Logo
Logo
×

সংবাদ

ঢাকার দেয়ালে দেয়ালে ইন্ডিয়া আউট প্রচারণা

Icon

ঢাকা অফিস

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৪, ০৫:২৪ পিএম

ঢাকার দেয়ালে দেয়ালে ইন্ডিয়া আউট প্রচারণা

ঢাকার দেয়ালে ভারতীয় পণ্য বয়কটের আহ্বান। ছবি: বাংলা আউটলুক

ঢাকার রাস্তায় বেড়েছে ভারতীয় পণ্য বর্জনের আহ্বান। সাধারণ মানুষের মাঝে ইন্ডিয়া আউট প্রবণতাও বেড়েছে। এবার রাজধানী ঢাকার রাস্তার দেয়ালে দেয়ালে গ্রাফিতি এবং দেয়াল লিখনের মতো প্রচারণা শুরু হয়েছে। 

একই সঙ্গে ভার্চুয়াল প্রচারণা, লিফলেট বিতরণ, রিকশাচালকদের মাঝে টি-শার্ট বিতরণের কর্মসূচিও চলমান রয়েছে বলে বেশ কয়েকটি রাজনৈতিক দলের বরাতে জানা গেছে। এরই মধ্যে নগরীর দেয়াল লিখনের এই প্রচারণাও সাধারণ মানুষের মাঝে নানামুখি আলোচনার জন্ম দিয়েছে। বিষয়টি নিয়ে পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনা থাকলেও দিন দিন ভারত বিরোধী মনেভাবের পালে হাওয়া যোগ হচ্ছে বলেই সাধারণ মানুষ মনে করছেন। 

২৩ এপ্রিল। তিন মাস ৬ দিন হলো ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন। চলতি বছরের ৭ জানুয়ারি একতরফাভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপিসহ ৬৩টি রাজনৈতিক দল শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ও তার ডামি প্রার্থীদের দিয়ে নির্বাচন করানোর পেছনের শক্তি হিসেবে ভারতকে দায়ী করেছে। ক্ষমতাসীন দলের শীর্ষ নেতারাও প্রকাশ্যে সহযোগিতার জন্য ভারতের সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। 

১৭ জানুয়ারি প্রথমে বিদেশে অবস্থানরত বাংলাদেশীরা বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসের দায়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবেশী রাষ্ট্র ভারতের পণ্য বর্জনের ডাক দেয়। বিপুল সাড়াও পরে এ আহ্বানে। ধীরে ধীরে সামাজিক যোগাযোগমাধ্যম ছাপিয়ে এক ধরনের সামাজিক আন্দোলনে রূপ নেয় ‘ইন্ডিয়া আউট’ কর্মসূচি। প্রথমে ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূরের গণঅধিকার পরিষদসহ কয়েকটি ছোট রাজনৈতিক দলের কর্মীরা রাস্তায় নামে এই দাবি নিয়ে। 

পর্যায়ক্রমে বেশ কয়েকটি রাজনৈতিক দল যুক্ত হয় এই আন্দোলনে। সম্প্রতি সরকারবিরোধী সবচেয়ে বৃহৎ রাজনৈতিক শক্তি বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী ভারতীয় পণ্য বর্জনের এই আন্দোলনে একাত্মতা ঘোষণার পরই বিএনপির তৃণমূল পর্যায়ে ছড়াতে থাকে এ আন্দোলন। যার প্রভাবে এবারের ঈদুল ফিতরের বাজারেও ভারতীয় শাড়ি বিক্রি কমে যায় দৃশ্যমান ভাবে। বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন গণমাধ্যমে প্রকাশ্যে এ বিষয়টি স্বীকারও করেন। 

শুধু তৈরি পোশাক বাজারেই নয়, চলমান বাস্তবতায় প্রায় সবধরনের পণ্য বাজারেই ইন্ডিয়া আউট কর্মসূচির প্রভাব পড়েছে। মশলার বাজার, চালের বাজার, শিশু খাদ্য, প্রসাধন সামগ্রী, ঔষধের বাজার, টয়লেট্রিজসহ প্রায় সব ধরনের পণ্যই তুলনামূলক কম বিক্রি হচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি ধস নেমেছে বিস্কুট, চকলেট, চিপস এবং বেশকিছু কোমল পানীয় বাজারে। যদিও ভারতের বাজার থেকে তেমন কোনো কোমল পানীয় বাংলাদেশের বাজারে আসে না। ঢাকার বাজারে সরেজমিনে খোঁজ নিয়ে এসব তথ্য পেয়েছে বাংলা আউটলুক। 

ইন্ডিয়া আউট কর্মসূচির শুরুতেই আন্দোলনটি শুধুমাত্র এফএমসিজি বা ফাস্ট মুভিং কনজিউমার গুডস এর ক্ষেত্রে প্রযোয্য হবে বলে জানানো হয়েছিল। বাজার পরিস্থিতি পর্যবেক্ষণে এই আন্দোলন শতভাগ সফল হয়েছে বলা যাবে না। তবে, পঞ্চাশ শতাংশের বেশি মানুষ ভারতীয় পণ্য বর্জন করেছে। অন্তত বাজারে গিয়ে দোকান মালিককে ভারতীয় পণ্য নেবেন না বলে ক্রেতারা জানান বলে দোকান মালিকদের সঙ্গে কথা বলে বাংলা আউটলুক সত্যতা পেয়েছে।  
যদিও এই বয়কট আন্দোলনের বিরুদ্ধেও এক ধরনের জনমত সৃষ্টির জন্য একটি শ্রেণি কাজ করছে। আইন-শৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য ইন্ডিয়া আউট কর্মসূচি প্রচারণায় অংশ নেওয়া বেশ কয়েক জনকে হুমকিও দিয়েছেন বলে বাংলা আউটলুককে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের একাংশের নেতা তারেক রহমান। 

বাংলা আউটলুককে তিনি জানান, দেশের বাইরে থেকেও তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এই আন্দোলনকে এক ধরনের সাম্প্রদায়িক রং মেশানোর চেষ্টাও চলছে বলে জানান তিনি। 

এমন একটি আন্দোলন তিন মাসের বেশি সময় ধরে সামাজিক মাধ্যমে বজায় রাখাকে অবশ্যই বিবেচনায় নেওয়া জরুরি মনে করেছে ভারতীয় কর্তৃপক্ষ। নিয়েছেও তারা। বাংলাদেশ সরকারকে কড়া ভাষায় হুঁশিয়ারিও দিতে দেখা গেছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদও ভারত সরকারকে বোঝানোর চেষ্টা করেছেন নানান ভাবে। 

ভারতপন্থি হিসেবে পরিচিত বাংলাদেশের বেশ কয়েকজন বুদ্ধিজীবীকে বিষয়টি নিয়ে কলামও লিখতে দেখা গেছে। ভারতীয় গণমাধ্যমেও বাংলাদেশের বাজারে ইন্ডিয়া আউট কর্মসূচির পক্ষে বিপক্ষে লেখা লেখি দৃশ্যমান হয়ে উঠেছে।

সবকিছু বিবেচনা করলে এ বিষয়টি পরিষ্কার যে, এর মাধ্যমে বাংলাদেশের সমাজে বিরাজমান ভারতবিরোধী মনস্তত্ত্বকে কিছুটা হলেও নাড়ানো সম্ভব হয়েছে। পুরোটাই রাজনৈতিক, তবে রাজনৈতিক জায়গা থেকে সাংগঠনিকভাবে কেউ এই আন্দোলনে প্রকাশ্যে এগিয়ে আসেননি এখনো। তবে, সম্প্রতি ঢাকার রাস্তার দেয়ালে দেয়ালে বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট নতুন আলোচনার জন্ম দিয়েছে। সাধারণ মানুষের মধ্যেও নতুন করে ফের আলোচনা জন্ম দিয়েছে ইন্ডিয়া আউট কর্মসূচি। 

২০ মার্চ বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী নিজের ব্যবহৃত ইন্ডিয়ান চাদরে আগুন দেওয়াকে নিজস্ব সিদ্ধান্ত বলে মন্তব্য করলেও, কার্যত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপির  বিভিন্ন পেজে দেখা যাচ্ছে, সারাদেশের দলের নেতাকর্মীরা সক্রিয়ভাবেই অংশ নিচ্ছেন ইন্ডিয়া আউট কর্মসূচিতে।

মুক্তিযুদ্ধের সময় ভারতের জনগণের ভূমিকার প্রতি শ্রদ্ধা রেখেই দেশটির সরকারের বর্তমান ভূমিকার বিরুদ্ধে এই আন্দোলন বলে দাবি করেন ইন্ডিয়া আউটের আন্দোলনকারীরা। 

বর্তমান বাস্তবতা হলো, ভারতের বিতর্কিত ভূমিকার কারণে বাংলাদেশে ভারতবিরোধী অংশটি একেবারে ছোট নয়। আওয়ামী লীগ ও ভারতের বর্তমান সরকারের একতরফা ভূমিকাসহ নানা কারণে এটি বেশ শক্তিশালী অবস্থানে আছে। 
বিএনপি আনুষ্ঠানিকভাবে এবং দলীয়ভাবে ভারতীয় পণ্য বয়কটে অংশ না নিলেও বিএনপির সঙ্গে বা সমান্তরালভাবে যুহপৎ আন্দোলনে থাকা কয়েকটি বিরোধী দল ইন্ডিয়া আউট কর্মসূচিতে কৌশলে সংহতি জানাতে শুরু করেছে। এর রাজনৈতিক রূপদান হয়ে গেলে আখেরে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতেরই সবচেয়ে বেশি ক্ষতি হবে। যা পুষিয়ে কূটনৈতিক সম্পর্ক টিকিয়ে রাখা ভারত বাংলাদেশ; দু’দেশের জন্যই বেশ কষ্টের হবে বলে মনে করেন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর ড. দিলারা চৌধুরী। 

রাজধানীর বেইলী রোডের সবচেয়ে পুরাতন শাড়ির দোকান টাঙ্গাইল শাড়ি কুটিরের ম্যানেজার বাংলা আউটলুককে বলেন, এবারের ঈদে অনেকেই সচেতনভাবে ভারতীয় কাপড় কেনেননি।

প্রতি বছর ঈদের এক মাস আগে থেকেই বাজারে ভারতীয় পণ্যের প্রতি ক্রেতাদের চাহিদা বাড়তে থাকে। আর চাঁদ রাতে তুঙ্গে উঠে যায়। এ বছর, সে চিত্র ছিলো একেবারে উল্টো। দেশীয় পণ্যের বিক্রি এ বছর বেড়েছে। এই ধারা অব্যাহত থাকলে রাজনীতির বাইরে গিয়ে দেশীয় শিল্প বেশি লাভবান হবে বলে মনে করেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন।  

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন