ননির পুতুলগুলো মোবাইল ছেড়ে রাস্তায়: বেকায়দায় আমেরিকার শাসকশ্রেণি
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৪, ০৭:১২ পিএম
ননির পুতুল। অলস। সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকবে। কাজ করবে না। আর তাদের শুধু টাকা চাই। আমেরিকার তরুণ প্রজন্মকে এভাবেই বকা দেয় সে দেশের বুড়োরা। সেই অকম্মারা এখন আবার বায়না ধরেছে, ফিলিস্তিনে হামলা করা যাবে না। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে হবে।
এ কি কাণ্ড!
রাজনীতিবিদরা রীতিমতো বেকায়দায় পড়েছেন। ননির পুতুলগুলোকে কিছুতেই লেখাপড়ায় বসানো যাচ্ছে না। তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত বুড়োদের কোনো কথাই শুনবে না।
কিন্তু সেই বুড়োরা, যারা তাদের ননির পুতুল বলে উত্ত্যক্ত করে থাকে, তাদের একটা বড় অংশই আন্দোলনে সমর্থন দিচ্ছে। বিশেষত গাজা যুদ্ধের বিরুদ্ধে তারা ননির পুতুলগুলোর সঙ্গে একমত।
সহজভাবে বলতে গেলে, এই প্রজন্ম পরিবর্তনের জন্য অপেক্ষা করছে না। তারা এটা দাবি করছে। গত ছয় মাস ধরে তারা এমন আন্দোলনের শোর তুলেছে যা স্থির অবস্থার মধ্য দিয়ে রীতিমতো শকওয়েভ পাঠিয়েছে। এতে অভিজাতদের মনে ব্যারাম সৃষ্টি হয়েছে। তারা অস্বস্তিতে কুঁকড়ে যাচ্ছে।
এখন সময় তাদের শক্তি, তাদের আবেগ, এবং বিশ্বকে নতুন আকার দেওয়ার জন্য তাদের যে মনোবাসনা তাকে স্বীকৃতি দেওয়ার, যা গত কয়েক দশকে অভিজাতদের আত্মতুষ্টির কারণে ধ্বংস হয়ে গেছে—এমন দাবি উঠেছে বিশেষজ্ঞ মহলে।
গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাস হামলা করার পরপরই আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়তে শুরু করে। তারপর ইসরাইল যখন ফিলিস্তিনিদের ওপর বেপরোয়া সহিংসতা শুরু করল, এবং এখনও চালিয়ে যাচ্ছে, আন্তর্জাতিক আদালত যখন বলল, ইসরায়েল জেনোসাইড কনভেনশন লঙ্ঘন (যুদ্ধাপরাধ) করেছে, তখন থেকে আমেরিকার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোর পরিবেশ ক্রমবর্ধমানভাবে উত্তপ্ত হতে থাকে।
কিন্তু যুদ্ধ বন্ধের পথে হাঁটেনি ইসরায়েল আর আমেরিকা তাদের ক্রমবর্ধমান উৎসাহের সঙ্গে সমর্থন দিয়ে যাচ্ছে। আর শিক্ষার্থীদের আন্দোল দমনের জন্য ব্যবহার করছে পুলিশ বাহিনীকে। এরই মধ্যে কয়েকশ শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এই আন্দোলন ঘিরে বেকায়দায় পড়েছে সে দেশের শাসকগোষ্ঠী। আগামী নভেম্বর জাতীয় নির্বাচনে এই আন্দোলনের ব্যাপক প্রভাবের আশঙ্কায় চিন্তার ভাঁজ পড়েছে তাদের কপালে। কারণ তাদের জটিল-কুটিল রাজনীতিতে শিক্ষার্থীদের দাবি মানার কোনো সূত্র নেই। তাহলে তারা এখন কী করবে? এখন পর্যন্ত উত্তর মেলেনি। সূত্র: ডন
