Logo
Logo
×

সংবাদ

বজ্রপাতে মৃত্যু চলছেই, মাঠে মারা হাজার কোটি টাকা

Icon

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৪, ০২:১২ এএম

বজ্রপাতে মৃত্যু চলছেই, মাঠে মারা হাজার কোটি টাকা

বজ্রপাতে বিশ্বের মোট মৃত্যুর চার ভাগের এক ভাগই হয় বাংলাদেশে। প্রতি বছর গড়ে বজ্রপাতে ২৬৫ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে ৭০ শতাংশই কৃষক। শুরু হয়েছে বৈশাখ মাস, এবারও এমন মৃত্যুর শংকা রয়েছে। 

বজ্রপাতে মৃত্যু ঠেকাতে প্রায় হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হয় গত এক দশকে। কিন্তু ত্রাণ ও কৃষি মন্ত্রণালয়ের নেওয়া প্রকল্পগুলো জলে গেছে। একটি প্রকল্প মাঝপথে বাতিল করা হয়েছে। অন্যগুলো কার্যকর নয়।  

শুনতে হাস্যকর হলেও, বাংলাদেশে বজ্রপাত ঠেকাতে আধুনিক প্রযুক্তি ব্যবহার না করে তালগাছ লাগানোর প্রকল্প নেওয়া হয়। অথচ একটি তালগাছ বড় হতে প্রায় ৩০ বছর সময় লাগে।  ২০১৭ সালে ১০ লাখ তালগাছের চারা ও ৩৫ লাখ আঁটি রোপণের উদ্যোগ নেওয়া হয়।  কিন্তু পরিচর্যা না থাকায় বেশিরভাগ চারা মরে গেছে।  আর বেশিরভাগ আঁটি থেকে গাছের জন্মই হয়নি। ২০২২ সালে প্রকল্পটি বাতিল করা হয়।  এর পেছনে প্রায় শত কোটি টাকার পুরোটাই গচ্চা গেছে। 

২০১৭ সালে বজ্রপাতের পূর্বাভাস জানতে ৬৮ কোটি টাকা ব্যয়ে দেশের আটটি স্থানে বসানো হয় লাইটনিং ডিটেকটিভ সেন্সর। এটি ১৫ মিনিট আগে বজ্রপাতের পূর্বাভাস দিতে পারে। কিন্তু সেই প্রকল্পও আলোর মুখ দেখেনি। অথচ পুরো অর্থই ব্যয় হয়ে গেছে।

সম্প্রতি মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার সহযোগিতায় বজ্রপাত সম্পর্কে আগাম তথ্য পেতে হাই ইমপ্যাক্ট ওয়েদার অ্যাসেসমেন্ট নামে আরেকটি প্রযুক্তি চালু করা হয়েছে। এটি ৫৪ ঘণ্টা আগেই বজ্রপাতের আগাম তথ্য দিতে পারে। কিন্তু কৃষক ও জেলেদের কাছে এই প্রযুক্তি সহজলভ্য না হওয়ায় এটি কাজে আসছে না।

তালগাছের পর দুর্যোগ মন্ত্রণালয় ১ হাজার ৯শ কোটি টাকার আরেকটি প্রকল্প হাতে নেয়।  যা একনেকে পাসের অপেক্ষায় আছে। সব মিলিয়ে বলা যায়, বজ্রপাতে মৃত্যু ঠেকাতে নামকাওয়াস্তে বিভিন্ন প্রকল্প শুরু করে শুধুই অর্থই খরচ করা হচ্ছে।  কিন্তু কাজের কাজ হচ্ছে না কিছুই।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন