সামাজিক নিরাপত্তা কর্মসূচির রাজনৈতিক ব্যবহার না করার পরার্মশ আইএমএফের
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৪, ০১:০৪ এএম
দেশের সামাজিক নিরাপত্তা কর্মসূচির লিকেজগুলো বন্ধ করে তা পরিচালনার ক্ষেত্রে আন্তর্জাতিক সর্বোত্তম চর্চা গ্রহণ করতে বলেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সামাজিক নিরাপত্তা কর্মসূচি রাজনৈতিকভাবে ব্যবহার রোধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযোগ্য ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার সচিবায়লয়ের অর্থ বিভাগের আইএমএফ বর্ধিত ঋণ সহায়তার আওতায় দ্বিতীয় পর্ষবেক্ষণ টিমের সঙ্গে অর্থ বিভাগের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কর্মসূচির সংশ্লিষ্টদের বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়েছে ।
বৈঠক সূত্রে জানা যায়, অভিযোগ আছে জানুয়ারি মাসের একতরফা জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিভিন্ন প্রার্থীরা সামাজিক নিরাপত্তা কর্মসূচি কার্ড বা এনআইডি কার্ড ছিনিয়ে নিয়ে জনগণকে ভোট দিতে বাধ্য করেছিল। এছাড়া গত কয়েক বছর ধরে উপজেলা পর্যায়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে স্বজনপ্রীতির মাধ্যমে সামাজিক নিরাপত্তা কর্মসূচির কার্ডের অপব্যবহারের অভিযোগ উঠছে ।
বৈঠক সূত্রে আরও জানা যায়, আইএমএফ টিমটি এখন দেশের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির অবস্থা কি, আগামী অর্থ বছর সামাজিক নিরাপত্তা বেষ্টনীর অর্থ বরাদ্দ কি বাড়ানো হবে কি না প্রশ্ন রেখে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির লিকেজগুলো দূর করে আন্তর্জাতিক সর্বোত্তম চর্চা গ্রহণ করতে বলেছে।
এছাড়া সরকার এ খাতের বরাদ্দ কেন অতিরঞ্জন করে দেখায়—যেমন পেনশনের টাকা সরকারি কর্মচারীদের অধিকার। আর বেশিরভাগ সঞ্চয়পত্রের গ্রাহক ধনীরা। সরকার হাস্যকরভাবে সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে প্রায় বিশ বছর ধরে এ হিসাব দেখাচ্ছে।
জানা যায়, সনাতনী পদ্বতির পরিবর্তে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করতে বলা হয়েছে। চলতি মাসের শুরুতে দেওয়া পরিপত্রে মন্ত্রণালয় বলেছে, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সব টাকা উপকারভোগীর জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে নিবন্ধিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে দিতে হবে। ২০২৫ সালের ৩০ জুনের মধ্যে তা নিশ্চিত করতে হবে। আইএমএফের টিমটি এমএফএস সার্ভিসের মাধ্যমে এ দেশের সামাজিক নিরাপত্তা কর্মসূচির খুব দ্রুত বাস্তবায়ন করতে তাগিদ দিয়েছে। এ জন্য বিভিন্ন মন্ত্রণালয় এ ক্ষেত্রে যথাযোগ্য ভূমিকা রেখে এমএফএস কার্যক্রমের এই কর্মসূচির আধুনিকায়ন করতে বলেছে।
উল্লেখ্য, বর্তমানে অনেক কর্মসূচির ভাতা এমএফএসের মাধ্যমে দেওয়া হলেও অনেক সময় উপকারভোগীদের জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধন করা হয় না। তাই টাকার অপব্যবহারও হয়। কোনো উপকারভোগীর আঙুলের ছাপ নেওয়া না গেলে বা তার জাতীয় পরিচয়পত্র না থাকলে এ নিয়ম শিথিল করা হতে পারে। এজন্য আইএমএফ সমাজকল্যাণ মন্ত্রণালয়কে শক্তিশালী করতে বলেছে। কর্মসূচি বাস্তবায়নে সরকারকে স্বাধীন একটি দপ্তর গঠনের তাগিদও দেওয়া হয়েছে।
এদিকে ক্রমবর্ধমান মূল্যস্ফীতির চাপে হিমশিম খাওয়া দরিদ্র জনগোষ্ঠীকে সহায়তা দিতে সরকার আগামী ২০২৪-২৫ অর্থ বছরে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় উপকারভোগীর সংখ্যা চার লাখেরও বেশি বাড়াতে যাচ্ছে সরকার ।
সম্প্রতি সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি নিয়ে মন্ত্রিসভা কমিটির বৈঠকে নতুন সুবিধাভোগীদের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বেশিরভাগ প্রকল্পের ভাতার পরিমাণ অপরিবর্তিত থাকছে।
এদিকে অর্থের অপব্যবহার ও দুর্নীতি কমাতে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর সব কার্যক্রমকে নতুন কাঠামোর আওতায় আনতে চলতি মাসের শুরুতে দুটি পরিপত্র জারি করে অর্থ মন্ত্রণালয়। সরকার দুটি বড় প্রকল্পের মাধ্যমে বয়স্ক, বিধবা, পরিত্যক্তা বা দুঃস্থ নারী হিসেবে ভাতা পাওয়া সুবিধাভোগীর সংখ্যা বাড়বে। তহবিল সীমাবদ্ধতার কারণে ভাতার পরিমাণ বাড়ানো যায়নি। চলতি অর্থবছরে ৫৮ লাখ এক হাজার প্রবীণ প্রতি মাসে ৬০০ টাকা করে পাচ্ছেন। ২০২৪-২৫ সালে তাদের সংখ্যা দুই লাখ বাড়বে।
সরকার চলতি অর্থবছরে ‘বয়স্ক ভাতা’ কর্মসূচিতে চার হাজার ২০৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। বার্ষিক গড় আয় ১০ হাজার টাকার কম এমন ৬৫ বছরের বেশি বয়সী পুরুষ ও ৬২ বছরের বেশি বয়সী নারীকে বয়স্ক ভাতা দেওয়া হচ্ছে।
দেশের ২৬২ উপজেলায় সব যোগ্য প্রবীণ নাগরিক এ সুবিধা পাচ্ছেন। উপকারভোগীর সংখ্যা আট লাখ বাড়ানো হলে বাকি ২৩৩ উপজেলায় সব যোগ্য ব্যক্তিকে এ প্রকল্পের আওতায় আনা সম্ভব হবে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।
চলতি অর্থবছরে বিধবা, পরিত্যক্ত বা দুস্থ নারীদের জন্য এক হাজার ৭১১ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রায় ২৫ লাখ ৭৫ হাজার নারী এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। এই সুবিধা আরও দুই লাখ মানুষ পাবেন। এ কর্মসূচির আওতায় ১৮ বছর ও এর বেশি বয়সী নারী যাদের বার্ষিক গড় আয় ১২ হাজার টাকার নিচে তারা প্রতি মাসে ৫৫০ টাকা হারে ভাতা পাচ্ছেন। তবে আরও কিছু প্রকল্পে ভাতা বাড়ানো হয়েছে। মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় ভাতা ৮০০ টাকা থেকে বাড়িয়েছে এক হাজার টাকা করা হচ্ছে। এ ছাড়াও, ৮০ বছর বা এর বেশি বয়সী প্রবীণ নাগরিকরা আগামী ২০২৪-২৫ অর্থবছর থেকে প্রতি মাসে ৯০০ টাকা হারে ভাতা পাবেন। এটি বর্তমানে ৬০০ টাকা।
ক্যানসার, কিডনি ও লিভার সিরোসিস রোগীদের জন্য আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় চলতি অর্থবছরে ৩০ হাজার উপকারভোগীকে এককালীন ৫০ হাজার টাকা দেওয়া হচ্ছে। আগামী অর্থবছরে উপকারভোগীর সংখ্যা ৫০ হাজার করা হবে। মুক্তিযোদ্ধাদের ভাতা ৩০ হাজার টাকা করার সুপারিশ করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।
