Logo
Logo
×

সংবাদ

দুর্নীতির কারখানা বিদ্যুৎ খাত, সমন্বয়ের নামে দাম বাড়ছে দফায় দফায়

Icon

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৪, ০৭:৩৪ পিএম

দুর্নীতির কারখানা বিদ্যুৎ খাত, সমন্বয়ের নামে দাম বাড়ছে দফায় দফায়

সর্বশেষ চলতি বছরের ফেব্রুয়ারি থেকে বিদ্যুতের দাম পাইকারিতে প্রায় ৫ শতাংশ ও খুচরা পর্যায়ে ৮.৫ শতাংশ বাড়ানো হয়েছে। ফলে প্রতি ইউনিটে গড়ে পাইকারিতে ৩৪ পয়সা ও গ্রাহক পর্যায়ে ৭০ পয়সা বাড়ে। এ নিয়ে গত দেড় দশকে পাইকারি পর্যায়ে ১২ বার আর খুচরা পর্যায়ে ১৪ বার দাম বাড়ায় সরকার।

দাম বাড়ানোর পেছনে কারণ হিসেবে ভর্তুকি কমানোর কথা বললেও বিশেষজ্ঞরা বলছেন, মূলত এ খাতে সীমাহীন দুর্নীতি ও অনিয়মের কারণে দফায় দফায় দাম বাড়াচ্ছে সরকার। সরকার সংশ্লিষ্টদের অতিরিক্ত সুবিধা দিতে দেওয়ায় তার খেসারত দিতে হচ্ছে সাধারণ জনগণকে।

জ্বালানি খাতের বিশেষজ্ঞরা বলছেন, দায়মুক্তি বিল পাস করে এ খাতের অনিয়ম-দুর্নীতিকে বৈধতা দেওয়া হয়েছে। ফলে বিদ্যুতের কোন খাতে কত ব্যয় হচ্ছে তার সঠিক কোনো হিসাব নেই। রাতারাতি দেশের বিদ্যুৎ খাতকে উন্নতির চরম শিখরে নেওয়ায় সরকারের যে উদ্যোগ সেটি দুর্নীতিকে উৎসাহিত করেছে। এখন চাইলেও সরকার তার লাগাম টানতে পারছে না।

অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, গত দেড় দশকে ব্যাংকিংখাতসহ বিভিন্ন খাতে সীমাহীন দুর্নীতি হয়েছে। যার প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতে। অভ্যন্তরীণ উৎস সংকুচিত হওয়ায় বিদেশি ঋণের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে সরকার। ভঙ্গুর পরিস্থিতি সামাল দিতে বিশ্বব্যাংক, আইএমএফের দারস্থ হতে হচ্ছে। এই সুযোগে দেশের বিদ্যুৎ-জ্বালানির দাম বৃদ্ধিতে ভূমিকা রাখছে এ সংস্থাগুলোও।

সর্বশেষ গত বৃহস্পতিবার বাজেট ব্যবস্থাপনার উন্নয়নে অন্যান্য খাতে পর্যায়ক্রমে ভর্তুকি কমিয়ে আনার জন্য বিদ্যুৎ, গ্যাস ও সারের দাম বাড়ানোর সুপারিশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সেখানে সংস্থার একটি প্রতিনিধিদল অর্থবিভাগের বাজেট অনুবিভাগের সঙ্গে ভর্তুকি নিয়ে বৈঠক করে   এ সুপারিশ করে।

আইএমএফের পরামর্শকে জনবিরোধী বলে উল্লেখ করেছেন দেশের বিশিষ্ট অর্থনীতিবিদরা। তাদের মতে, বাংলাদেশ স্বল্প আয়ের দেশ। ভর্তুকি ওঠানো হলে দাম বাড়বে, যা সাধারণ মানুষের জন্য আর্থিক সংকট তৈরি করবে। তাদের শর্ত না মানার জন্য সরকারকে আহ্বান জানিয়েছেন তারা।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অর্থবিভাগের বাজেট অনুবিভাগের সঙ্গে ভর্তুকি নিয়ে বৈঠক করে মিশনের একটি অংশ, ভর্তুকি কমিয়ে আনতে পেট্রোলিয়াম পণ্যের জন্য একটি পর্যায়ক্রমিক সূত্রভিত্তিক মূল্য সমন্বয় ব্যবস্থা গ্রহণ করায় সরকারকে স্বাগত জানায়। তবে সার্বিক বাজেট ব্যবস্থাপনার উন্নয়নে অন্যান্য খাতে ভর্তুকি কমিয়ে আনার জন্য বিদ্যুৎ, গ্যাস ও সারের দাম বাড়ানোর সুপারিশ করেছে।

এ প্রসঙ্গে অর্থ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, খাদ্য নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে আপাতত কৃষিতে পর্যাপ্ত ভর্তুকি দিয়ে যাবে সরকার। তবে বিদ্যুৎ ও গ্যাসে ভর্তুকি কমাতে পর্যায়ক্রমে এসবের দাম বাড়ানো হবে।

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম বলেন, আইএমএফের বিদ্যুৎ, গ্যাস ও সারে ভর্তুকি কমানোর সুপারিশ অযাচিত ও আপত্তিকর। কারণ তারা দেখছে বাণিজ্যিক লাভ। জনসাধারণের দিকে তাদের নজর নাই। ভর্তুকি তুলে দিলেই তো বিদ্যুৎ, গ্যাস ও সারের দাম বেড়ে যাবে। মূল্যস্ফীতি বেড়ে যাবে। এতে সাধারণ মানুষ চরম আর্থিক সংকটে পড়বে।

তিনি বলেন, আইএমএফের বিদ্যুৎ, গ্যাস ও সারে ভর্তুকি কমানোর পরামর্শ জনবিরোধী। বাংলাদেশ স্বল্প আয়ের দেশ। দাম বাড়লে সাধারণ মানুষ চাপ নিতে পারবে না। ভর্তুকি কোনোভাবেই তুলে দেওয়া যাবে না।

বিশ্বব্যাংকের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, বিদ্যুতের দাম বৃদ্ধি মূল্যস্ফীতি বাড়িয়ে দেবে। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা আরও কমে যাবে। তিনি বলেন, দুর্নীতি কমিয়ে, লোড ব্যবস্থাপনা করে এবং ক্যাপাসিটি চার্জের মতো বিতর্কিত বিষয়গুলোর সমাধান করলেই বিদ্যুতের উৎপাদন খরচ কমে আসে। গ্রাহকের ওপর দায় চাপাতে হয় না।

সংশ্লিষ্টরা বলছেন, ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বিদ্যুৎ খাতে মেগা প্রকল্প গ্রহণ করে। কুইক রেন্টালের নামে ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে দলীয় নেতাকর্মীদের অর্থ লোপাটের সুযোগ করে দেয়। এসব বিদ্যুৎকেন্দ্রে ক্যাপাসিটি চার্জের নামে গত ১৪ বছরে ৯০ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। সব মিলিয়ে গত ১২ বছরে বিদ্যুৎ খাতে সরকারের লোকসান ১ লাখ ৫ হাজার ৪১৯ কোটি টাকা। আগামীতে এই অংক আরো বাড়বে বলে ধারণা করছেন অর্থনীতিবিদরা।

সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র সরকারের মাথাব্যথার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। শুধু কেন্দ্র ভাড়া নয়, উচ্চমূল্যে বিদ্যুৎ কেনাও খরচ বাড়ার কারণ। পাশাপাশি এ খাতে প্রতিযোগিতার অভাব। সমঝোতা করে বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে চুক্তি করা হয়েছে। প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হলে উৎপাদনের খরচ কম হতো বলেও মন্তব্য করেন তিনি।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন