সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন তিন বিচারপতির শপথ গ্রহণ করেছেন। আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ১০টা ৩০ মিনিটে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান তাদের শপথ পাঠ করান। সুপ্রীম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। শপথ নেওয়া ৩ জন বিচারপতি হলেন- বিচারপতি মুহাম্মদ আব্দুল হাফিজ, বিচারপতি শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন।
শপথ অনুষ্টানে বাংলাদেশ সুপ্রীম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, শপথ পাঠকারী ৩ বিচারপতির পরিবারের সদস্য, অ্যাটর্নি জেনারেল এবং সুপ্রীম কোর্টের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে গতকাল বুধবার রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫(১)-এ প্রদত্ত ক্ষমতাবলে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের তিন বিচারক ১) বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ২) বিচারপতি মো. শাহিনুর ইসলাম ৩) বিচারপতি কাশেফা হোসেনকে আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ দেন।
হাই কোর্টের জ্যেষ্ঠতার ক্রমে দ্বিতীয় অবস্থানে ছিলেন বিচারপতি মুহাম্মদ আব্দুল হাফিজ। তার চাকরির মেয়াদ আছে আগামী ১ জুন পর্যন্ত। তিনি ১৯৫৭ সালের ১ জুন জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি অনার্স ও এলএলএম ডিগ্রি নেওয়ার পর ১৯৮২ সালে ঢাকা জজ কোর্টে এবং ১৯৮৫ সালের সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন আব্দুল হাফিজ। ২০০৩ সালের ২৭ এপ্রিল তিনি অতিরিক্ত বিচারক হিসেবে হাই কোর্টে নিয়োগ পান। হাই কোর্টে তার নিয়োগ স্থায়ী হয় ২০০৫ সালের ২৭ এপ্রিল।
বিচারপতি শাহীনুর ইসলাম ১৯৮৩ সালের ২০ এপ্রিল মুন্সেফ হিসেবে বিচারিক কর্মজীবন শুরু করেন। তার জন্ম ১৯৫৮ সালের ৭ এপ্রিল। তিনি আইন পড়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। ২০০১ সালের ১৩ জানুয়ারি তিনি জেলা জজ পদে উন্নীত হন এবং জেলা ও দায়রা জজ হিসেবে নড়াইল ও হবিগঞ্জ জেলায় দায়িত্ব পালন করেন। একই পদমর্যাদায় ঢাকায় প্রশাসনিক ট্রাইব্যুনালের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
২০১০ সাল থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রেজিস্ট্রারের দায়িত্ব পালন শেষে ২০১২ সালের ২২ মার্চ তিনি দ্বিতীয় ট্রাইব্যুনালের বিচারক হন। ২০১৩ সালের ৫ অগাস্ট তিনি হাই কোর্ট বিভাগের অতিরিক্ত বিচারকের পদে উন্নীত হন। পরে আবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ বিচারক হিসেবে পাঠানো হয় তাকে। সাত বছর ট্রাইব্যুনালের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে বিচারপতি মো. শাহিনুর ইসলামকে গত ফেব্রুয়ারিতে হাই কোর্ট বিভাগে ফিরিয়ে নেওয়া হয়।
বিচারপতি কাশেফা হোসেন ১৯৫৮ সালের ১ জুলাই জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে স্নাতক (সম্মান) ও স্নতকোত্তর করার পর তিনি এলএলবি নেন। পরে ইউনিভার্সিটি অব লন্ডন থেকে এলএলএম করেন।
তিনি জজ আদালতে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন ১৯৯৫ সালের ১২ অক্টোবর; পরে ২০০৩ সালের ২৭ এপ্রিল হাই কোর্টে তালিকাভুক্ত হন। ২০১৩ সালে অতিরিক্ত বিচারক হিসেবে হাই কোর্টে নিয়োগ পান কাশেফা হোসেন। দুই বছর পর তাকে ওই পদে স্থায়ী করে নেওয়া হয়।
