সারা দেশে ঈদুল ফিতরের আগের ও পরে ১৫ দিনে ৩৯৯টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসময় অন্তত ৪০৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১ হাজার ৩৯৮ জন। আর গত বছরের তুলনায় এবারের ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা বেড়েছে ৩১ দশমিক ২৫ শতাংশ।
আজ শনিবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এই তথ্য জানান। যাত্রী কল্যাণ সমিতি এই সংবাদ সম্মেলনে আয়োজন করে। সংগঠনটির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেল ঈদযাত্রা শুরুর দিন ৪ এপ্রিল থেকে ১৮ এপ্রিল ঈদ শেষে কর্মস্থলে ফেরা পর্যন্ত সময়ের সড়কসহ বিভিন্ন দুর্ঘটনার চিত্র বিশ্লেষণের মাধ্যমে এ তথ্য তুলে এনেছে।
মো. মোজাম্মেল হক চৌধুরী জানান, একই সময়ে রেলপথে ১৮টি দুর্ঘটনায় ২৪ জন নিহত হয়েছে। আর ২১ জন আহত হয়েছে। এদিকে নৌপথের দুটি দুর্ঘটনায় ৭ জন নিহত ও ৫ জন আহত হয়েছে। সড়ক, রেল ও নৌপথে সব মিলিয়ে ৪১৯টি দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত হয়েছে। এসময় ১ হাজার ৪২৪ জন আহত হয়েছে।
মো. মোজাম্মেল হক চৌধুরী জানান, ২০২৩ সালের ঈদুল ফিতরে ৩০৪টি সড়ক দুর্ঘটনা হয়েছিল। ওই দুর্ঘটনায় ৩২৮ জন নিহত ও ৫৬৫ জন আহত হয়েছিল। বিগত বছরের তুলনায় এবারের ঈদে সড়ক দুর্ঘটনা ৩১ দশমিক ২৫ শতাংশ বেড়েছে। আর প্রাণহানি ২৪ দশমিক ৮ শতাংশ ও আহত হওয়ার হার ১৪৭ দশমিক ৪৩ শতাংশ বেড়েছে।
যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদনে দেখা যায়, বরাবরের মতো এবারও দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেল। এই ১৫ দিনে ১৯৮টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৬৫ জন নিহত হয়েছে। আর ২৪০ জন আহত হয়েছে। এটি মোট সড়ক দুর্ঘটনার ৪৯ দশমিক ৬২ শতাংশ। নিহতের ৪০ দশমিক ৫৪ শতাংশ আর আহতের ৩০ দশমিক ৩৭ শতাংশ।
পর্যবেক্ষণে দেখা গেছে, এবারের ঈদে লম্বা ছুটি থাকায় লক্ষ্যমাত্রার চেয়ে ২০ শতাংশ মানুষ বেশি যাতায়াত করেছে। বর্তমান সরকারের বিগত ১৫ বছরে ধারাবাহিক উন্নয়নের ফলে দেশের সড়ক-মহাসড়কের অবস্থা আগের তুলনায় ভালো থাকায় যানবাহনে গতি বেড়েছে। দেশের সব কটি সড়ক-মহাসড়কের পাশাপাশি পদ্মাসেতুতে মোটরসাইকেলের অবাধ চলাচলের কারণে মোট যাত্রীর ৭ দশমিক ৫ শতাংশ মোটরসাইকেলে যাতায়াত হয়েছে।
পর্যবেক্ষণে আরও বলা হয়, সরকারের বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকলেও অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য ও পথে পথে যাত্রী হয়রানি চরমে উঠেছিল। গণপরিবহনগুলোতে ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্যর কারণে বাসের ছাদে, ট্রেনের ছাদে, খোলা ট্রাকে, পণ্যবাহী পরিবহনে যাত্রী হয়ে জীবনের ঝুঁকি নিয়ে দরিদ্র লোকজনদের ঈদে বাড়ি যেতে হয়েছে।
