আমেরিকাজুড়ে বিশ্ববিদ্যালগুলোর পর কলেজেও ছড়িয়ে পড়েছে গাজা যুদ্ধের প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ। কোথাও কোথাও বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিক্ষোভ ঠেকাতে আরও কয়েকশ শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে শুধু এমারসন কলেজেই অন্তত ১০৮ জন রয়েছে। বোস্টন পুলিশ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছে।
এর আগে লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় ৯৩ জনকে হেফাজতে নেয় পুলিশ। অস্টিনের ইউনিভার্সিটি অব টেক্সাসে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে। সেখানেও অন্তত ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোয় ক্রমবর্ধমান সংখ্যক শিক্ষার্থী ক্লাস থেকে বেরিয়ে গেছে বা ক্যাম্পাসে ক্যাম্প স্থাপন করেছে।
কলাম্বিয়া, ইয়েল, ব্রাউন ও নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে গ্রেপ্তার করা হয়েছে।
বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ হেলিকপ্টার থেকে সতর্কবার্তা পাঠাচ্ছে। তা যারা উপেক্ষা করে ক্যাম্পাসে থাকার চেষ্টা করছে তাদের গ্রেপ্তার করা হচ্ছে। তবে বিপুলসংখ্যাক শিক্ষার্থীর সামনে পুলিশের সামর্থ্য খুব সামান্য। ফলে বিক্ষোভ ক্রমেই বড় আকার ধারণ করছে।
লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগের অফিসার কেলি মুঞ্জ সাংবাদিকদের বলেছেন, পুলিশ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে তাদের সহযোগিতা করতে এসেছে। অনুমোদন ছাড়া ক্যাম্পাসে অবস্থান অবৈধ। তাই ক্যাম্পাস ত্যাগে অস্বীকার করায় পুলিশ তাদের গ্রেপ্তার করছে।
তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়টি একটি বেসরকারি সম্পত্তি। এখানে এসে বিক্ষোভকারীরা আইন লঙ্ঘন করছিল।’
একটি অনলাইন ভিডিওতে দেখা গেছে, লস অ্যাঞ্জেলেসে পুলিশ এক নারীকে আটকের চেষ্টা করছে। আর বিক্ষোভকারীরা পুলিশের দিকে পানির বোতল নিক্ষেপ করছে এবং বলছে, তাকে ছেড়ে দাও!’ তাছাড়া বিক্ষোভকারীরা পুলিশ অফিসারদের চারপাশে জড়ো হয়ে শ্লোগান দিচ্ছে, ‘মুক্ত ফিলিস্তিন!’ পাশাপাশি কিছু বিক্ষোভকারী ড্রাম বাজাচ্ছে।
এই আন্দোলনে আমেরিকার ইহুদি শিক্ষার্থীদের মধ্যে উৎকণ্ঠা ছড়িয়েছে বলে প্রচার হচ্ছে। এমন পরিস্থিতিতে স্পিকার মাইক জনসন কলাম্বিয়ায় ইহুদি শিক্ষার্থীদের সাথে দেখা করেছেন। তিনি তাদের বলেন, ‘ক্যাম্পাসে ইহুদি শিক্ষার্থীরা একা নয়।’
