মার্কিন যুক্তরাষ্ট্রের কট্টর চীনবিরোধীরা টিকটকের সমালোচনা করে আসছিলেন অনেক দিন ধরে। বেইজিংভিত্তিক এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি নিষিদ্ধ করার দাবি জানিয়েছিলেন অনেক জনপ্রতিনিধি।
অবশেষে প্রতিনিধি পরিষদে এর বিরুদ্ধে ভোট পড়েছে। তবে এখনও বাকি আছে সিনেটে পাস হওয়া, আগামী সপ্তাহে যা হতে পারে। তারপর প্রেসিডেন্ট জো বাইডেন সই করলে টিকটক নিষিদ্ধ হয়ে যাবে দেশটিতে।
বাইডেন আগেই প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন সিনেট অনুমোদন দিলে তিনি দ্রুতই বিলটিতে সই করবেন।
যুক্তরাষ্ট্র সরকারের উদ্বেগের বিষয় হলো টিকটকের উপর চীন সরকারের প্রভাব। কমিউনিস্ট শাসিত চীন সরকার চাইলেই যেকোনো প্রতিষ্ঠান থেকে তথ্য সংগ্রহ করতে পারে।
ইতোমধ্যেই অনেক মার্কিন আইনপ্রণেতা অভিযোগ তুলেছেন, টিকটক চীন সরকারের কাছে অ্যাপটির ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সরবরাহ করে থাকে। ২০১২ সালে প্রতিষ্ঠিত ভিডিও শেয়ারিং অ্যাপটির মালিক চীনা কোম্পানি বাইটড্যান্স।
টিকটক মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপসহ বিভিন্ন দেশে বিপুল জনপ্রিয়। মার্কিন যুক্তরাষ্ট্রে টিকটকের প্রায় ১৫ কোটি ব্যবহারকারী রয়েছে। ফলে বিভিন্ন ধরনের তথ্য অ্যাপটি থেকে পাওয়া সম্ভব।
টিকটক নিষিদ্ধ হলে আবারও চীনের সাথে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক দ্বন্দ্ব শুরু হতে পারে।
নিষিদ্ধ হওয়ার আগে টিকটকের মালিক বাইটড্যান্সকে মালিকানা হস্তান্তরের জন্য ছয় মাস সময় বেঁধে দিতে পারে যুক্তরাষ্ট্র। কিন্তু চীন সরকার ইতোমধ্যেই জানিয়ে দিয়েছে, কোনো মার্কিন প্রতিষ্ঠানের কাছে টিকটকের মালিকানা ছাড়ার অনুমতি দেবে না তারা। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন, এই আইন মার্কিন যুক্তরাষ্ট্রকেই ক্ষতিগ্রস্ত করবে।
টিকটকের পক্ষ থেকে আশ্বস্ত করা হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ১৫ কোটি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য যেন সুরক্ষিত থাকে, তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
টিকটকের প্রধান নির্বাহী শাও জি চিউ বলেছেন, ‘ব্যবহারকারীদের তথ্য সুরক্ষিত রাখতে এবং প্ল্যাটফর্মটিকে বাইরের কারসাজি থেকে মুক্ত রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
আমেরিকায় টিকটক নিষিদ্ধ হলে হলে হাজার হাজার মার্কিন নাগরিক বেকার হয়ে পড়তে পারে বলে সতর্ক করেছিলেন এই প্রধান নির্বাহী। সূত্র: বিবিসি
