আগামী ২৯ এপ্রিল খুলনা ও রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস উঠতে পারে। এমন পূর্বাভাস দিয়েছেন কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ।
তাঁর আবহাওয়া ডটকম ওয়েবসাইটে প্রকাশিত আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, আজ বৃহস্পতিবার থেকে চলমান তাপপ্রবাহ আগামীকাল শুক্রবার আরও তীব্র হবে। শনিবার আরও তীব্র হবে। এভাবে ২৯ এপ্রিল পর্যন্ত প্রতিদিনই তাপ-প্রবাহের তীব্রতা বাড়তে থাকার প্রবল আশঙ্কা রয়েছে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের জেলাগুলোয়।
পূর্বাভাসে বলা হয়, আজ বৃহস্পতিবার থেকে শুরু করে আগামী মঙ্গলবার পর্যন্ত প্রতিদিনই চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, পাবনা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ জেলার উপরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসের বেশি উঠার প্রবল আশঙ্কা করা যাচ্ছে। আর খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের বেশির ভাগ জেলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভবনা রয়েছে। আর এ তিন দিন ঢাকা শহরে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি হতে পারে।
পূর্বাভাসে বলা হয়, ৩০ এপ্রিল খুবই তীব্র তাপ প্রবাহ, ১ মে তীব্র তাপ প্রবাহ, ২ মে মধ্যম তাপ প্রবাহ ও ৩ রা মে মৃদু তাপ প্রবাহ অবস্থা বিরাজ করার আশঙ্কা করা যাচ্ছে। ২ ও ৩ তারিখে তাপপ্রবাহ অবস্থা বিরাজ করার সম্ভাবনা রয়েছে শুধুমাত্র রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের জেলাগুলোয়।
এদিক ৩ মে সন্ধ্যার পর থেকে সিলেট বিভাগে, ৪ মে সিলেট, ময়মনসিংহ, রংপুর, ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ও ৫ মে সিলেট, ময়মনসিংহ, রংপুর, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা বিভাগে আর ৬ থেকে ৮ মে দেশের সকল বিভাগের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
