কাঁদলেন শ্রমিকরা, চাইলেন ক্ষতিপূরণ আর ন্যায়বিচার
আউটলুক ডেস্ক
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৪, ০২:২৬ এএম
দেশে তৈরি পোশাক শিল্পের সবচেয়ে ভয়াবহ ট্র্যাজেডি রানা প্লাজা ধসের ১১তম বার্ষিকী আজ। ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে ৫টি পোশাক কারখানা সম্বলিত অবৈধভাবে নির্মিত ভবন রানা প্লাজা ধসে ১ হাজার ১৩৮ জন নিহত হন। আর ২ হাজারের বেশি মানুষ আহত হন। পরে, সোহেল রানাকে অভিযুক্ত করে পুলিশ হত্যা মামলা দায়ের করে। গ্রেপ্তারের পর থেকেই তিনি জেলে আছেন।
আজ ভয়াবহ ওই দুর্ঘটনায় স্মৃতি স্মরণ করে কাঁদলেন সাভারের রানা প্লাজার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা।
তপ্ত রোদে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে রাস্তায় দাঁড়িয়ে যখন রানা প্লাজা ধসের স্মৃতি আর স্বজন হারানোর কথা বলছিলেন, চোখের জল ধরে রাখতে পারেননি কেউ। মর্মান্তিক সেই দুর্ঘটনায় যারা প্রিয়জন হারিয়েছেন, পঙ্গুত্ব বরণ করে চিকিৎসার ব্যয়ে যারা সর্বস্বান্ত, সেই পোশাক শ্রমিকরা বুধবার প্রেস ক্লাবপ্রাঙ্গণে দাঁড়িয়েছিলেন মানববন্ধনে।
এদিকে মানববন্ধন থেকে কয়েকটি দফা দাবি তুলে ধরেন গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের নেতারা।
দাবিগুলো হল- রানা প্লাজার মালিক সোহেল রানাসহ সকল আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রদান; আহত শ্রমিকদের সুচিকিৎসা কর্মসংস্থান ও পুর্নবাসন; নিহত-আহত শ্রমিকদের সন্তানদের লেখাপড়ার সু-ব্যবস্থা করা; সকল ক্রেতা ও ব্র্যান্ডকে একর্ড চুক্তি স্বাক্ষর করা; ইপিজেডসহ সকল কারখানায় অবাধ ট্রেড ইউনিয়ন ও যৌথ দরকষাকষির স্বাধীনতা; শ্রমিকদের সামাজিক সুরক্ষা ও তাদের পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা।
এছাড়া শ্রমিকদের কর্মক্ষেত্রে দুর্ঘটনাজনিত কারণে বীমার আওতায় আনা; মাতৃকালীন ছুটি ছয় মাস নির্ধারণ; কর্মক্ষেত্রে নারীদের প্রতি সকল প্রকার সহিংসতা ও যৌন হয়রানি প্রতিরোধে আইন প্রণয়ন ও আইএলও’র সনদ ১৯০ অনুস্বাক্ষর করা এবং কর্পোরেট সাসটেইনেবিলিটি ডিউ ডিলিজেন্স ডাইরেকটিভে ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টের সকল সদস্যদের ভোট দেওয়ার আহ্বান।
রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলার সাক্ষীদের জবানবন্দি নেওয়ার মধ্যে দিয়ে ২০২২ সালের ৩১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে বিচার প্রক্রিয়া শুরু হয়। ২০১৬ সালের ১৮ জুলাই ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম কুদ্দুস জামান অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।
কিন্তু আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে অধিকাংশ অভিযুক্ত উচ্চ আদালতে আপিল করায় তা আটকে যায়। ২০২২ সালের ৩১ জানুয়ারি আপিল নিষ্পত্তি শেষে জেলা ও দায়রা আদালতের বিচারক এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়া মামলার বাদী সাভার থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) ওয়ালী আশরাফের জবানবন্দি রেকর্ড করেন।
মর্মান্তিক এ ঘটনায় সাভার থানার তৎকালীন এসআই ওয়ালী আশরাফ বাদী হয়ে মালিকসহ অন্যদের বিরুদ্ধে ভবন নির্মাণে অবহেলার অভিযোগ এনে একটি হত্যা মামলা দায়ের করেন। ২০১৫ সালের ১ জুন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার বিজয়কৃষ্ণ কর ভবন মালিক সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এ মামলায় মোট ৫৯৪ জনকে সাক্ষী করা হয়।
