চীন ভিসা কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
চীনের বাংলাদেশের সঙ্গে ব্যবসা ও যোগাযোগ বৃদ্ধি পেয়েছেন। তাই ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ঢাকায় আলাদা ভিসা কেন্দ্র চালু করেছে চীন দূতাবাস। আজ বৃহস্পতিবার সকালে দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ঢাকার বনানীতে প্রাসাদ ট্রেড সেন্টারে চীন ভিসা কেন্দ্রের উদ্বোধন করেন।
চীন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে সব পর্যায়ে এবং সব খাতে নিবিড় যোগাযোগ হচ্ছে। আগের থেকে অনেক বেশি বাংলাদেশি চীনে যাওয়ার আগ্রহ দেখাচ্ছেন। এজন্য চীনা ভিসা পাওয়ার চাহিদা বাড়ছে। তাদের কথা চিন্তা করে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এখন থেকে শুধু কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের দূতাবাসে গিয়েই ভিসার আবেদন জমা দিতে হবে। তবে সাধারণ পাসপোর্টধারীদের আর দূতাবাসে যেতে হবে না।
তিনি বলেন, সাধারণ পাসপোর্টধারীদের চীনের ভিসার জন্য শুরুতে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে ভিসা কেন্দ্রের ওয়েবসাইটে লগ-ইন করতে হবে। পরবর্তী প্রক্রিয়াকরণের জন্য যেতে হবে ভিসা কেন্দ্র। ছুটির দিন ছাড়া ভিসা কেন্দ্র খোলা থাকবে রোববার থেকে বৃহস্পতিবার। আবেদন জমা এবং ফি জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা থেকে বেলা ৩টা।
চীন রাষ্ট্রদূত আরও বলেন, গত বছর প্রতিদিন গড়ে দেড় হাজার বাংলাদেশি চীনা ভিসার আবেদন করেছেন। লোকবলের স্বল্পতা ও ভিসাপ্রাপ্তিতে দীর্ঘসূত্রতার পরও এটি অনেক। ঢাকার এ কেন্দ্র নিয়ে বিশ্বব্যাপী চীনা ভিসা কেন্দ্রের সংখ্যা বেড়ে ১০৩টি হলো। ২০২৩ সালের ১৫ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভিসা আবেদনের পুরো প্রক্রিয়া অনলাইনে করা হয়েছে। এর সুফল পাওয়া যাচ্ছে।
ইয়াও ওয়েন বলেন, ভিসা ফর্ম পূরণ, আবেদনের সঙ্গে তথ্যপ্রমাণ জমা এবং অনলাইন সাক্ষাৎকারের মত সুযোগ তৈরির পর ‘উল্লেখযোগ্য’ ফল পাওয়া গেছে। ওই প্রক্রিয়ার কারণেই ১০ মাসের কম সময়ের মধ্যে বিভিন্ন ধরনের প্রায় ৪৪ হাজার ভিসা ইস্যু করা সম্ভব হয়েছে। চীন দূতাবাস জানিয়েছে, নির্ধারিত ভিসা ফি এবং প্রযোজ্য ক্ষেত্রে এক্সপ্রেস সার্ভিস ফির পাশাপাশি আবেদনের জন্য একটি ফি দিতে হবে। আবেদনের বিস্তারিত জানা যাবে ভিসা কেন্দ্রের ওয়েবসাইটে (visaforchina.cn)।
