপ করা হবে । 'এখন এনবিআর এই খাত থেকে আরও রাজস্ব আদায়ে লক্ষ্যে সেই ভ্যাট মওকুফ প্রত্যাহার করতে চায়,' বলেন তিনি। সিদ্ধান্তটি জানাতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সঙ্গে তারা বৈঠক করেছে বলেও জানান ওই কর্মকর্তা।
তিনি আরও বলেন, মেট্রো পরিষেবার ভ্যাট থেকে রাজস্ব বোর্ড বছরে প্রায় ১০০ কোটি টাকা রাজস্ব আদায় করতে পারবে। ওই এনবিআর কর্মকর্তা জানান, আইন অনুযায়ী, এসি ও নন-এসি উভয় ধরনের রেলওয়ে পরিষেবার জন্য ১৫ শতাংশ ভ্যাট প্রযোজ্য। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২-এর ধারা ২৬-এ শীতাতপ-নিয়ন্ত্রিত (এসি) ও প্রথম-শ্রেণির নন-এসি রেল পরিষেবা কোনোটিতেই যাত্রী পরিবহনের জন্য ভ্যাট ছাড় দেওয়া হয়নি। মেট্রোরেল যেহেতু সম্পূর্ণ শীতাতপ-নিয়ন্ত্রিত, তাই এই পরিষেবার ওপর ১৫ শতাংশ ভ্যাট প্রযোজ্য বলে জানান তিনি।
ওই এনবিআর কর্মকর্তা আরও বলেন, ১৫ শতাংশ ভ্যাট আরোপের পর ন্যূনতম দূরত্বের টিকিটের মূল্য হবে ২৩ টাকা, যা বর্তমানে ২০ টাকা। আর সর্বোচ্চ দূরত্বের টিকিটের মূল্য ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা হবে।
সরকার ঢাকা শহরের যানজট নিরসনে যতগুলো উদ্যোগ গ্রহণ করেছে তার মধ্যে মেট্রোরেল সবচেয়ে জনপ্রিয়। স্বল্প আয়ের মানুষের কাছে এটি খুবই জনপ্রিয়তা পেয়েছে। আর খুব দ্রুত একস্থান থেকে অন্য স্থানে যাওয়ার ফলে সাধারণ মানুষও এর সুফল পাচ্ছে। কাজেই মেট্রোরেল দ্রুতই জনপ্রিয় হয়ে উঠেছে। যদিও মেট্রোরেল কর্তৃপক্ষ বলছে, তারা যে-রকম যাত্রী প্রত্যাশা করেছিলেন তা এখনো হয়নি। এটি হতে সময় লাগবে।
মেট্রোরেল কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, প্রতিদিন ৫ লক্ষ যাত্রী মেট্রোরেলে চলাচল করবে এমনটি প্রত্যাশা করেছিলেন। কিন্তু এখন পর্যন্ত প্রতিদিনের গড় যাত্রী সংখ্যা ৩ লাখের বেশি নয়। তারা ধারণা করছেন, সামনের দিনগুলোতে মেট্রোরেল আরও জনপ্রিয়তা পাবে।
স্বল্প আয়ের মানুষের জন্য এটি একটি বড় স্বস্তির বিষয় হয়েছে। এর ফলে গণপরিবহনের নৈরাজ্য এবং অত্যাচার থেকেও মানুষ মুক্তি পেয়েছে। মোদ্দাকথা, চালু হওয়ার পর মেট্রোরেল আস্তে আস্তে যখন জনপ্রিয়তা পাচ্ছে ঠিক, সে সময় মেট্রোরেলের ওপর যে ভ্যাট মওকুফের মেয়াদ তা আর না বাড়াতে জাতীয় রাজস্ব বোর্ড সিদ্ধান্ত নিয়েছে।
উল্লেখ্য যে, মেট্রোরেলে ভ্যাট মওকুফের সুবিধা ৩০ জুন পর্যন্ত রয়েছে। এসময় সীমা বৃদ্ধির জন্য মেট্রোরেল কর্তৃপক্ষের পক্ষ থেকে এনবিআরএর কাছে আবেদন করেছিল। কিন্তু এনবিআর তা নাকচ করে দিয়েছে। এর ফলে যদি সব ঠিকঠাক থাকে তাহলে পরের জুলাই থেকে মেট্রোরেলের টিকেটের ওপর ১৫ শতাংশ ভ্যাট দিতে হবে। এতে যাত্রীদের পরিবহন খরচ বাড়বে।
