তৈরি হয়েছিল লাখো মানুষের কর্মসংস্থানের জন্য, এখন ভূতুড়ে শহর
ফয়সাল মাহমুদ ও জুহা সিদ্দিকী
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৪, ০৭:৩৬ পিএম
বঙ্গবন্ধু হাই-টেক সিটি। রাজধানীর উপকণ্ঠে ৩৫৫ একর জায়গাজুড়ে গড়ে উঠেছে এই আধুনিক শিল্পশহর। একে বাংলাদেশের সাইবার রাজধানী হিসাবে চিহ্নিত করা হয়েছিল, যেখানে ২০২৫ সালের মধ্যে এক লাখ লোকের কর্মসংস্থান হবে বলে অভিলাষ ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের।
কম্পিউটার ব্যবসায়ী ও প্রকৌশলীরা এই রাজধানীর প্রতি প্রলোভিত হবেন এটাই স্বাভাবিক। ডাটা সফট নামে একটি প্রতিষ্ঠান সেই ২০১৫ সালে এখানে অফিস খোলে। একেবারের প্রথম কয়েকটির মধ্যে একটি এই ডাটা সফট। তারা এখানে সহজলভ্য ল্যাপটপ উৎপাদনের জন্য কারখানা গড়ে তোলে। কিন্তু ঢাকার হেড অফিস থেকে কেউ এই হাই-টেক পার্কে যেতে চায়নি। অবশেষে ২০১৭ সেখানে ১০ জনের একটি দল গিয়ে কাজ শুরু করে। কিন্তু কয়েক দিন পরেই তারা ঢাকা অফিসে ফেরার পাঁয়তারা শুরু করেন। তাদের একজন সফটওয়ার প্রকৌশলী গোলাব কিবরিয়া পাপেল। তিনি বলেন, ‘আমার সহকর্মীরা বলে, এই শহরকে ভূতে ধরেছে।’
প্রায় এক দশক পেরিয়ে তারা সেখানে মাত্র তিনজন ফুল টাইম লোক নিয়োগ দিয়েছেন। ব্যবসা শুরুর পর তারা ভেবেছিলেন, সত্যিই এখানে চমৎকার কিছু গড়ে উঠবে। সেই আশায় প্রায় এক দশক চলে গেল। এখনও গড়ে ওঠেনি ন্যূনতম অবকাঠামো। ডাটা সফট এবং তাদের মতো আরও অনেকে এখন এখান থেকে ব্যবসা গুটিয়ে নেওয়ার পরিকল্পনা করছে।
২০২৫ সাল নাগাদ সরকার এখানে এক লাখ লোকের কর্মসংস্থান করবে জানালেও বর্তমানে আছে সাকল্যে হাজার পাঁচেক। তারা যন্ত্রাংশ সংযোজন বা ডাটা এনট্রির মতো কাজ করেন। সফটওয়ার তৈরি বা গবেষণার মতো কিছু এখনও শুরু হয়নি।
এই পার্কে একসময় কাজ করেছেন এমন কয়েকজন প্রকৌশলী মনে করছেন, প্রকল্পটি প্রায় ব্যর্থ হয়েছে। কারণ সরকার অনেক প্রতিশ্রুতি পূরণ করেনি। কালিয়াকৈর ও ঢাকার মধ্যে উচ্চগতির ট্রেন পরিষেবা ছিল সরকারের একটি অন্যতম প্রতিশ্রুতি। তা এখনও স্বপ্নই হয়ে আছে।
বিশ্বব্যাংক থেকে ২০১১ সালে এই প্রকল্পের জন্য ১২ কোটি ডলার ঋণ নেয় সরকার। সামিট গ্রুপের সামিট টেকনোপলিস এই প্রকল্পে আরও ২০ কোটি ডলার বিনিয়োগ করেছে। ২০১৯ সালে সরকার এই পার্ক সম্প্রসারণ স্থাপনের জন্য আরও তিন কোটি দশ লাখ ডলার বরাদ্দ করেছে।
সামিটের ওয়েবসাইটে ২০১৬ সালে বলা হয়েছিল, ৯১ একর জায়গাজুড়ে তারা এখানে কারখানা করবে। সেখানে ৭০ হাজার লোকের কর্মসংস্থান হবে। সেসব এখনও দৃশ্যমান না। পার্কে সামিটর একটি অফিস আছে। কিন্তু এ বিষয়ে তারা কেউ কথা বলতে চায়নি।
থ্রিএস গ্রুপ এখানে একটি টেক-ডিভাইস উৎপাদন ও সংযোজন কারখানা স্থাপনের জন্য এক কোটি ২০ লাখ ডলার বিনিয়োগ করতে চেয়েছিল। গ্রুপের মহাব্যবস্থাপক মিজানুর রহমান বলেন, ‘ডলার সংকটের কারণে প্রকল্পটি এখনও বাস্তবায়ন করা যায়নি।’
হাই-টেক সিটি ঘুরে দেখা গেছে, বড় বড় স্থাপনা ফাঁকা পড়ে আছে। কাচ ও কংক্রিটে নির্মিত দৃষ্টিনন্দন সব ভবন নির্মাণ করা হয়েছে পরিবেশসম্মতভাবে। কিন্তু ধুলোর পুরু স্তরে ঢাকা পড়েছে। যে উদ্দেশ্যে করা হয়েছে তাতে অগ্রগতি নেই।
মেট্রোনেট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আলমাস কবির বলেন, ২০১৩ সালে তিনি সরকার-আয়োজিত একটি রোডশোতে যোগ দিয়েছিলেন। সেখানে উৎসাহিত হয়ে তিনি তার ঢাকার অফিস বঙ্গবন্ধু হাই-টেক পার্কে স্থানান্তরিত করার কথা বিবেচনা করেন। তখন ঢাকায় ইন্টারনেটের গতি খুব কম ছিল। একমাত্র কালিয়াকৈরে উচ্চগতির ইন্টারনেট পাওয়ার সম্ভাবনা ছিল।
আলমাস বলেন, ‘তবে আমি খুব খুশি যে আমি সেখানে যাইনি। যারা সেখানে গেছে বা বিনিয়োগ করেছে তারা এতে মোটেও খুশি নয়। তারা তাদের এই সিদ্ধান্তের জন্য এখন দুঃখিত।’
মূলত, বড় বিনিয়োগ না হওয়ায় এবং আবাসিক এলাকার সঙ্গে যোগাযোগের সুবব্যবস্থা না থাকায় এই পার্কে ছোট বিনিয়োগকারী যারা প্রথমেই এখানে অফিস খুলেছিলেন তারা দক্ষ লোকবল সংগ্রহ করতে পারেননি।
তবে সরকার এই প্রকল্পকে ব্যর্থ মনে করছে না। বাংলাদেশ হাই-টেক পার্ক অথরিটির ব্যবস্থাপনা পরিচালক জিএসএম জাফরুল্লাহ বলেন, ‘মনে রাখতে হবে, হাই-টেক পার্ক বাংলাদেশে এখনও একটি নতুন ধারণা। তাই সময় লাগবে। তবু বলা যায় বঙ্গবন্ধু হাই-টেক পার্ক বেশ ভালোভাবে চলছে। এখানে ৮৭টি দেশি-বিদেশি কোম্পানি মোবাইল ফোন, এটিএম কার্ড, আইটি ডিভাইস তৈরি ও সংযোজন করছে।’
[ইংরেজিতে restofworld.org-এ প্রকাশিত। বাংলা আউটলুকের পাঠকদের জন্য ভাষান্তরকৃত]
