প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) আপিল বিভাগের বিচারপতিদের সমমর্যাদা এবং সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। আর অন্যান্য নির্বাচন কমিশনারদের হাইকোর্ট বিভাগের বিচারপতির সমান সুযোগ সুবিধা পাবেন। বুধবার (১৭ এপ্রিল) মন্ত্রীসভার বৈঠকে এ আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে সিইসি আপিল বিভাগের একজন বিচারপতি যে সুযোগ-সুবিধা পান সেটাই পাবেন আর কমিশনাররা হাইকোর্ট বিভাগের বিচারপতির সমান সুযোগ-সুবিধা পাবেন।
আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বিষয়টি খুব একটা ভালো ভাবে দেখছেন না। তিনি বাংলা আউটলুককে বলেন বলেন, নির্বাচন কমিশনারদের সুবিধা দিতে হলে অন্যভাবে দেওয়া যেত। সেটা বিচারপতিদের সমমর্যাদায় আনাটা মোটেই সমীচীন হয়নি। এতে বিচারকদের মধ্যে এক ধরনের ক্ষোভের জন্ম দিবে। বিচার ব্যবস্থায়ও এর প্রভাব পড়বে।
যদিও সামসুদ্দিন চৌধারী মানিকই আপিল বিভাগের বিচারপতি থাকাকালে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের সুবিধা এবং পদমর্যাদা বাড়ানোর জন্য একটি রায় দিয়েছিলেন বলে উল্লেখ করেন তিনি।
আমেরিকা, পাকিস্তান এবং ভারতের উদাহরণ টেনে শামসুদ্দিন চৌধারী মানিক মন্তব্য করেন, এসব দেশেও নির্বাচন কমিশন এবং বিচার বিভাগ বেশ প্রভারশালী। কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে আলাদা নীতিমালার মাধ্যমে প্রতিষ্ঠিত। কারও সাথে কারও কোনো দ্বন্দ্ব বা মর্যাদার বৈষম্য নেই। আবার এসব দেশেও বিচার বিভাগকে স্পেশাল (বিশেষ) মর্যাদায় রাখা হয়েছে। কিন্তু বাংলাদেশ সরকারের এমন সিদ্ধান্ত মোটেই ইতিবাচক প্রভাব নিয়ে আসবে না। এর ফলে বিচারকদের মর্যাদা ক্ষুণ্ন করলো।
সংবিধান বিশেষজ্ঞ এবং সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আমিরুল ইসলাম বাংলা আউটলুককে বলেন, নির্বাচন কমিশনাররা নিঃসন্দেহে অনেক কাজ করেন। কিন্তু সেটা বিচারপতিদের সাথে তুলনায় আনা বা মর্যাদার বিবেচনায় আনা মোটেই সমীচীন হয়নি। এ ধরনের সিদ্ধান্ত ভালো কোনো ফলাফল নিয়ে আসবে না। বিচার বিভাগে অবশ্যই এর নেতিবাচক প্রভাব পড়বে।
উল্লেখ্য, ২০২১ মালের ২৭ নভেম্বর, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারক (পারিতোষিক ও বিশেষাধিকার) বিল ২০২১ সহ দুটি বিল উত্থাপন করা হয়। ওই বিলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মাসিক বেতন ১ লাখ ১০ হাজার টাকা, আপিল বিভাগের বিচারপতির ১ লাখ ৫ হাজার টাকা, হাইকোর্ট বিভাগের বিচারপতির ৯৫ হাজার টাকা নির্ধারণ করা হয়।
এছাড়া বিলে বিচারপতিদের মূল বেতনের শতকরা ৫০ ভাগ বাড়ি ভাড়া। প্রতি ৩ বছর পর পর এক মাসের শ্রান্তি ও বিনোদন ছুটি এবং ১ মাসের বেতন, বছরে দুটি উৎসব ভাতা, বছরে একবার শতকরা ২০ ভাগ নববর্ষ ভাতা, নিয়ামক ভাতাসহ অন্যান্য সুবিধাদি প্রাপ্যের বিধানের করা হয়।
