বাকিতে তেল বিক্রিতে সাড়া নেই সৌদি-কাতারের
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৪, ১২:১৪ এএম
অর্থনৈতিক টানাপড়েনের কারণে সৌদি আরব ও কাতারের কাছ থেকে বাকিতে তেল কিনতে চাইছে সরকার। এর মধ্যে গত বছরের ফেব্রুয়ারিতে সৌদি আরবের কাছে বাকির প্রস্তাব দেওয়া হয়। সে সময়ের পররাষ্ট্র মন্ত্রী ড. একে আব্দুল মোমেন ঢাকাস্থ সৌদি রাষ্ট্রদূত মারফত এ প্রস্তাব দেন। আর সম্প্রতি কাতারের আমীর শেখ তামিম বিন হামাদ আল থানির ঢাকা সফরের সময় একই প্রস্তাব দেওয়া হয়। তবে কোনো দেশ থেকেই বাকিতে জ্বালানি তেল বিক্রির বিষয়ে সাড়া পাওয়া যায়নি। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে গত ২২ ও ২৩ এপ্রিল মিলিয়ে ২৪ ঘণ্টার সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে আসেন মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ কাতারের আমীর। তার আগমনের আগেই পররাষ্ট্র মন্ত্রী ড. হাছান মাহমুদ কাতারের কাছ থেকে বাকিতে তেল কেনার প্রচেষ্টা করা হবে বলে সংবাদ সম্মেলনে জানান। সংবাদ সম্মেলনে তিনি বলেন, সৌদি আরবের কাছ থেকেও এক বছরের বাকিতে তেল কেনার প্রস্তাব দেওয়া হয়েছে। একই প্রস্তাব আমরা কাতারের কাছেও রাখবো।
তবে মন্ত্রণালয় সূত্র বলছে, বাকিতে তেল কেনার বিষয়টি কোনো নথিপত্রে নয় বরং মৌখিকভাবে আলোচনার টেবিলে উঠেছে। সরকার তার আগ্রহের বিষয়টি তাদের জানিয়েছে। কিন্তু কাতারের পক্ষ থেকে কোনো প্রকার সাড়া পাওয়া যায়নি।
একটি সূত্র বলছে, দেশের জ্বালানি নিরাপত্তার বিষয়টি নিয়ে সরকার চিন্তিত। এই অবস্থায় আমদানি জরুরি হয়ে পড়েছে। তবে পর্যাপ্ত নগদ অর্থ না থাকায় বিকল্প হিসেবে সৌদি আরব ও কাতারের কাছে এক বছরের জন্য বাকিতে কেনার প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু দেশ দুটির কাছ থেকে কাঙ্ক্ষিত সাড়া না পাওয়ায় এ নিয়ে সরকারের মধ্যে ক্রমেই দুশ্চিন্তা বাড়ছে।
এদিকে কাতারের সঙ্গে প্রথমে মোট ১১টি চুক্তি ও সমঝোতা সই হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত সেখান থেকে একটি বাদ গিয়েছে। ঢাকা-দোহার মধ্যে সম্পাদিত ৫ চুক্তি ও ৫ সমঝোতার মধ্যে রয়েছে -বাংলাদেশ ও কাতারের মধ্যে আয়ের ক্ষেত্রে দ্বৈত কর পরিহার ও রাজস্ব ফাঁকি প্রতিরোধ, আইনি ক্ষেত্রে সহযোগিতা, সমুদ্র পথে পরিবহন, পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা এবং যৌথ ব্যবসায়িক পরিষদ প্রতিষ্ঠা।
চুক্তিগুলোর মধ্যে দুটি মেরিটাইম ও বন্দর খাত সংশ্লিষ্ট। চুক্তি দুটিতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এছাড়া পাঁচটি সমঝোতা স্মারকের মধ্যে রয়েছে জনশক্তি কর্মসংস্থান (শ্রম), বন্দর (এমডব্লিউএএনআই কাতার এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ), বাংলাদেশ ও কাতারের মধ্যে শিক্ষা, উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা, যুব ও ক্রীড়া এবং বাংলাদেশ ও কাতারের মধ্যে কূটনৈতিক প্রশিক্ষণে সহযোগিতা।
