প্রায় ৪০ ডিগ্রি তাপমাত্রায় রাজধানীবাসী নাজেহাল। সড়কে যান চলাচল কমার পাশাপাশি শহরে মানুষের চলাফেরাও কমেছে উল্লেখযোগ্যভাবে। বিশেষ করে দুপুরের দিকে রাজধানীর ব্যস্ত পয়েন্টগুলোও অনেকটা সিগনালহীন হয়ে থাকে। এ অবস্থায় বেশকিছুদিন ধরেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পথচারীদের সুপেও পানি, শরবতের ব্যবস্থা চোখে পড়ছে। ঢাকা ওয়াসা, কিশোরকণ্ঠ পাঠক ফোরামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছ্বাসেবী সংগঠনের পক্ষ থেকে জনস্বার্থে এসব উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে এবার চোখে পড়লো আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য আফম বাহাউদ্দিন নাসিমের পোস্টারও। বুধবার দুপুর দেড়টায় খিলগাঁও আমতলা মসজিদ সংলগ্ন ফ্লাইওভারের নিচে চেয়ার পেতে গোল হয়ে বসেছিলেন বেশ কয়েকজন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী। পাশে নাসিমের ছবি সম্বলিত বিশাল ব্যানার। তার পাশেই ইউনিফর্ম পরা একদল স্কুল ছাত্রী। আর সেখানে একটি ভ্যানে কয়েকটি পানির জার। জনগণকে বিনামূল্যে পানি পান করাতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে সংসদ সদস্যের পক্ষ থেকে। তবে সে সময় সেখানে কোনো সাধারণ মানুষকে দেখা যায়নি।
ফকিরাপুল মোড়ে প্রচন্ড রোদের মধ্যেই দেখা গেলো নাসিমের এই মহতী উদ্যোগের দৃশ্য। ভ্যানের ওপর মোট তিনটি পানির জার। ফিল্টারের ওপরের জারটি কিছুটা খালি বলেই মনে হলো। তার একটি দূরে বিদ্যুতের খুটির পাশে কিছুটা ছায়ায় ঢাকা ওয়াসার বিশাল পানির ট্যাংকি রাখা রয়েছে।
ফকিরাপুল কালভার্ট রোডের মুখেও এমন একটি ভ্যান চোখে পড়লো। কিন্তু রোদের কারনে সেখানে কোনো পথচাারীকে দাঁড়াতে দেখা গেল না। ছবি তোলার সময় একজন পথচারী এসে বললেন, এই পানিতো আগুন হইয়া গ্যাছে। মানুষ খাইলে তো গলা পুইড়া যাইবো।
তিনি বললেন, রাস্তাঘাটে তেমন মানুষ দাঁড়ায় না। যে যার কাজে ছুটছে। এইখানে খাড়াইয়া এমপি সাবের চেহারা দেহনের টাইম মাইনষের নাই।
এদিকে এমপি বাহাউদ্দিন নাসিমের এমন উদ্যোগকে পথচারীদের কেউ কেউ বলছেন, ‘লোকদেখানো’। কেউ কেউ বলছেন, উদ্যোগের চেয়ে নিজের প্রচারণাতেই বেশি ফোকাস করেছেন তিনি। এছাড়াও বুধবার তাকে অপর একটি অনুষ্ঠানে গাছের চারাও লাগাতে দেখা গেছে।
