টানা তীব্র দাবদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। ঘরে কিংবা বাইরে সব জায়গায় গরমে মানুষের নাভিশ্বাস উঠেছে। এরমধ্যে আবহাওয়া অধিদপ্তর বলছে, চলতি এপ্রিল মাসে টানা ২৬ দিন তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। এর আগে ১৯৪৮ সালে টানা ২৩ দিন তাপপ্রবাহ অব্যাহত ছিল। সেই হিসেবে টানা তাপপ্রবাহে ভাঙল ৭৬ বছরের রেকর্ড।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, গত বছর টানা ১৬ দিন তাপপ্রবাহ হয়েছিল। তবে এ বছর এপ্রিল মাসে টানা যত দিন তাপপ্রবাহ হয়েছে, তা গত ৭৬ বছরেও হয়নি। এবার তাপপ্রবাহ শুরু হয়েছে ১ এপ্রিল থেকে। এবার টানা যেমন তাপপ্রবাহ হয়েছে, আবার এর বিস্তৃতিও বেশি ছিল। এ বছর দেশের ৭৫ ভাগ এলাকা দিয়ে টানা তাপপ্রবাহ বয়ে গেছে, যা আগে কখনোই ছিল না।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজশাহী বিভাগে গত ১ এপ্রিল থেকে তাপপ্রবাহ শুরু হয়। ১১ এপ্রিল থেকে তাপপ্রবাহ সারাদেশে ছড়িয়ে পড়ে। রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা ও যশোরে তাপপ্রবাহ তুলনামূলক বেশি। চলতি বর্ষাপূর্ব মৌসুমে দেশে এখন পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় আজ শুক্রবার বেলা ৩টায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানায়, আজ ২৬ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত চুয়াডাঙ্গার তাপমাত্রা আরও বৃদ্ধি পাওয়ায় সম্ভাবনা রয়েছে। এ সময় সকলকে সাবধানে থাকার অনুরোধ করা হয়েছে। আজ সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৪ সেলসিয়াস, দুপুর ১২টায় টায় ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস আর বেলা ৩টায় ৪২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১৯৪৮ থেকে তাদের কাছে বিভিন্ন স্টেশনের আবহাওয়ার তথ্য-উপাত্ত আছে। তবে সব বছরে সব স্টেশনের উপাত্ত নেই। উপাত্তগুলো একেবারে সুনির্দিষ্টভাবে আছে ১৯৮১ সাল থেকে। তারপরও আগের স্টেশনগুলো বিশ্লেষণ করে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদেরা বলছেন, ১৯৪৮ থেকে চলতি বছর পর্যন্ত সবচেয়ে বেশি তাপপ্রবাহ হয়েছে এবারের এপ্রিল মাসে। এর আগে ২০১০ সালে রাজশাহীতে সর্বোচ্চ ২০ দিন তাপপ্রবাহ ছিল। তবে তা টানা ছিল না। কিন্তু এবার টানা ২৬ দিন তাপপ্রবাহ হলো।
এদিকে গত বৃহস্পতিবার কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ এক আবহাওয়া পূর্বাভাসে বলেন, আগামী ২৯ এপ্রিল খুলনা ও রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস উঠতে পারে। বৃহস্পতিবার থেকে চলমান তাপপ্রবাহ আগামীকাল শুক্রবার আরও তীব্র হবে। শনিবার আরও তীব্র হবে। এভাবে ২৯ এপ্রিল পর্যন্ত প্রতিদিনই তাপ-প্রবাহের তীব্রতা বাড়তে থাকার প্রবল আশঙ্কা রয়েছে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের জেলাগুলোয়।
