জাল ভোট হলে তাৎক্ষণিক সেই কেন্দ্রের ভোট বন্ধ: ইসি হাবিব
ইউএনবি
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৪, ১১:১৭ পিএম
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কোনো কেন্দ্রে জাল ভোট হলে তাৎক্ষণিক সেই কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আহসান হাবিব খান। নির্বাচন কমিশনার বলেন, ভোট ঘিরে দেশের কোথাও কোনো ধরনের সহিংসতা সহ্য করা হবে না।
আজ শনিবার (২৭ এপ্রিল) সকালে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। ৮ মে অনুষ্ঠিতব্য বরিশাল সদর ও বাকেরগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন অবাধ নিরপেক্ষ ভোট করতে চান বলে জানান তিনি। এসময় তিনি ভোট গ্রহণ কর্মকর্তাদের নানা দিক নির্দেশনা দেন।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কারো পক্ষপাতে নয়, অবাধ নিরপেক্ষ ভোটগ্রহণে আমাদের কমিশন বদ্ধপরিকর।এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- বরিশালের বিভাগীয় কমিশনার শওকত আলী, রেঞ্জ ডিআইজি জামিল হাসান, পুলিশ কমিশনার জিহাদুল কবির, জেলা প্রশাসক শহিদুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
