সারা দেশে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য ছড়িয়ে দেওয়ার নেপথ্যে রয়েছে ১০ জন গডফাদার। তাঁরা মাদকের কারবার করে হাজার কোটি টাকার অবৈধ সম্পদ গড়েছেন। পর্যায়ক্রমে তাঁদের সম্পত্তি ক্রোক করা হবে। বৃহস্পতিবার এসব তথ্য জানায় অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।
সিআইডির তালিকাভুক্ত ১০ জন গডফাদার হলেন কক্সবাজারের টেকনাফের নুরুল হক ভুট্টো, সিদ্দিক আহমেদ, শফিক আলম ওরফে শফিক, ফজর আলী, নুরুল কবির, চট্টগ্রামের শফি, ঢাকার আদাবরের নুরুল ইসলাম, টঙ্গীর পূর্ব থানার পারুল, খুলনার শাহজাহান হাওলাদার এবং পাবনার শাহীন আলম। এঁদের মধ্যে দুজন গ্রেপ্তারের পর জামিনে রয়েছেন, অন্যরা পলাতক।
সিআইডির এক প্রতিবেদনে বলা হয়েছে,এই ১০ জন গডফাদারের ছায়ায় কাজ করছে ৬৩ জন মাদক কারবারি। তারা পুরো দেশে ছড়িয়ে আছেন। এই ৬৩ জনকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে এরই মধ্যে অভিযান চলছে। তাঁদের নামে টেকনাফ, ঢাকার আদাবর, টঙ্গী, খুলনা, পাবনা ও চট্টগ্রামে মামলা রয়েছে। এসব মামলায় তাঁরা দীর্ঘদিন ধরে পলাতক থেকে একই কাজ করছেন।
প্রতিবেদন অনুযায়ী, দেশের প্রতিটি এলাকায় তাঁদের প্রতিনিধি রয়েছে। তাঁরা বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন পেশার লোকজনের কাছে মাদক বিক্রি করছেন।তবে
তালিকাভুক্ত ১০ গডফাদাররা এখনো সিআইডির পুরোপুরি নিয়ন্ত্রণে আসেননি বলে জানানো হয়েছে। তাঁদের বেশির ভাগ টেকনাফ ও কক্সবাজারের বাসিন্দা। সিআইডি সূত্র বলছে, মাদক কারবারে সম্পৃক্ততার অভিযোগে এখন পর্যন্ত তিন গডফাদারের প্রায় আট কোটি ১১ লাখ টাকা মূল্যের জমি ও বাড়ি জব্দ করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন ব্যাংকে তাঁদের গচ্ছিত এক কোটি এক লাখ ২৩ হাজার ৪২৫ টাকা জব্দ করা হয়েছে। সব মিলিয়ে ৯.১১ একর জমি ও দুটি বাড়ি জব্দ তালিকায় রয়েছে, যার মূল্য ৮.১১ কোটি টাকা। অন্যদের সম্পত্তি ক্রোক করার বিষয় প্রক্রিয়াধীন। এই সম্পত্তির মধ্যে রয়েছে ১৯.৫৩৬ একর জমি, ১১টি বাড়ি এবং একটি গাড়ি, যার মূল্য ২৭.৪৬ কোটি টাকা।
সিআইডিপ্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া বলেন, তালিকাভুক্তরা মিয়ানমার ও টেকনাফ থেকে মাদক এনে সারা দেশে ছড়িয়ে দেন। তারা কোনো পেশায় না থাকলেও তাদের ব্যাংক লেনদেন অস্বাভাবিক পাওয়া গেছে। এছাড়া ক্রয়কৃত জমি, বাড়ি, ফ্ল্যাটসহ বিভিন্ন স্থাবর ও অস্থাবর সম্পত্তির সন্ধান পাওয়া গেছে। সব মিলিয়ে অবৈধভাবে অর্জিত অর্থের পরিমাণ হাজার কোটি টাকার বেশি হতে পারে। এর মধ্যে প্রায় ১৭৮ কোটি ৪৪ লাখ টাকা জব্দ করা হয়েছে।
