দেশে তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। এ কারণে তিনদিনের হিট এলার্ট জারি করা হয়েছে। এদিকে আগামী ৫ দিনে চলমান তাপপ্রবাহের উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তাই চলমান তাপপ্রবাহের মধ্যে শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় আগামী ২৭ এপ্রিল পর্যন্ত সব সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আজ শনিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানায়, আগামী ২৭ এপ্রিল পর্যন্ত সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলো বন্ধ থাকবে। এর আগে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ রাখার সিদ্ধান্ত জানায়।
এদিকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, তাপপ্রবাহের কারণে মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয় ও কলেজগুলো ২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। নিয়মিত পাঠদান শুরু হবে ২৮ এপ্রিল থেকে। কিছুক্ষণের মধ্যে এ সংক্রান্ত নির্দেশনা জানানো হবে।
গতকালকের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায়। আজ দুপুর ১২টায় চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ১৮ শতাংশ। সকাল ৯টায় চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এদিকে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় কুড়িগ্রামের রাজারহাট ও সিলেটে।
উল্লেখ্য, শুক্রবার ও শনিবার বন্ধ থাকায় রোববার থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিয়মিত পাঠদান শুরুর কথা ছিল। প্রাথমিক বিদ্যালয়ের ছুটি আরও আগে থেকে শুরু হলেও একই দিন খোলার কথা ছিল।
