Logo
Logo
×

সংবাদ

ঢাকা-দোহা বৈঠকে যেসব বিষয় গুরুত্ব পাচ্ছে

Icon

কূটনৈতিক প্রতিবেদক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৪, ০৪:৫৯ পিএম

ঢাকা-দোহা বৈঠকে যেসব বিষয় গুরুত্ব পাচ্ছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার তার কার্যালয়ে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে একান্ত বৈঠকে অংশ নেন। ছবি: সংগৃহীত

দেশ জুড়ে অব্যাহত মরুর গরমের মধ্যেই ঢাকায় এলেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। ৪০ ডিগ্রির ওপরে তাপমাত্রার মধ্যে তার এই দ্বিপক্ষীয় সফর উষ্ণতা ছড়াচ্ছে। তীব্র এই গরমে সফর সূচিতে কিছু পরিবর্তন এলেও মূল যে দ্বিপক্ষীয় বৈঠক সেটি আজকেই (মঙ্গলবার) অনুষ্ঠিত হচ্ছে। 

জানা গেছে, শেখ তামিম আজ সকাল সোয়া ১০টায় ঢাকার তেঁজগাওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে টাইগার গেটে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান শেখ হাসিনা। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শিমুল হলে একান্ত বৈঠকে বসেন দুই নেতা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অনুষ্ঠিত ওই বৈঠকের পর সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষেই ঢাকা ছাড়বেন তিনি। 

এদিকে দ্বিপক্ষীয় বৈঠকে ঢাকার পক্ষ থেকে বাকিতে জ্বালানি তেল, শ্রম শক্তি রপ্তানি ও বন্দর ব্যবস্থাপনায় কাতারের বিনিয়োগের বিষয়টিতে জোর দেবে। এসময় বিভিন্ন খাতের পারষ্পরিক সহযোগিতামূলক মোট ১১ টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে। 

পররাষ্ট্র মন্ত্রী ড. হাসান মাহমুদ বলেছেন, সময়ের স্বল্পতা ও বিরুপ আবহাওয়ার কারণে সফর সূচিতে কিছু কাটছাট করা হয়েছে। বেশ কয়েকটি পূর্ব নির্ধারিত অনুষ্ঠানে যোগ দিচ্ছেন সফররত কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে দ্বিপক্ষীয় বৈঠকের পর দুই দেশের মধ্যে ছয়টি চুক্তি এবং পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের প্রস্তুতি রয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দ্বৈত কর ও কর ফাঁকি পরিহার, আইনি বিষয়ে সহযোগিতা, সমুদ্র পরিবহন, পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা, দোষী সাব্যস্ত ব্যক্তিদের স্থানান্তর এবং একটি যৌথ ব্যবসায়িক পরিষদ প্রতিষ্ঠা সংক্রান্ত চুক্তি এবং শ্রমশক্তি, উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা এবং কূটনৈতিক প্রশিক্ষণে সহযোগিতাসহ পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ)। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আনুষ্ঠানিকতা  শেষে আমির যাবেন বঙ্গভবনে। সেখানে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের আমন্ত্রণে মধ্যাহ্ন ভোজে অংশ নেবেন তিনি। 

পররাষ্ট্র দপ্তর সূত্র বলছে, কাতারের আমিরের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের আগ্রহের কেন্দ্রে থাকবে দেশটি থেকে বাকিতে জ্বালানি তেল ক্রয়ের বিষয়টি। দেশে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে কাতারের আমিরের সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করছে সরকার। 

এছাড়া মধ্যপ্রাচ্যের বড় শ্রম বাজার হিসেবে সেখানকার প্রবাসী বাংলাদেশিদের সুযোগ-সুবিধা নিশ্চিত ও নতুন করে শ্রম শক্তি রপ্তানির বিষয়ে কাতারকে রাজি করানোর চেষ্টাও থাকবে বৈঠকে। 

তাছাড়া শ্রমবাজার, জ্বালানিনির্ভরতা এবং আন্তর্জাতিক রাজনীতিতে বর্তমানে কাতারের যে অবস্থান, সব মিলিয়ে দেশটির আমিরের এই সফর নিঃসন্দেহে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছে ঢাকার কূটনৈতিক সূত্রগুলো। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন