নৌকায় করে ভোট দিতে যাচ্ছেন বরাক এলাকার লোকজন। ছবি: অনলাইন থেকে সংগ্রহ
ভারতের লোকসভা নির্বাচনে ভোটের আগের দিন থেকে আসামের বরাক উপত্যকায় ট্রেন বাতিল করা হয়েছে। এতে সেখানকার বিপুলসংখ্যক মুসলমান বাঙালি ভোট দিতে পারেননি। এটা বিজেপির কৌশল বলে অভিযোগ উঠেছে।
লোকসভা নির্বাচনে দ্বিতীয় পর্বের ভোট ছিল গতকাল শুক্রবার (২৬ এপ্রিল)।প্রথম পর্বের ভোটে বিজেপি চাপে রয়েছে। সেই চাপ সামলাতে বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এরই মধ্যে মুসলমানদের আক্রমণ করে বক্তব্য দিয়েছেন, যা নিয়ে সমালোচনা চলছে।
এরপর বরাক উপত্যকায় এমন কাণ্ড। বাংলাভাষী বরাক উপত্যকায় লোকসভার দুটি আসন রয়েছে। শিলচর ও করিমগঞ্জ। এ এলাকার বিপুলসংখ্যক ভোটার অন্য বিভিন্ন এলাকায় কাজ করে বা পড়াশোনা করে। তাদের অনেকে বৃহস্পতিবার বিকালের পর ফিরতে শুরু করে, যাতে শুক্রবার ভোট দিতে পারে।
গুয়াহাটির শিক্ষার্থী সাদিকুল আহমেদ প্রথমবারের মতো ভোট দিতে করিমগঞ্জে যাচ্ছিলেন। কিন্তু তাকে ফিরে আসতে হয়েছে। তিনি বলেন, গুয়াহাটি ও লুমডিং স্টেশনে আমার মতো আরও অনেক লোকজনের ভিড় ছিল। তারা শিলচর ও বদরপুর যাচ্ছিল। কিন্তু ট্রেন বাতিল হয়ে গেছে।অন্য একজন ভোটার আসামের হোজাইয়ের শিক্ষক।
তিনি বলেন, ‘বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় আমার বদরপুরের ট্রেন হোজাই ছেড়ে যাওয়ার কথা ছিল। যখন আমি হোজাই পৌঁছলাম, সেখানে হাজারের বেশি মানুষ ছিল। সেখানে আমি জানতে পারলাম, লুমডিং থেকে বদরপুর পর্যন্ত সব ট্রেন বাতিল করা হয়েছে। এই মানুষদের বেশির ভাগই শ্রমিক।’
এ ঘটনার নিন্দা জানিয়েছে ভারতের বিরোধী দলগলো।
কংগ্রেসের করিমগঞ্জের প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বলেন, তিনি বিষয়টি নির্বাচন কমিশনের কাছে তুলে ধরবেন। তিনি বলেন, ‘নাগাল্যান্ডের ডিমাপুর থেকেও হাজার হাজার মানুষ এসেছে। আমি সন্দেহ করি এর পেছনে কিছু লুকানো আছে।’
বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত অন্তত নয়টি ট্রেন বাতিল করা হয়েছে।কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, করিমগঞ্জের শিলচর ও বদরপুর রুটের ছয়টি ট্রেন বাতিল করা হয়েছে।
কারণ হিসেবে তারা বলেছে, জাটিঙ্গা লামপুর ও নিউ হারংজাও পাহাড়ি এলাকায় একটি পণ্যবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ায় এসব ট্রেন বাতিল করতে হয়েছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের পিআরও সব্যসাচী দে বলেছেন, একদিকে বৃষ্টি আরেকদিকে ভোট--এসব কারণে শ্রমিকের অভাব দেখা দিয়েছে। এজন্য রেললাইন মেরামতে বিলম্বিত হচ্ছে।তাছাড়া আটকে পড়া যাত্রীদের উদ্ধারে বাস পাঠানো হয়েছে বলে তিনি দাবি করেছেন।
