শনিবার এশার নামাজের পর জানাজা শেষে সেনা সদস্য রফিকুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়
বান্দরবানের রুমায় সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) গুলিতে এক সেনা সদস্য নিহত হয়েছেন। তার নাম রফিকুল ইসলাম (৩৭)। তিনি করপোরাল পদে কর্মরত ছিলেন। শুক্রবার বিকালে বড়থলি পাড়া আর্মি ক্যাম্পের আওতাধীন পলি পাংশা পাড়ার মধ্যবর্তী স্থানের যাত্রীছাউনি এলাকায় গুলিতে নিহত হন তিনি।পরিবারের সদস্যরা এ তথ্য জানিয়েছেন।
রফিকুল ইসলাম নোয়াখালীর চাটখিল উপজেলার পরকোট ইউনিয়নের পশ্চিম সোশালিয়া গ্রামের মফিজ উদ্দীনের ছেলে। শনিবার সন্ধ্যায় তার মরদেহ গ্রামের বাড়ি পৌঁছায়। এশার নামাজের পর জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
পরিবারের সদস্যরা জানান, ২০০৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দেন রফিকুল ইসলাম। শুক্রবার বিকালে গুলিতে আহত হন রফিকুল। পরে তাকে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শনিবার তার পরিবারের সদস্যরা চট্টগ্রাম সেনানিবাস থেকে মরদেহ গ্রহণ করেন।
রফিকুল ইসলামের স্ত্রী আমেনা বেগম সাংবাদিকদের বলেন, ‘রোজার আগে সবশেষ বাড়িতে এসেছিলেন তিনি। শুক্রবার সকালেও কথা হয়েছে। বলেছেন, ডিউটিতে আছেন। রাতে সেনাবাহিনীর পক্ষ থেকে ফোন করে মৃত্যুর খবর জানানো হয়।’
কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, আমার তিন ছেলে। বড় ছেলে পঞ্চম শ্রেণিতে পড়ে। পরিবারে আর কেউ উপার্জনক্ষম নেই। এখন কীভাবে চলবো? আমাদের দেখার আর কেউ রইলো না।’
চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দীন সংবাদমাধ্যমে বলেন, ‘চট্টগ্রাম সেনানিবাস থেকে শুক্রবার রাতে আমাকে ফোন করে তার সম্পর্কে বিভিন্ন তথ্য নেওয়া হয়েছিল। পরে স্বজনদের কাছ থেকে মৃত্যুর সংবাদ নিশ্চিত হয়েছি। বাংলাদেশ সেনাবাহিনী তার পরিবারের পাশে থাকবে বলে আশা করছি।’
