কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি
দুই দিনের সফরে আজ সোমবার (২২ এপ্রিল) ঢাকায় আসছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। বিকেলে একটি বিশেষ ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি। কাতারের আমীরের দুই দিনের এই সফরকে ঢাকার পক্ষ থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে মনে করা হচ্ছে। বিকেলে বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ সময় তাকে বিমানবন্দরে গার্ড অব অনার প্রদান করা হবে।
সফরে দুই দেশের মধ্যে ১১টি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) সই হবে বলে জানিয়েছে ঢাকার পররাষ্ট্র দপ্তর। এর মধ্যে ছয়টি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক রয়েছে। তার সফরে বাণিজ্য ও বিনিয়োগ, বন্দিবিনিময়, তেল আমদানীসহ বিভিন্ন ইস্যু সঙ্গে গুরুত্ব পাবে আরব-ইসরাইল সংঘাতের বিষয়টি।
সফরের দ্বিতীয় দিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন কাতারের আমির। এই বৈঠকের পরেই দুই দেশের মধ্যে ১১টি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) সই হবে।
জানা গেছে, দোহা ও ঢাকার মধ্যে ১১টির মধ্যে ৬টি চুক্তি ও ৫টি সমঝোতা স্মারক। চুক্তিগুলো হচ্ছে– দ্বৈতকর পরিহার, আইনগত বিষয়ে সহযোগিতা, সাগর পথে পণ্য পরিবহন, বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের হস্তান্তর ও যৌথ ব্যবসা পরিষদ গঠন-সংক্রান্ত চুক্তি। সমঝোতা স্মারকের মধ্যে রয়েছে– শ্রমশক্তি বিষয়ে সমঝোতা স্মারক, বন্দর পরিচালনা, উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা, যুব ও ক্রীড়া সহযোগিতা এবং কূটনৈতিক প্রশিক্ষণ সহযোগিতা।
কাতারের আমির মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেলে রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ ও রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজে অংশ নেবেন। এদিন সন্ধ্যায় বিশেষ বিমানযোগে ঢাকা ত্যাগ করবেন আমির।
এদিকে বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী দেশ হওয়ায় কাতারের আমীরের নামে ঢাকার একটি সড়কের নাম করা হচ্ছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মিরপুরের কালশী এলাকার বালুর মাঠের নির্মিতব্য পার্ক ও মিরপুর ইসিবি চত্বর থেকে কালশী উড়ালসড়ক পর্যন্ত সড়কটি কাতারের আমিরের নামে নামকরণ করা হবে।
