হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ ভারতের দিল্লি হাইকোর্টকে বলেছে, তারা হোয়াটসঅ্যাপের এন্ড-টু-এন্ড এনক্রিপশন পলিসি ভাঙতে রাজি না। এই কাজে বাধ্য করলে তারা ভারত থেকে চলে যাবে।
এনক্রিপশন পলিসি অনুযায়ী, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী ছাড়া অন্য কেউ এর মেসেজ দেখতে পায় না এবং কল শুনতে পায় না। এমনকি হোয়াটস্যাপ কর্তৃপক্ষও না। কারণ মেসেজ-ভয়েস ব্যবহারকারীর পর্দার বাইরে সংকেতে পরিণত হয়।
ভারতের পাস হওয়া ‘সোশ্যাল মিডিয়া কোম্পানির জন্য তথ্য প্রযুক্তি আইন’ চ্যালেঞ্জ করেছিল হোয়াটসঅ্যাপ ও তার মালিক প্রতিষ্ঠান মেটা। সেই আবেদনের ওপর শুনানি হয় বৃহস্পতিবার (২৫ এপ্রিল।)
এই আইনে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর তথ্য জানার অধিকার পেয়েছে সরকারপক্ষ।
হোয়াটসঅ্যাপ বলছে, মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করে এর এনক্রিপশন সুবিধার জন্য। ভারতের এই আইনের কারণে এনক্রিপশন ভাঙতে হবে। না হলে ব্যবহারকারীকে খুঁজে বের করা সম্ভব হবে না।
হোয়াটসঅ্যাপ আদালতকে আরও বলেছে, একদিকে মানুষের গোপনীয়তার অধিকার রয়েছে, আরেক দিকে সরকারের জানার অধিকার আছে, উদাহরণস্বরূপ, যদি কোনো সন্ত্রাসী কোনো বার্তা পাঠায়, তাকে খুঁজতে হবে। এখন একজন সন্ত্রাসীর জন্য কি শত শত কোটি মানুষের অধিকার হরণ করা হবে?
বিষয়টি আদালতকে বিবেচনার অনুরোধ জানিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। একই সঙ্গে এই আইনের বৈধতা পরীক্ষারও আবেদন জানিয়েছে তারা। এ নিয়ে আদালত আগামী ১৪ আগস্ট শুনানির দিন ঠিক করেছে। সূত্র: হিন্দুস্তান টাইমস।
