পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ
দুর্নীতি দমন কমিশন (দুদক) পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের অবৈধ সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে। কয়েকদিন আগে দুদকের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। আজ সোমবার এক সংবাদ সম্মেলনে দুর্নীতি দমন কমিশনের সচিব খোরশেদা ইয়াসমীন এ তথ্য নিশ্চিত করেছেন
এদিকে বেনজীর আহমেদের দুর্নীতির অুনসন্ধান চেয়ে হাইকোর্টে রিট দায়ের করে দুদক চেয়ারম্যান, সচিবসহ চারজনকে বিবাদী করা হয়েছে। আজ সুপ্রিম কোর্টের আইনজীবী সালাউদ্দিন রিগ্যান এ রিট করেন। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপরে শুনানি হতে পারে বলে জানা গেছে।
দুদক সূত্রে বলছে, সম্প্রতি গণমাধ্যমে বেনজীর আহমেদের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে একাধিক প্রতিবেদন প্রকাশ হয়। দুদক ওই প্রতিবেদনের ভিত্তিতে অনুসন্ধানের বিষয়ে সম্মত হয়।
এদিকে গতকাল রোববার হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন দুদকে সাবেক আইজিপি বেনজীর আহমেদের প্লট, ফ্ল্যাট গাড়িসহ নানা সম্পদ থাকার অভিযোগ নিয়ে অভিযোগ করেন। লিখিত অভিযোগে তিনি বলেন, বেনজীর আহমেদের যে বৈধ আয় তার চেয়ে পরিবারের সদস্যদের সম্পদের পরিমাণ বেশি। ফলে তাঁর চাকরি থাকাকালে এসব সম্পদ গড়েছেন বলে মনে করা যায়।
গত শনিবার ‘আমার কিছু কথা’ শিরোনামে এক ভিডিও বার্তায় বেনজীর আহমেদ দাবি করেন, তার নামে থাকা বিভিন্ন সম্পদ ও ব্যবসা নিয়ে সংবাদপত্রে যে তথ্য এসেছে তার সব সঠিক নয়। ‘আমার পরিবার ও আমার নামে অসত্য প্রকাশিত হয়েছে। তিলকে তাল বানিয়ে উপস্থাপন করা হয়েছে। এই সংবাদের সূত্র ধরে অন্যান্য কতিপয় আউটলেট একই রকমের সংবাদ পুনরাবৃত্তিক্রমে পরিবেশন করেছে। তবে দেশের মূলধারার প্রিন্ট এবং মিডিয়া এই অসত্য, মানহানিকর এবং বিকৃত সংবাদ পরিবেশনে কোনো আগ্রহ দেখায়নি। এ জন্য মূলধারার গণমাধ্যমগুলোর সাংবাদিক বন্ধুগণের প্রতি আমি এবং আমার পরিবারের অনেক অনেক কৃতজ্ঞতা।’
