ট্রেন থেকে নামতে গিয়ে নিচে পড়ে বাঁ পায়ের আঙুল কাটা পড়েছে অধ্যাপক আনু মুহাম্মদের। রবিবার (২১ এপ্রিল) সকাল ১০টার দিকে রাজধানীর খিলগাঁও রেলগেটে তিনি এই দুর্ঘটনায় পড়েন। তাকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আনু মুহাম্মদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ছিলেন। তিনি তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব।
অধ্যাপক আনু মুহাম্মদের স্ত্রী শিল্প বড়ুয়া জানান, আনু মুহাম্মদ দিনাজপুরে কয়লা খনির শ্রমিকদের মৃত্যুতে অনুষ্ঠিত স্মরণসভায় অংশ নিতে গিয়েছিলেন। ফুলবাড়ী থেকে ট্রেনে করে ঢাকায় আসেন তিনি। ট্রেনটি খিলগাঁও রেলগেট এলাকায় পৌঁছালে ট্রেনের গতি কম থাকার কারণে ট্রেন থেকে নামতে গিয়ে পা পিছলে চাকার নিচে চলে যায়। গুরুতর অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক পরিদর্শক বাচ্চু মিয়া জানান, খিলগাঁও রেলগেট থেকে ট্রেনে উঠছিলেন আনু মুহাম্মদ। কিন্তু পড়ে গিয়ে বাঁ পায়ের আঙুল কাটা পড়ে তার। সাথে সাথে তাকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। তার প্রাথমিক চিকিৎসা চলছে।
ঢামেক হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের আবাসিক চিকিৎসক মোহাম্মদ আলাউদ্দিন সাংবাদিকদের জানান, আনু মুহাম্মদের দুই পায়ের পাতা ক্ষতিগ্রস্ত হয়েছে। তার পরীক্ষা-নিরীক্ষা চলছে। সুচিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকেও চিকিৎসকেরা এসেছেন।
