রাজধানী ঢাকার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, কারওয়ান বাজারসহ বিভিন্ন এলাকায় প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকা দরে। অথচ ঈদের চার-পাঁচ দিন আগেও আলুর কেজি ছিল ৪০ থেকে ৪৫ টাকা প্রতি কেজি। সেই হিসাবে দুই সপ্তাহের ব্যবধানে আলুর দাম কেজিতে বেড়েছে ১০ টাকার বেশি।
ব্যবসায়ীরা বলছেন, ঈদের কয়েকদিন আগে থেকেই আলুর দাম বাড়তে শুরু করে। এখন তা বেড়েই চলেছে। আলুর মৌসুম এখন শেষ। আমদানি না হলে আলুর দর কমার সম্ভাবনা নেই। বরং আরও বাড়তে পারে।
ঈদের আগে ভারত থেকে সরকারি উদ্যোগে প্রায় দেড় হাজার টন পেঁয়াজ আমদানি করা হয়, যা সরকারি সংস্থা টিসিবির মাধ্যমে ৪০ টাকা কেজি দরে বিক্রি হয়। বাজারে এর কিছুটা প্রভাব পড়েছিল। তখন দেশি পেঁয়াজের কেজি নেমেছিল ৫০ টাকার ঘরে। তবে ঈদের পর চড়তে থাকে দাম। কয়েক দফা বেড়ে এখন কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকায়। অনেক জায়গায় এই পেঁয়াজ ৭০ টাকা কেজি হিসেবেও বিক্রি হচ্ছে। অর্থাত সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে অন্তত ১০ থেকে ১৫ টাকা।
পেঁয়াজের মতো দর বেড়েছে আদা-রসুনেরও। বাজারে এখন আমদানি করা প্রতি কেজি চায়না রসুন ২২০ থেকে ২৩০ এবং দেশি রসুন ১৫০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। ঈদের আগে চায়না রসুন ১৯০ থেকে ২১০ টাকা এবং দেশি রসুন ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রি হয়েছে। অর্থাৎ গত আট-দশ দিনের ব্যবধানে আমদানি করা রসুন কেজিতে ২০ থেকে ৩০ এবং দেশি রসুন ৩০ টাকা বেড়েছে। এদিকে চায়না আদা কেজিতে ২০ টাকার মতো বেড়ে বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৩০ টাকা দরে।
আটার বাজারেও দেখা গেছে ঊর্ধ্বগতি। আটা কেজিতে বেড়েছে ৩ থেকে ৫ টাকা। আগে থেকে চড়ে থাকা চালের দর এখনও নামেনি। টিসিবির তথ্য বলছে, গত এক মাসে সব ধরনের সিদ্ধ চাল কেজিতে ২ থেকে প্রায় ৫ টাকা বেড়েছে।
রোজার মধ্যে ডিমের দাম বেশ কমেছিল। প্রতি ডজন নেমেছিল ১১০ থেকে ১১৫ টাকায়। এখন বাজারে প্রতি ডজন ফার্মের বাদামি ডিম বিক্রি হচ্ছে ১২৫ থেকে ১৩০ টাকা। আর ফার্মের সাদা ডিমের ডজন কিনতে হচ্ছে ১১৫ থেকে ১২০ টাকায়।
তবে ঈদের আগে হঠাৎ বেড়ে যাওয়া মুরগির দর কিছুটা কমেছে। প্রতি কেজি ব্রয়লার মুরগি ২২০ থেকে ২৩০ এবং সোনালি জাতের মুরগি ৩৩০ থেকে ৩৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। ঈদের আগে ব্রয়লারের কেজি ২৫০ থেকে ২৫৫ এবং সোনালি জাতের মুরগির কেজি ৩৫০ থেকে ৩৬০ টাকায় বিক্রি হয়েছিল।
