Logo
Logo
×

সংবাদ

যে কারণে থাইল্যান্ড সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

Icon

কূটনৈতিক প্রতিবেদক 

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৪, ০৪:৪৯ পিএম

যে কারণে থাইল্যান্ড সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

জাতিসংঘের একটি অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল (বুধবার) থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ওই অনুষ্ঠানে যোগদানের পাশাপাাশি এটিকে সরকারি সফরও বলা হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে। 

মন্ত্রণালয় বলছে, সফরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা তাভিসিনের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই বৈঠকে ভিসা সহজীকরণ, বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধিসহ মোট ৫ চুক্তি ও সমঝোতা সই হওয়ার সম্ভাবনা রয়েছে। 

গত সোমবার এ বিষয়ে সংবাদ সম্মেলন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জানান, ২৪ থেকে ২৯ এপ্রিল থাইল্যান্ডের ব্যাংককে সরকারি সফর এবং ইউনাইটেড নেশনস ইকনোমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিকের (ইউএনএসক্যাপ) ৮০তম অধিবেশনে যোগদান করবেন প্রধানমন্ত্রী। সফরে ঢাকা-ব্যাংকক পারস্পরিক সহযোগিতা প্রসারে একটি চুক্তি, তিনটি সমঝোতা স্মারক ও একটি লেটার অব ইন্টেন্ট সইয়ের সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া ইউনাইটেড নেশনস ইকনোমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিকের (ইউএনএসক্যাপ) ৮০তম অধিবেশনে যোগদান করবেন তিনি। ওই অধিবেশনে প্রধানমন্ত্রীর বক্তব্য দেওয়ার কথা রয়েছে। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন, প্রথম দিকে প্রধানমন্ত্রীর সফরটিকে বহুপক্ষীয় হিসেবে ধরে সেভাবেই কাজ করা হয়েছিল। সে অনুযায়ী আরও আগে সেখানে প্রধানমন্ত্রীর যাওয়ার কথা ছিল। কিন্তু কাতারের আমির শেখ তামিম আল হামাদ আল থানির ঢাকা সফরের কারণে সফরটির তারিখ পেছানো হয়। ফলে ইউএনএসক্যাপ সম্মেলনে অংশ নেওয়া বিশ্বের অন্যান্য দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রীর কোনো বৈঠক থাকছে না। শেষ পর্যন্ত এ সফরটি দ্বিপক্ষীয়ই থাকছে। 

সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রী হাছান মাহমুদ বলেন, '২৬ এপ্রিল থাইল্যান্ডের গভর্নমেন্ট হাউজে দুদেশের প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠক করবেন। একই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সৌজন্যে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আয়োজিত রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজে যোগ দেবেন। এসময় দুদেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তির পাশাপাশি জ্বালানি, পর্যটন ও শুল্ক সংক্রান্ত পারস্পরিক সহযোগিতা বিষয়ক তিনটি সমঝোতা স্মারক এবং মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা শুরুর জন্য একটি লেটার অব ইন্টেন্ট সইয়ের সম্ভাবনা রয়েছে।'

এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাইল্যান্ডের রাজপ্রাসাদে রাজা মহা ভাজিরা-লংকর্ন ফ্রা ভাজিরা-ক্লাচাও-উহুয়া এবং রাণী সুধিদা বজ্রসুধা-বিমলা-লক্ষণের সঙ্গেও সাক্ষাৎ করবেন বলেও জানানো হয় ওই সংবাদ সম্মেলনে। 

জানা গেছে, এ সফরে ঢাকার পক্ষ হতে থাইল্যান্ডের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ এবং আমদানি-রপ্তানি বৃদ্ধির জন্য ‘মুক্ত বাণিজ্য চুক্তি’র পর্যালোচনার পাশাপাশি অন্যান্য অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় বিশেষত বিনিয়োগ, পর্যটন, জ্বালানি, স্থল এবং সমুদ্র সংযোগ, উন্নয়ন প্রভৃতি খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনার চেষ্টা করা হবে। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, বাংলাদেশ ও থাইল্যান্ডের অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতির বিষয়টিও ঢাকার পক্ষ হতে আলোচনায় গুরুত্ব দেওয়া হবে।

এছাড়া ২৫ এপ্রিল ব্যাংককে জাতিসংঘ সম্মেলন কেন্দ্রে ইউএনএসক্যাপের ৮০তম অধিবেশনে জাতিসংঘের এজেন্ডা ২০৩০ ও টেকসই উন্নয়ন অভীষ্ট বিষয়ে বিশেষ বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

সফরে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলকসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা প্রধানমন্ত্রীর সঙ্গী হবেন। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন