ফরিদপুর মেডিকেল কলেজের পঞ্চম তলার সার্জারি বিভাগে চিকিৎসাধীন থাকা নান্নু মণ্ডল। তিনি ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লী গ্রামে মন্দিরে আগুন দেওয়া সন্দেহে পিটুনিতে আহত হন। তিনি ওই দিনের ঘটনার বর্ণনা দিয়ে সংবাদমাধ্যমে বলেন, আমরা অনেক অনুনয় বিনয় করে বলেছিলাম আমরা আগুন লাগাইনি, আমরা দোষী না। আমরা যতই নির্দোষ দাবি করছিলাম ততই আমাদের ওপর নির্যাতন বেড়েই চলছিল।
গত ১৮ই এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যার ওই ঘটনায় পিটুনিতে দুই শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। আহত অবস্থায় ৭ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় এলাকায় উচ্চ নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। তিনি দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় এলাকার বারোয়ারী কালী মন্দিরে পূজা দিচ্ছিলেন পাশের বাড়ির তপতি মণ্ডল নামের এক গৃহবধূ। তিনি সাংবাদিকদের জানান, মন্দিরটিতে তিনি প্রতিদিন একই সময়ে একাই পূজা-অর্চনা করেন। ওইদিন পূজা দেয়া শেষে বাড়ি যাওয়ার সময় দেখছিলেন মন্দির সংলগ্ন পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন কাজের শ্রমিকরা ভবনের ছাদে রড তুলছিলেন। তিনি বাড়ি যেতে না যেতেই মন্দিরে আগুন লাগার খবর শুনে এসে দেখেন কালীর কাপড়ে আগুন। আগুনের খবর পেয়ে সংখ্যালঘু অধ্যুষিত এলাকার হাজার হাজার বাসিন্দা সেখানে জড়ো হন। শ্রমিকরা মন্দিরে আগুন দিয়েছেন এমন সন্দেহ থেকে একজোট হয়ে বিদ্যালয়ে থাকা ৯ শ্রমিককে তালাবদ্ধ করে ফেলেন। তারপর তাদের ওপর চালানো হয় নির্যাতন। নির্যাতনে ঘটনাস্থলেই দুই শ্রমিক পার্শ্ববর্তী এলাকা নওপাড়ার শাজাহানের দুই ছেলে আশরাফুল ও আরশাদুল মারা যায়। নির্যাতনে গুরুতর আহত হন অন্য শ্রমিকরা। স্থানীয়রা নিহত ও আহতদের ৬ ঘণ্টা ওই রুমে তালাবদ্ধ করে রাখেন।
