Logo
Logo
×

সংবাদ

দেড় মাসেও ইন্টারনেট সেবা স্বাভাবিকের সম্ভবনা নেই  

Icon

ঢাকা অফিস

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৪, ০১:২৯ এএম

দেড় মাসেও ইন্টারনেট সেবা স্বাভাবিকের সম্ভবনা নেই  

সাবমেরিন কেবল (সিমি-৫) কাঁটা পড়েছে। এতে বাংলাদেশজুড়ে ইন্টারনেটের গতি বেশ কম। মোবাইল ও ব্রডব্যান্ডের ইন্টারনেট সেবা বিঘ্নিত হচ্ছে। গত শুক্রবার রাত ১২টার পর থেকে ইন্টারনেট ব্যবহারকারীরা বিড়ম্বনায় ভুগছেন। আগামী দেড় মাসে এই পরিস্থিতির কোনো উন্নতির সম্ভবনা দেখছেন না ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো। 

খোঁজ নিয়ে জানা গেছে, বাংলাদেশে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবার জন্য ব্যান্ডউইথ প্রয়োজন ৫ হাজার ২০০ জিবিপিএস। এর মধ্যে ১ হাজার ৭০০ জিবিপিএস পাওয়া যাচ্ছে না। মালাক্কা থেকে সিঙ্গাপুর পর্যন্ত সিমি-৫ লাইনটি কাঁটা পড়ায় ইন্টারনেট সেবা বিঘ্নিত হচ্ছে। 

বাংলাদেশ সিমি-৪ এবং সিমি-৫ দুটি লাইন থেকে ইন্টারনেট সেবা নিয়ে থাকে। বর্তমানে শুধু সিমি-৪ এর ৮০০ জিবিপিএস সরবরাহ অব্যাহত আছে। এর বাইরে বেনাপোল স্থল বন্দর দিয়ে ৫টি আইটিসি থেকে আমদানি করা হচ্ছে ২ হাজার ৭০০ জিবিপিএস। মোট ৩ হাজার ৫০০ জিবিপিএস ব্যান্ডউইথ দিয়েই দেশের গোটা ইন্টারনেট সেবা প্রদান করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র বাংলা আউটলুককে নিশ্চিত করেছে। তাই এখন ভারতই একমাত্র ভরসা বাংলাদেশের ইন্টারনেট সেবা প্রদান অব্যাহত রাখার ক্ষেত্রে।  

ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর মালিক সমিতি আইএসপিএবি সূত্র জানিয়েছে, এর আগেও বাংলাদেশ এমন পরিস্থিতিতে পড়েছিল। কিন্তু তখন উল্লেখ করার মতো কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বরং ভারত থেকে ল্যান্ড সরবরাহ সংযোগ আটিসির ওপর নির্ভরতা বাড়ানো হয়েছে। তখনই যদি সাবমেরিন কেবলের সংযোগ বাড়ানো হতো তাহলে হয়তো এখন এমন হতো না। 


নাম প্রকাশ না করার শর্তে আইএসপিএবির এক শীর্ষ নেতা বাংলা আউটলুককে বলেন, ভারতের বাণিজ্যিক স্বার্থকে প্রাধান্য না দিয়ে নিজস্ব উদ্যোগ নেওয়া জরুরি ছিল। তাহলে এমন পরিস্থিতিতে পড়তে হতো না।  

এদিকে আইএসপিএবির সভাপতি ইমদাদুল হক বাংলা আউটলুককে বলেন, বাংলাদেশ নতুন করে সিমি-৬ এ যুক্ত হচ্ছে। এছাড়া প্রাইভেট সেক্টরেও একটি লাইসেন্স দেওয়া হয়েছে। কিন্তু পলিসি পরিবর্তন না করা হলে আবারো এমন পরিস্থিতিতে পড়ার আশঙ্কা থেকেই যাবে। 

তিনি জানান, এ কারণেই অধিকাংশ ওয়েব সাইট দেখা যাচ্ছে না। ল্যাটেন্সি বেড়ে যাওয়ায় বিশেষ করে সিঙ্গাপুর, চায়না বা আরো বেশ কয়েকটি দেশের সার্ভার ধীর গতির হয়ে গেছে। অনেক ক্ষেত্রে ল্যাটেন্সি হাই থাকায় সাইটগুলোতে ঢোকাই যাচ্ছে না। এর পেছনে কোনো রাজনৈতিক বিষয় সংশ্লিষ্ট কী না জানতে চাইলে তিনি বলেন, সেটি জানা নেই। তবে উপজেলা নির্বাচনসহ বিভিন্ন ইস্যুকে অনেকে সামনে আনার চেষ্টা করছেন। তবে, এটি থাকতেও পারে। ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো এ বিষয়ে তেমন কোনো তথ্য পায়নি। 

তবে, ইন্টারনেট ব্যবহারকারীদের অনেকে মনে করছেন, চলমান উপজেলা নির্বাচন এবং রাজনৈতিক পরিস্থিতির কারণে সরকারের কোনো হাত থাকতে পারে এর পেছনে। অবশ্য বৃহস্পতিবার দুপুরে এক অনুষ্ঠান থেকে তথ্য প্রতিমন্ত্রীর “অপপ্রচার রোধে ভারতের সহায়তা নেয়া হবে” এমন ঘোষণার পর থেকে ইন্টারনেট সেবা বিঘ্নিত হওয়ায় অনেকেই ভিন্ন ভাবে দেখছেন বিষয়টি।
 
এদিকে, ইন্টারনেট সেবায় বর্তমানে মোট চাহিদার সিংহভাগ ভারত থেকে আমদানি করা, একটি বেসরকারি কোম্পানিকে আটিসি লাইসেন্স দিয়ে এ ব্যবসাকে ক্ষমতাসীন দলের ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়ার কোনো চক্রান্তও হতে পারে বলে আইএসপিএবির এক নেতা মন্তব্য করেন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন