ভারতকে সম্প্রতি সড়ক, রেল, নদীপথে ট্রানজিট সুবিধা দিয়েছে বাংলাদেশ। এবার তেঁতুলিয়া দিয়ে নতুন ট্রানজিটের দাবি উঠেছে ভারতের নির্বাচনী মাঠে। তেঁতুলিয়ার বুক চিরে সোয়া চার কিলোমিটার রাস্তার ওপর অধিকারের দাবিকে ঘিরে জোরালো প্রচারণা চলেছে ভারতের জলপাইগুড়ি সংসদীয় কেন্দ্রে। আজ শুক্রবার ভারতের লোকসভা নির্বাচনের প্রথম দফাতেই সেখানে ভোট শুরু হয়েছে। নতুন এই ট্রানজিট নিয়ে ঢাকা-দিল্লির মধ্যে কূটনৈতিক স্তরে আগে আলোচনা শোনা যায়নি।
নিতুন আলোচনায় আসা ট্রানজিট রুটের নাম বলা হচ্ছে ‘তেঁতুলিয়া করিডোর’। ভারতীয়রা মনে করছে, এখান দিয়ে চলাচলের অধিকার পেলে পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলে একটা বিস্তীর্ণ অংশের মানুষের কলকাতা যাতায়াত অনেক সহজ হয়ে যাবে। বর্তমানে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় রাজগঞ্জ, মেখলিগঞ্জসহ বিভিন্ন এলাকার মানুষকে শিলিগুড়ি হয়ে ঘুরপথে যেতে হয়। তেঁতুলিয়া দিয়ে নতুন ট্রানজিট পেলে সেই দূরত্ব প্রায় ১০০ কিলোমিটার কমে যাবে। শিলিগুড়ির মতো ব্যস্ত শহরের ওপর দিয়ে যেতে হবে না। এজন্যই দীর্ঘদিন ধরে বাংলাদেশের মধ্যদিয়ে এই ‘করিডোরে’র অধিকার বা ‘রাইট টু প্যাসেজ’ চাচ্ছে সেখানকার মানুষ।
ভারতে ক্ষমতাসীন দল বিজেপির জলপাইগুড়ি আসনের প্রার্থী প্রতিশ্রুতি দিচ্ছেন, তারা আবার ক্ষমতায় এলে বাংলাদেশের কাছ থেকে এ করিডোরের অধিকার আদায় করেই দেখাবেন। তবে তার মূল প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের প্রার্থীর পাল্টা প্রশ্ন, বিজেপি তো গত ১০ বছর ধরেই দেশের ক্ষমতায়। তাহলে এতদিনেও এ করিডারের অধিকার বাস্তবায়িত হয়নি কেন?
ভোটের প্রচারে বিজেপি প্রার্থী একটা কথা বারবার বলছেন, এবারে জিতলে কেন্দ্রের বিজেপি সরকার তেঁতুলিয়া করিডোর অবশ্যই বাস্তবায়ন করবে।
বিজেপির প্রার্থী জয়ন্ত রায় বলেন, আলোচনা শুরু হয়েছে। হলদিবাড়ি-চিলাহাটি রেল সংযোগ যদি আমরা চালু করতে পারি, তাহলে এই করিডোরও অবশ্যই পারব।
তিনি বলেন, এই করিডোর আসলে জলপাইগুড়ির মানুষের খুবই দরকার – কারণ এটা হলে কলকাতার সঙ্গে ওই জেলার দূরত্ব প্রায় ১০০ কিলোমিটার কমে যাবে।
প্রস্তাবিত করিডোরটি জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকে চাউলহাটি নামে একটি গ্রাম থেকে শুরু হয়ে, বাংলাদেশের তেঁতুলিয়ার মধ্যে দিয়ে সোয়া চার কিলোমিটার দীর্ঘ একটি রাস্তা হবে – যা অন্য পাড়ে গিয়ে মিশবে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকে। রাস্তার অনেকটা অংশ বাংলাদেশের ভেতরে তৈরিও হয়ে আছে – এখন বিজেপি নেতারা চাইছেন 'সেটার কাজ শেষ করে তা ভারতীয়দের ব্যবহারের অনুমতি দেওয়া হোক।'
জেলায় বিজেপির দাপুটে সভাপতি বাপী গোস্বামীর বিশ্বাস, এটা যদি কেউ করে দেখাতে পারেন, তাহলে ‘রাষ্ট্রনায়ক’ ও ‘মুশকিল আসান’ নরেন্দ্র মোদীই পারবেন! বাংলাদেশে আমাদের বন্ধু সরকার আছেন, তারা নিশ্চয়ই সাহায্যের হাত বাড়িয়ে দেবেন।
চাউলহাটি কী বলছে?
'তেঁতুলিয়া করিডোর' যদি কোনোদিন সত্যিই বাস্তবায়িত হয়, তাহলে সেটি শুরু হবে রাজগঞ্জ ব্লকের সীমান্তবর্তী গ্রাম চাউলহাটি বাজারের সংলগ্ন ‘বর্ডার রোড’ থেকে। চাউলহাটি একটি ছোট্ট শান্ত জনপদ – গ্রামের হিন্দু-মুসলিম জনসংখ্যা প্রায় আধাআধি, গ্রামের বাজারকে ঘিরেই সামান্য যেটুকু ব্যস্ততা।
চাউলহাটির পাশ ঘেঁষেই সীমান্তের কাঁটাতারের বেড়া – তার দুপাশে দুদেশেই আবার রয়েছে মাইলের পর মাইল সবুজ চা-বাগান। একদিকে জলপাইগুড়ির, অন্য দিকে পঞ্চগড় জেলার। চাউলহাটি এলাকার প্রবীণ সরস্বতী রায় বলছিলেন, সেই কবে থেকে করিডোরের কথা শুনতে শুনতে আমরা তো বুড়োই হয়ে গেলাম। তবুও আজ যদি সেটা হয়, এলাকার তরুণদের খুব সুবিধে হবে। দোকানদার তাপস দেবনাথ বিশ্বাস করেন, এই করিডোরটা পেলে শুধু তাদের যে কলকাতা যেতেই অনেক সুবিধে হবে তা-ই নয়, গোটা এলাকার চেহারাও পাল্টে যাবে অবধারিতভাবে।
