রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : দুর্নীতি-অব্যবস্থাপনায় অতুলনীয়
জুলকারনাইন সায়ের
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৪, ০৬:৫০ পিএম
২০১৫ সালের ডিসেম্বরে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বিএইসি) কর্মকর্তারা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য রাশিয়ার সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি নেয়। তার আগে এই সংক্রান্ত বিস্তৃত পর্যালোচনা এবং গবেষণা করেন তারা। চুক্তিতে প্রকল্পটিতে সম্ভাব্য খরচ ৮ বিলিয়ন মার্কিন ডলার ধরা হয়। কিন্তু হুট করেই বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সেই চুক্তির মূল্য বাড়িয়ে ১২ দশমিক ৬৫ বিলিয়ন ডলার নির্ধারিত হয়েছে বলে ঘোষণা দেয়। তবে এই ব্যয় বৃদ্ধির মাধ্যমে কার স্বার্থ হাসিল করা হয়েছে তাতে চিন্তার খোরাক আছে।
তারপরও চুক্তির মূল্য কি ১২ দশমিক ৬৫ বিলিয়ন ডলারে স্থির ছিল? বর্তমানে বাইরে থেকে পানি সরবরাহ, পরীক্ষাগার নির্মাণ এবং অ্যালার্ম সিস্টেম তৈরিসহ আরও কিছু অতিরিক্ত চুক্তি যুক্ত হয়েছে। যার ফলে মোট খরচ আরও বেড়েছে।
এ ছাড়াও প্রকল্পের খরচের খাতায় পর্যায়ক্রমে গ্রিন সিটি প্রকল্পের জন্য অতিরিক্ত প্রায় ২ হাজার কোটি টাকা, বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক বাস্তবায়নাধীন পিপিএসে ৩ হাজার ৪৩০ কোটি, বিদ্যুৎ কেন্দ্রের জন্য সিগন্যালিংসহ রেললাইন সংস্কার ও নির্মাণের জন্য ৩৩৫ দশমিক ৯৭ কোটি এবং বিটিসিএলের বাস্তবানাধীন এক্সর্টানাল টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক সিস্টেমের জন্য ৩৮০ কোটি টাকা যোগ হয়েছে। যদিও সিগন্যালিংসহ রেললাইন নির্মাণ করা হলেও তা একদিনও ব্যবহার করা হয়নি।
অভিযোগ রয়েছে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের একজন সাবেক সচিব, নির্মাণকারী প্রতিষ্ঠান এবং রেলওয়ের কর্মকর্তারা এই প্রকল্পের তহবিল তছরুপ করেছেন।
এদিকে, কাছাকাছি ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পাবনা মেডিকেল কলেজ ও হাসপাতাল থাকা সত্ত্বেও ১ হাজার ১৩৩ কোটি টাকা ব্যয়ে বিদ্যুৎকেন্দ্রের জন্য কমিউনিটি হাসপাতাল এবং ফাস্ট এইড সেন্টার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।
একই বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে রাশিয়ান কর্মীদের জন্য নির্মিত গ্রিন সিটির বালিশ কাণ্ড বিষয়ক খবর ব্যাপক আলোড়ন তৈরি করেছিল। যদিও ভবনটির নির্মাণ সামগ্রী কেনার ক্ষেত্রে ব্যাপক আর্থিক দুর্নীতির ঘটনা ঘটেছিল। এই ধরনের ভবন সাধারণত ৫০-৮০ বছরের ওয়ারেন্টি থাকে। যদিও মাত্র ৭-৮ বছর ব্যবহারের পরই সেটি নষ্ট হয়ে যাওয়া লক্ষণ দেখা গেছে। ২০ তলা ওই ভবনের সব অগ্নিনির্বাপক ব্যবস্থা কাজ করে না। কিছু ভবনের লিফট ভেঙে গেছে। ছাদের সোলার প্যানেলগুলোও নষ্ট হয়ে গেছে।
এসব বিষয়ে জানতে গ্রিন সিটির দায়িত্বে থাকা বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের একজন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, গণপূর্ত বিভাগ সমস্যাগুলো পর্যালোচনা করছে, কিন্তু তারা তা হস্তান্তর করেনি। ৭-৮ বছর ব্যবহারের পরও কেন হস্তান্তর করা হয়নি জানতে চাইলে তিনি সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেননি।
এদিকে রাশিয়ান কোম্পানি অ্যাটমস্টোরি এক্সপোর্টের সঙ্গে চুক্তি করা ১২ দশমিক ৬৫ বিলিয়ন ডলারের ঋণের কিস্তি ২০২৭ সাল থেকে দেওয়া শুরু করতে হবে। বাংলাদেশকে রাষ্ট্রীয় ঋণের জন্য ২০ বিলিয়ন ডলারের বেশি পরিশোধ করতে হবে। যা আরও বাড়তে পারে। এখন পর্যন্ত প্রকল্পের ৬২ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। যা আশানুরুপ নয়।
আর প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে থাকা রাশিয়ান কোম্পানি অ্যাটমস্টোরিএক্সপোর্টের উচ্চপদস্থ কর্মকর্তারা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নির্মাণ প্রকল্পে দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। অভিযোগের মধ্যে রয়েছে, সুবিধার বিনিময়ে সাব-কন্ট্রাক্টরদের কাজ দেওয়া হয়, প্ল্যান্টের মধ্যে পাথর ব্যবসা পরিচালনার জন্য করমুক্ত পাথর আমদানি এবং নির্মাণসামগ্রী সংগ্রহ এবং স্ক্র্যাপ বিক্রিতে দুর্নীতি। এদিকে সাব-কন্ট্রাক্টর রয়নওয়ার্ল্ডের কাছে স্থানীয় ব্যবসায়ীদের কোটি কোটি টাকা পাওনা রয়েছে।
তারা বারবার রাশিয়ান এবং বাংলাদেশি কর্তৃপক্ষকে লিখিত এবং মৌখিকভাবে বিষয়টি অবহিত করেছেন, কিন্তু কোনো সমাধান তারা পাননি। উল্টো কিছু সাব-কন্ট্রাক্টর বেতন এবং অন্যান্য বকেয়া পরিশোধ না করেই বাংলাদেশি শ্রমিকদের ছাঁটাই করছে।
একজন শ্রমিক জানান, তাকে এক সাব-কন্ট্রাক্টর চার মাসের বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধার দুই লাখ টাকা না দিয়েই চাকরিচ্যুত করা হয়েছে। তাকে প্রকল্পের নিরাপত্তার দায়িত্বে থাকা সেনা সদস্যরা প্রকল্পের ভেতরে ঢুকতে দিচ্ছে না। তিনি কারো কাছে অভিযোগও করতে পারছেন না। তার মতো, অনেকেই একই ধরনের সমস্যায় রয়েছেন।
তিনি বলেন, তিনি ফোনে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তারা বলছে, তারা তাকে নিয়োগ দেয়নি। আর ওই কোম্পানিগুলি তাদের অধীনে না। তাই তারা কিছু করতে পারবে না। তারা তাকে অ্যাটমস্টোরিএক্সপোর্টের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছেন। কিন্তু পাস ছাড়া সেনাবাহিনী তাকে প্রকল্পের ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না।
এদিকে বিদ্যুৎ কেন্দ্রের জন্য বেশির ভাগ ভারী যন্ত্রপাতি রাশিয়ায় তৈরি হয়েছে। রাশিয়ার সঙ্গে হওয়া সাধারণ চুক্তি অনুসারে, সার্কিট এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ সরঞ্জাম জেনারেল ইলেকট্রিক বা ইউরোপীয় সংস্থাগুলোর কাছ থেকে নেওয়ার কথা ছিল। কিন্তু ইউক্রেনে যুদ্ধের কারণে রাশিয়া নিষেধাজ্ঞার কবলে পড়ে। এ কারণে সেগুলো এখন চীন থেকে কেনা হচ্ছে। চীনের এসব পণ্যের গুণগত মান নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ চীনের এসব পণ্য আগে রাশিয়ার নির্মিত কোনো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে ব্যবহৃত হয়নি। এই ধরনের অপরীক্ষিত যন্ত্রপাতি ব্যবহার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তার ঝুঁকি তৈরি করছে।
আর রাশিয়ায় উৎপাদিত সব যন্ত্রপাতি যাচাইয়ের দায়িত্ব বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের কর্মকর্তাদের দেওয়া হয়েছে। যদিও আপাত দৃষ্টিতে এসব কর্মকর্তার এই ধরনের যাচাই-বাছাই চালানোর মতো প্রয়োজনীয় দক্ষতা হয়তো নাই। তারপরও তারা বছরের পর বছর তা করছে। এমনকি এই কাজের জন্য এসব কর্মকর্তা দৈনিক ৩০০ থেকে ৪০০ ডলার ভাতাও নিচ্ছেন।
বিদ্যুৎকেন্দ্রের জন্য আমদানি করা সব ধরনের নির্মাণ সামগ্রী করমুক্ত করেছে বাংলাদেশ সরকার। এই কর ছাড়ের মাধ্যমে এই প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন কোম্পানি লাভবান হচ্ছে।
ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার এই প্রকল্পে কাজ করছে। তারা হাজার হাজার টন ইস্পাত এবং পাথর করমুক্ত সুবিধায় আমদানি করছে। অভিযোগ রয়েছে, তারা প্রকল্পের বাইরের কাজের জন্যও করমুক্ত সুবিধায় পণ্য আমদানি করছে। এতে সরকার রাজস্ব হারাচ্ছে। প্রকল্পের সঙ্গে যুক্ত বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি নিয়ে নীরব রয়েছেন।
এমনকি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি ও রপ্তানি শাখার প্রধান নিয়ন্ত্রকের কার্যালয়কে সুপারিশ করেছে, এই নির্মাণ সামগ্রীগুলো আমদানি করমুক্ত হবে। মূলত এই সুপারিশের পরিপ্রেক্ষিতে করমুক্ত আমদানির অনুমতি দেওয়া হয়। এরকম একটি কর ছাড় সুপারিশপত্র পর্যালোচনা করে এটা দেখা গেছে যে, করমুক্ত আমদানি সুবিধার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো ফাইলগুলোর অনুমতি নেওয়া হয়েছে অর্থ ও প্রশাসন বিভাগের প্রধান, প্রকল্প পরিচালকের কার্যালয় এবং বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রণালয়ের মাধ্যমে।
একজন সিএন্ডএফ এজেন্ট বলছে, প্রকল্পের নির্মাণের সঙ্গে যুক্ত রাশিয়ান/দেশীয় কোম্পানিগুলো সিএন্ডএফ এজেন্টদের মাধ্যমে আমদানির অনুমতি এবং ট্যাক্স ক্লিয়ারেন্স পরিচালনা করে। এসব আমদানি নথি পেতে আমদানি অনুমতি প্রতি দুই হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত খরচ হয়। বিশেষভাবে অনুরোধ না করা পর্যন্ত ছাড়পত্র দেওয়া হয় না এবং দিতে দেরির ঘটনাও রয়েছে। যার ফলে জাহাজগুলো সময়মতো ছাড়পত্র ছাড়াই বন্দর বা বিমানবন্দরে পৌঁছায় এবং নির্মাণ সংশ্লিষ্ট পক্ষগুলোকে বেশ জরিমানা করতে হয়।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন ও পরিচালনার জন্য একটি কোম্পানি প্রতিষ্ঠার লক্ষ্যে ২০১৫ সালে একটি আইন প্রণয়ন করা হয়। পরে একই বছর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড নামে কোম্পানিটি প্রতিষ্ঠিত হয়। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট অ্যাক্ট, ২০১৫ অনুযায়ী, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রথম ধাপের প্রকল্প পরিচালক নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও কাজ করবেন। ড. শওকত আকবর তখন থেকেই এসব দায়িত্ব পালন করে আসছেন। যদিও প্রকল্পের প্রথম ধাপের কাজ ২০১৭ সালে সম্পন্ন হয়েছিল। ড. শওকত আকবর তারপরও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজ করছেন এবং বর্তমানে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যানও তিনি।
একজন ব্যক্তির পক্ষে একই সাথে তিনটি মূল সংস্থার নেতৃত্বে থাকা অস্বাভাবিক। এ কারণে প্রতিষ্ঠানগুলো মধ্যে দৃশ্যমান অব্যবস্থাপনা লক্ষ্য করা যাচ্ছে। ওয়েবসাইটে পাওয়া অর্গানোগ্রামে ইঙ্গিত মেলে, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডে পাঁচটি নির্বাহী পরিচালকের পদ রয়েছে। তবে সেগুলো ২০১৫ সাল থেকে শূন্য রয়েছে। কোম্পানিটি ৬ থেকে ২০ গ্রেড পর্যন্ত প্রায় ১ হাজার ৩০০ জন কর্মী নিয়োগ দেয়। এর মধ্যে ম্যানেজার ১২ জন। স্তর (গ্রেড ৫)। ব্যবস্থাপনা পরিচালক (১ম গ্রেড) থেকে ম্যানেজার (৫ম গ্রেড) পর্যন্ত শুধুমাত্র একজন কর্মকর্তা।
এই বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের এক বৈজ্ঞানিক কর্মকর্তা বলেন, 'প্রকল্প পরিচালক, যিনি ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও কাজ করেন। তিনি তার কর্তৃত্ব ভাগ করতে চান না। তার বিরুদ্ধে বিএনইসি, প্রকল্পগুলো এবং কোম্পানিকে একটি কর্তৃত্ববাদী মনোভাব নিয়ে চালানোর অভিযোগ রয়েছে। আর অন্যদের মতামত গ্রহণের জন্য তিনি আগ্রহী নন। যদিও সেখানে একজন উপ-প্রকল্প পরিচালক এবং একাধিক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা রয়েছেন, তাদের নামমাত্র ভূমিকা রয়েছে এবং প্রকল্পে উল্লেখযোগ্যভাবে যুক্ত থাকার অনুমতি নেই। উপরন্তু, কোনো সিনিয়র কর্মীকে প্রকল্পের সাথে সংযুক্ত করা হয় না।
এদিকে কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়াই কবির হোসেন নামে একজন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের মানবসম্পদ বিভাগের প্রধান হিসেবে কর্মরত আছেন। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের একজন কর্মকর্তা বলেছেন, ‘মানবসম্পদ বিভাগ থেকে নিয়োগ এবং প্রশিক্ষণের বিষয়ে কোম্পানির নিজস্ব কোনো পরিকল্পনা নেই। আমরা অন্ধভাবে রাশিয়ানদের দেওয়া প্রেসক্রিপশন অনুসরণ করছি। যারা এখানে ৬ বছর কাজ করে তারা এখানে প্রথম পদোন্নতি পেলেন। অন্যদিকে অন্য প্রতিষ্ঠান থেকে ৩/৪ বছরের অভিজ্ঞতা থাকা ব্যক্তিদের এখানে নিয়োগ দেওয়া হচ্ছে। বিদ্যুৎ খাতের কোথাও এ ধরনের চর্চা নেই। বিভাগীয় প্রার্থীদের এখানে কোনো সুযোগ নেই। পছন্দের লোকদের উচ্চ পর্যায়ের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এখানকার অনেকেই অখুশি হয়ে চাকরি ছেড়ে অন্য কোথাও যেতে চাইলেও কাউকে যেতে দেওয়া হচ্ছে না। যারা ছাড়পত্র ছাড়াই চলে গেছেন তাদের ৫০ লাখ থেকে ১ কোটি টাকা দেওয়ার জন্য চিঠি দেওয়া হচ্ছে। সঙ্গে মামলার হুমকি দেওয়া হচ্ছে। এ কারণে অনেকেই এখন দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমাচ্ছেন।
আরেক কর্মকর্তার সঙ্গে কথা হলে তিনি বলেন, আমি এখানে যোগদানের আগে ওয়াসা ও রামপাল বিদ্যুৎকেন্দ্রে কাজ করতাম। এমন অকার্যকর মানবসম্পদ ব্যবস্থাপনা আমি কোথাও দেখিনি। এখানে সবাই একই সমস্যায় রয়েছেন। আমরা প্রকল্পের ম্যানেজার এবং মানবসম্পদ বিভাগের প্রধানের সঙ্গে সমস্যাটি নিয়ে কথা বলতে গেলে তারা এসব কিছু শুনতে চান না।
অন্য একজন কর্মকর্তা বলেন, ‘২০১৫ সালে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড শুরু হয়েছে। তবে এখনো পরিষেবার নিয়ম নেই। সচিবের কাছে পরিষেবা বিধি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এটা আছে, কিন্তু শেয়ার করা যাবে না।
অন্য এক কর্মকর্তা বলেছেন, ‘এখানে ১ হাজার ৩০০ জন কর্মী আছেন। কিন্তু বিশ্রাম নেওয়ার ব্যবস্থা আছে ২০০ জনের। বাকিদের জন্য বিশ্রাম নেওয়ার কোনো ব্যবস্থা নেই। এভাবে কাজ করা কঠিন। প্রথমদিকে প্রতি ১০০ জনের মধ্যে ৯৫ জন প্রার্থী এখানে যোগদান করতেন। এখন ১০০ জনের মধ্যে ৪০-৪৫ জন যোগদান করেন। যদিও ঊর্ধ্বতন পদে নিয়োগ পাওয়া ১০ শতাংশদের নিয়ে প্রশ্ন আছে। তাদের অনেকের প্রয়োজনীয় অভিজ্ঞতা নেই। আবার ভুয়া অভিজ্ঞতার সনদ ব্যবহার করেছেন। কারো কারো প্রাসঙ্গিক অভিজ্ঞতা না থাকলেও নিয়োগপত্র পেয়েছেন।
মানবসম্পদ বিভাগ চাকরি প্রার্থীদের অভিজ্ঞতার সনদ যাচাই না করে নিয়োগ দেয়। এই বিদ্যুৎকেন্দ্রে ১০ জন ম্যানেজার রয়েছেন। ব্যবস্থাপনার মূল ভূমিকা মানবসম্পদ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে আপস করা হয়েছে, যা দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য একটি কালো অধ্যায় হয়ে থাকবে।’
এদিকে নিয়োগকৃতদের প্রশিক্ষণের জন্য রাশিয়ায় পাঠানো হয়েছে। অনেকেই রাশিয়ায় প্রশিক্ষণের মান নিয়ে প্রশ্ন তুলেছেন। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের একজন প্রধান প্রকৌশলী বলেছেন, প্রশিক্ষণে রাশিয়ান ভাষা ব্যবহার করা হয়। আর একজন রাশিয়ান দোভাষী প্রশিক্ষণার্থীদের জন্য ইংরেজিতে অনুবাদ করেন। এতে অনেকেই বুঝতে পারেন না। ৪০০-৫০০ মিলিয়ন ডলার ব্যয়ে এই ধরনের অকার্যকর প্রশিক্ষণ বাস্তবায়ন করা অযৌক্তিক।
সম্প্রতি প্রশিক্ষণ সংক্রান্ত সমস্যার কারণে একজন সিনিয়র টেকনিশিয়ানকে কোনো তদন্ত বা নোটিশ ছাড়াই বরখাস্ত করা হয়েছে। আশ্চর্যজনকভাবে, কিছুদিন পর তাকে টেকনিশিয়ান হিসেবে নিয়োগ দেওয়া হয়। প্রাতিষ্ঠানিকভাবে, এটা উদ্ভট; সংস্থাটি তার নিজস্ব নিয়ম উপেক্ষা করে বলে মনে হচ্ছে। আর বেশ কয়েকজন সিনিয়র এক্সিকিউটিভ প্রশিক্ষণে খারাপ পারফর্ম করেছেন, তবুও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অন্যদিকে, নিম্ন-গ্রেডের কর্মচারীরা যারা খারাপভাবে কাজ করে তাদের বরখাস্ত করা হয়।
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান প্রকৌশলী আশরাফুল ইসলামকে ঈশ্বরদীতে প্রকল্প সাইট অফিসে প্রধান পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে তিনি বেশির ভাগ সময় ঢাকায় থাকেন। তিনি দায়িত্বের অবহেলা করেন। প্রকল্পের বর্তমান ম্যানেজার কিছু কোনো ছুটি ছাড়াই অনুপস্থিত থাকেন। কোনো জবাবদিহিতা নেই। সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্পের জন্য এটি গ্রহণযোগ্য কোনো অবস্থা নয়।
খারাপভাবে বললে, অত্যন্ত সুরক্ষিত প্রকল্পটি ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের জন্য অবসর যাপনের গন্তব্য হয়ে উঠেছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের স্ত্রী, ছেলে, ছেলের স্ত্রী, মেয়ে, জামাতা, বন্ধুবান্ধব, নিকটাত্মীয়দের নিয়ে সেখানে ভ্রমণ করেন, যা প্রকল্পের নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ বাড়াচ্ছে। এখানে কোনো দুর্ঘটনা ঘটলে সেটি শুধু ব্যক্তি বা প্রকল্পের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এর প্রভাব হবে ভয়াবহ।
বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ মারাত্মক ঝুঁকির। হাজার হাজার জীবন এবং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ঝুঁকির মধ্যে পড়ে। সরকারের উচিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিষয়টি পুনর্বিবেচনা করা, কিংবা অবিলম্বে এই সংকটগুলো সমাধানের পদক্ষেপ নেওয়া।
জুলকারনাইন সায়ের : অনুসন্ধানী সাংবাদিক ও রিসার্চ অ্যানালিস্ট, আলজাজিরা আই-ইউনিট
