কৃষিতে অতিরিক্ত ভূ-গর্ভস্থ পানির ব্যবহার বেড়েছে। সঙ্গে যৌথ নদীগুলো থেকে ভারতের পানি প্রত্যাহারের কারণে দ্রুতই মরুময়তার দিকে এগিয়ে চলেছে দেশের বিস্তীর্ণ উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চল। বিশেষজ্ঞরা বলছেন, ফারাক্কা ও তিস্তা বাঁধের কারণে এ অঞ্চলের নদীগুলোর অস্তিত্ব বিলীন হচ্ছে। তার সঙ্গে কমছে বৃষ্টিপাত। বাড়ছে উষ্ণায়ন। এ অবস্থা অব্যাহত থাকলে অচিরেই দেশে খাদ্য সংকট দেখা দেবে। জনজীবনে অসহনীয় দুর্দিন নেমে আসবে।
এদিকে দেশের মধ্যে ঠাকুরগাঁও, দিনাজপুর, নওগাঁ, নাটোর ও পাবনায় সবচেয়ে বেশি ধান উৎপন্ন হয়। সেখানে বোরো মৌসুমের পুরোটাই সেচের পানির ওপর নির্ভরশীল। আর সাম্প্রতিক বছরগুলোতে বৃষ্টিপাত কমে যাওয়ায় আমন মৌসুমেও সেচের পানির প্রয়োজন হচ্ছে। এতে করে ভূ-গর্ভস্থ পানির চাহিদাও বেড়েছে।
ঠাকুরগাঁওয়ের স্থানীয় কৃষকেরা বলছেন, প্রতি বছরই নিচে নামছে ভূ-গর্ভস্থ পানির স্তর। এখন ৫০ ফুটেও পানি মিলছে না। আগে ২৫ থেকে ৩০ ফুটেও পাওয়া যেতো পানি। এতে সেচে সংকট তৈরি হচ্ছে। একই অবস্থা উত্তরাঞ্চলের অন্যান্য জেলাগুলোতেও। এতে করে আবহাওয়া পরিবর্তনের পাশাপাশি পরিবর্তন এসেছে ঋতুচক্রেও। শীত-গ্রীষ্মের ধারাবাহিকতায়ও এসেছে অস্বাভাবিক পরিবর্তন।
গবেষকদের দেওয়া তথ্য মতে, দেশের উত্তরাঞ্চলের মধ্যে পানি সংকট বেশি সবচেয়ে রাজশাহীর তানোর উপজেলায়। এই উপজেলা বরেন্দ্র অঞ্চলের মধ্যে। কিন্তু গত কয়েক বছর ধরেই রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও নাটোরের প্রায় সব উপজেলাতে এই খরা মৌসুমে ভূগর্ভস্থ পানি নিয়ে সংকট দেখা দিতে শুরু করেছে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে, দুই-তিন দশক আগেও বরেন্দ্রভূমিতে ভূগর্ভের ৬০-৭০ ফুট নিচে পানির স্তর পাওয়া যেতো। তবে এখন তা পাওয়া যাচ্ছে না। নদ-নদীগুলোতে পানি নেই ফলে কৃষিতে অতিরিক্ত সেচের পানির ব্যবহার হচ্ছে। এতে করে দিনকে দিন নিচে নামছে ভূ-গর্ভস্থ পানির স্তর।
ওয়াটার রিসোর্স প্ল্যানিং অর্গানাইজেশনের (ওয়ারপো) পক্ষ থেকে ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং (আইডব্লিউএম) পরিচালিত সাম্প্রতিক এক গবেষণা বলছে, জলবায়ু পরিবর্তনের ফলে পরিস্থিতি ক্রমশ অবনতি হচ্ছে। এতে করে নতুন নতুন এলাকায় পানি সংকট দেখা দিচ্ছে।
রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলাজুড়ে ‘উঁচু বরেন্দ্র অঞ্চলে ভূপৃষ্ঠ ও ভূগর্ভস্থ পানি পরিস্থিতির হাইড্রোলজিক্যাল অনুসন্ধান ও মডেলিং’ শীর্ষক একটি গবেষণা চালানো হয় ২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে। গবেষণার অধীনে তিন জেলার ২৫টি উপজেলায় সমীক্ষা চালানো হয়। তাতে দেখা যায়, জলবায়ু পরিবর্তনের কারণে বরেন্দ্র অঞ্চলে পরিস্থিতি আগের চেয়ে দিনকে দিন খারাপ হচ্ছে। ১৯৮৫ থেকে ১৯৯০ সালে বরেন্দ্র অঞ্চলে গড় ভূগর্ভস্থ পানির স্তর ছিল ২৬ ফুট নিচে। সে সময় সর্বোচ্চ তানোরে পানির স্তর নেমেছিল ৬৮ ফুট গভীরে। খাবার পানি, সেচ, মাছ চাষের মতো বিভিন্ন কাজে অতিরিক্ত ভূগর্ভস্থ পানি তোলায় ২০১০ সালে পানির ভূগর্ভস্থ পানির জন্য গড়ে ৫০ ফুট গভীরে নলকূপ বসাতে হতো।
এ বিষয়ে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নির্বাহী পরিচালক প্রকৌশলী আবদুর রশীদ বলেন, বরেন্দ্র এলাকায় ভূগর্ভস্থ পানি দিয়ে কৃষি কাজ হয়। এটি যেমন প্রয়োজন তেমনি সাম্প্রতিক বছরগুলোয় আতঙ্কেরও বিষয়। অনেকে নিয়মকানুন উপেক্ষা করে ডিপ ও সেমি-ডিপ টিউবওয়েলের মাধ্যমে পানি তুলছে। এতে পানির স্তর রীতিমতো সংকটাপন্ন অবস্থায় পৌঁছে গেছে। এ অবস্থা বন্ধ হওয়া উচিত।
এদিকে ভূগর্ভস্থ পানির ব্যবহার বেড়ে যাওয়ার কারণ হিসেবে বিশ্লেষকরা বলছেন, উত্তরের তিস্তা নদী ও উত্তর-পশ্চিমের পদ্মার উজানে বাঁধ দিয়ে ভারত সুদীর্ঘকাল ধরে পানি প্রত্যাহার করে নেওয়ায় দেশের একটি বড় অংশের নদ-নদীগুলো শুকিয়ে গেছে। সেই সঙ্গে উত্তরের বড় বড় দিঘিগুলো ভরাট করা হয়েছে। এতে করে এ অঞ্চলের বৃষ্টিপাত কমে যাচ্ছে। এছাড়া উত্তরের জেলাগুলোয় একই জমিতে ধান-গম-ভুট্টার আবাদ হওয়ায় বেশি পানির প্রয়োজন হচ্ছে। যার প্রায় পুরোটাই মেটানো হচ্ছে মাটির নিচের পানি দিয়ে।
এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. চৌধুরী সারওয়ার জাহান সজল বলেন, ‘ প্রতি বছরই এ অঞ্চলে বৃষ্টিপাত কমছে। ফলে ভূগর্ভস্থ পানির স্তর বাড়ছে না বরং দ্বিগুণ হারে তা নিচে নামছে। মরুভূমির দেশগুলোতে বৃষ্টিপাত ও বন্যা হলেও দেশের অতি বৃষ্টিপ্রবণ এলাকাগুলোতে বৃষ্টির দেখা নেই। এ বছর ভূগর্ভস্থ পানির স্তর আরও চার ফুট পর্যন্ত নেমে গেছে। এভাবে চলতে থাকলে আগামী ২৫ থেকে ৪০ বছরের মধ্যে এই অঞ্চলে মাটির নিচে পানি থাকবে না।’
তার মতে, বৃষ্টিপাত না বাড়লে এবং বৃষ্টির পানি ধরে রাখার মতো সঠিক ব্যবস্থাপনার উদ্যোগ না নেওয়া হলে এই পরিস্থিতি থেকে উত্তোরণের কোনো পথ নেই। এ জন্য নদী-নালা ও জলাশয়ের সঠিক পরিচর্যার উপর জোর দেন তিনি।
