Logo
Logo
×

সংবাদ

ড্রিমলাইনার বিমানের ত্রুটি নিয়ে নির্দেশনা বিমানমন্ত্রীর

Icon

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৪, ০৩:২৬ পিএম

ড্রিমলাইনার বিমানের ত্রুটি নিয়ে নির্দেশনা বিমানমন্ত্রীর

অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত উড়োজাহাজ বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার ত্রুটিপূর্ণ বলে দাবি করেছেন বিশ্বের সবচেয়ে বড় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানটির এক প্রকৌশলী। তিনি বিশ্বে চালু থাকা বোয়িংয়ের ৭৮৭ মডেলের উড়োজাহাজ না ওড়ানোর পরামর্শ দিয়েছেন। বিমান বাংলাদেশের বহরে ২১টি উড়োজাহাজের মধ্যে ছয়টি ৭৮৭ ড্রিমলাইনার রয়েছে।

উত্থাপিত কারিগরি ত্রুটির বিষয়ে বোয়িং কোম্পানির সঙ্গে দ্রুত কথা বলতে বিমান বাংলাদেশকে নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান। শনিবার রাষ্ট্রায়ত্ত এয়ারলাইন্স বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শফিউল আজিমের সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি এ নির্দেশনা দেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার বিষয়ে সংবাদমাধ্যমকে জানানো হয়।

বিমান বাংলাদেশের বহরে থাকা যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা কোম্পানি বোয়িংয়ের ড্রিমলাইনারগুলো নতুন হওয়ায় উত্থাপিত কারিগরি সমস্যা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে আশ্বস্ত করেন ফারুক খান। এদিক, সব অভিযোগ অস্বীকার করে বোয়িং বলেছে, তারা নতুন করে ড্রিমলাইনার পরীক্ষা করে উড়োজাহাজ ভেঙ্গে পড়ার মতো কোনো ত্রুটি পাননি। 

বিমান বাংলাদেশের বহরে মোট ২১টি উড়োজাহাজের মধ্যে ছয়টি প্রশস্ত বডির ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজ রয়েছে। এগুলো হল-আকাশবীণা, হংসবলাকা, গাংচিল, রাজহংস, সোনরতরী ও অচিনপাখি। ২০১৮ ও ২০১৯ সালে নতুন কেনা এসব উড়োজাহাজ বহরে যুক্ত হয়। এগুলো দিয়ে ইউরোপ ও কানাডায় দূরপাল্লার ফ্লাইটগুলো চালাচ্ছে বিমান। একটি বোয়িং ৭৮৭-৮ উড়োজাহাজের মূল্য ২৩৯ মিলিয়ন ডলার।

বোয়িংয়ের প্রকৌশলী স্যাম সালেহপৌর গত সপ্তাহে এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে সমস্ত ড্রিমলাইনারকে পরিষেবা থেকে সরিয়ে নেওয়ার আহ্বান জানান। উড়োজাহাজের ফিউসিলাজের ছোট ফাকাগুলো পরীক্ষা করার জন্য বলেন তিনি। স্যাম সালেহপৌর বলেন, তিনি কখনোই তার পরিবারের সদস্যদের বোয়িং-৭৮৭ এ উঠতে দেবেন না।

বাংলাদেশে থাকা এই ড্রিমলাইনারগুলোতে এখন পর্যন্ত জটিল কোনো নিরাপত্তা ঝুঁকি দেখা যায়নি। তবে গত ২০শে জানুয়ারি সৌদি আরবের পথে রওনা হওয়ার পর একটি ড্রিমলাইনারের ককপিটের কাচে (উইন্ডশিল্ড) ফাটল দেখা দেওয়ায় ২ ঘণ্টা পর ২৯৭ আরোহী নিয়ে তা শাহজালাল বিমানবন্দরে ফিরে আসে। কেনার চার বছরের মাথায় সাধারণত এমন ঘটনা হওয়ার কথা নয়। বোয়িংয়ের সঙ্গে যোগাযোগ করে এটা ম্যানুফাকচারিং ফল্ট, নাকি অন্য কোনো কারণে হয়েছে তা খতিয়ে দেখার কথা জানায় বিমান। এই ঘটনার আগেও একবার বোয়িং ৭৮৭ এর উইন্ডশিল্ডে ক্র্যাক হয়েছিল বলে জানিয়েছিলো বিমান কর্তৃপক্ষ।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন