পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের দেশ ভারতে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। শুক্রবার (১৯ এপ্রিল) শুরু হওয়া এই ভোট চলবে আগামী ১ জুন পর্যন্ত। ভোট নেওয়ার পর গণনা শেষে ৪ জুন নির্বাচন কমিশন ফল ঘোষণা করবে। শুক্রবার প্রথম দফায় দেশটির ২১ রাজ্যের ১০২ আসনে ভোট শুরু হয়, যেখানে ভোটার ১৬ কোটি ৬০ লাখ।
বিশ্বের তথা ইতিহাসের এবং সর্বকালের সবচেয়ে বেশিসংখ্যক ভোটার, ৯৬ কোটি ৯০ লাখ, এই নির্বাচনের জন্য নিবন্ধিত। মোট সাত দফায় ৪৪ দিনের মধ্যে তাদের ভোট দেওয়ার জন্য রয়েছে ৫৫ লাখ ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন)।
ভোটের আগে চালানো বিভিন্ন জনমত জরিপ বলছে, সহজ হয় পেতে চলেছে ক্ষমতাসীন বিজেপি (ভারতী জনতা পার্টি)। জরিপ সত্য হলে তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী।
বহুদলীয় গণতন্ত্র হিসেবে ভারতের নির্বাচনে বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দল ভোটের জন্য প্রতিদ্বন্দ্বিতা করে। তাদের মধ্যে দুটি প্রধান জোট হলো ক্ষমতাসীন বিজেপির নেতৃত্বাধীন এনডিএ (জাতীয় গণতান্ত্রিক জোট) এবং প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতৃত্বাধীন আইএনডিআইএ (ভারতীয় জাতীয় উন্নয়নমূলক অন্তর্ভুক্তিমূলক জোট)।
লোকসভার ৫৪৩ আসনের মধ্যে বিজেপি ৩৭০টি আসনে জয়ের আশা করছে। আর তাদের জোটের লক্ষ্য ৪০০ আসন। গত নির্বাচনে তাদের জোট পেয়েছিল ৩৫৩ আসন।
মোদীকে ঠেকাতে এবার কংগ্রেসের নেতৃত্বে বিরোধী ২৬ দল জোটবদ্ধ হয়। সেই জোটের মধ্যে আন্তঃকলহ লেগে আছে যার খবর প্রায়ই গণমাধ্যমে শিরোনাম হয়।
