Logo
Logo
×

সংবাদ

অভ্যন্তরীণ কারণে ভারতের পররাষ্ট্র সচিবের সফর স্থগিত : হাছান মাহমুদ

Icon

ইউএনবি

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৪, ০১:৪৬ এএম

অভ্যন্তরীণ কারণে ভারতের পররাষ্ট্র সচিবের সফর স্থগিত : হাছান মাহমুদ

ড. হাছান মাহমুদ। ছবি: সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, ভারতের অভ্যন্তরীণ নানা কারণে দেশটির পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে।

তিনি বলেন, 'ওখানে (ভারতে) নির্বাচন চলছে। তাদের অভ্যন্তরীণ নানা কারণে সফর স্থগিত করা হয়েছে।’

তিনি জানান, এই সফর আবার কবে হতে পারে তা ঢাকাকে এখনো জানানো হয়নি।

একটি কূটনৈতিক সূত্র জানায়, পারস্পরিক সুবিধাজনক সময়ে সফর করবেন তিনি। এই সফর বাংলাদেশ ও ভারতের মধ্যে উচ্চ পর্যায়ের বিনিময় এবং দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতা এজেন্ডার অগ্রগতি পর্যালোচনার অংশ।
সফরের বিষয়ে ঢাকা ও নয়াদিল্লির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না থাকলেও শনিবার (২০ এপ্রিল) সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসার কথা ছিল ভারতীয় পররাষ্ট্র সচিবের।

ভারতে জাতীয় নির্বাচন শেষ হওয়ার পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশটিতে সফরে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও ইঙ্গিত দিচ্ছে কূটনৈতিক সূত্রগুলো। বিশ্বের বৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতে সাতটি ধাপে ১৯ এপ্রিল লোকসভার ভোটগ্রহণ শুরু হয়েছে। এই ভোটগ্রহণ চলবে ১ জুন পর্যন্ত। আর আগামী ৪ জুন ভোট গণনা করা হবে।

প্রাক-নির্বাচনি জরিপে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন জোট আবারও নির্বাচিত হতে পারে বলে আভাস পাওয়া গেছে। পুনঃনির্বাচিত হওয়ার জন্য তারাও ব্যাপকভাবে আশাবাদী।

এ বিষয়ে সম্প্রতি হাছান মাহমুদ বলেন, ‘প্রধানমন্ত্রীর (শেখ হাসিনা) ভারত সফর অবশ্যই হবে। তবে এটি ভারতের নির্বাচনের পর অনুষ্ঠিত হবে।'

তবে সফরটি ঠিক কবে হবে তা নিয়ে সরকারি পর্যায়ে এখনো আলোচনা হয়নি বলে জানান তিনি।

গত জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভিনন্দন জানান মোদি। সে সময় ভারত ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ সম্পর্ক অব্যাহতভাবে জোরদার করার আশা প্রকাশ করেন তিনি।

এর আগে ২০২৩ সালের সেপ্টেম্বরে জি-২০ লিডারস সামিটে বাংলাদেশ অতিথি দেশ হিসেবে অংশগ্রহণ করলে সেখানে দুই প্রধানমন্ত্রীর মধ্যে সর্বশেষ দ্বিপক্ষীয় বৈঠক হয়।

আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে প্রধানমন্ত্রী মোদী তার শপথগ্রহণ অনুষ্ঠানে দক্ষিণ এশীয় এবং বিমসটেক দেশের নেতাদের আমন্ত্রণ জানাবেন বলে আশা করা হচ্ছে।

গত মার্চ মাসে পররাষ্ট্র সচিব হিসেবে বিনয় কোয়াত্রার কার্যকালের মেয়াদ ছয় মাস বাড়িয়েছে ভারত সরকার।

১৯৮৮ সালে ভারতীয় পররাষ্ট্র পরিষেবায় যোগ দেওয়া কোয়াত্রা ২০২২ সালের ১ মে ভারতের পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পান।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন