যুক্তরাষ্ট্রে সাজাপ্রাপ্ত আসামির বাড়িতে অতিথি হলেন প্রধান বিচারপতি
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৪, ১০:১২ পিএম
যুক্তরাষ্ট্রে সাজাপ্রাপ্ত আসামি সাবেক ইমিগ্রেশন অ্যাটর্নি মোহামেদ আলমগীরের বাড়িতে আপ্যায়িত হয়েছেন বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
যুক্তরাষ্ট্রে সাজাপ্রাপ্ত এক আসামির বাড়িতে আপ্যায়িত হয়েছেন বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। কয়েকদিন আগে যুক্তরাষ্ট্র সফরকালে বাংলাদেশের প্রধান বিচারপতি ভার্জিনিয়ায় জালিয়াতির মামলায় সাজাপ্রাপ্ত সাবেক ইমিগ্রেশন অ্যাটর্নি মোহামেদ আলমগীরের বাসভবনে আতিথ্য গ্রহণ করেন।
নিউ ইয়র্ক থেকে প্রকাশিত বাংলা অনলাইন নিউজ পোর্টাল পরিচয় ডটকমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, একাধিক বাংলাদেশির মাধ্যমে যুক্তরাষ্ট্রে ইমিগ্রেশন সুবিধা অর্জনের জালিয়াতির ১৬৪টি অভিযোগে সাবেক ইমিগ্রেশন অ্যাটর্নি মোহামেদ আলমগীর আদালতে দোষী সাব্যস্ত হয়ে জেল খেটেছেন।
আদালতের নথিপত্রে দেখা যায়, ১৯৯৬ সালের আগস্ট থেকে ২০০৩ সালের আগস্ট পর্যন্ত মোহামেদ আলমগীর স্রেফ লোভের বশবর্তী হয়ে লেবার সার্টিফিকেশনের জালিয়াতির মাধ্যমে ২ মিলিয়ন ৭ লাখ ৫০ হাজার ডলার হাতিয়ে নিয়েছেন। আদালতে মোহামেদ আলমগীর ১৫৯টি জালিয়াতি, ৪টি মানি লন্ডারিং ও ১টি ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ স্বীকার করেছেন।
শাস্তি হিসেবে ৪০ মাস জেল খাটার পর তদারকিতে ৩ বছরেে জন্য সীমিত মুক্তি পান। আর ২ মিলিয়ন ডলার বাজেয়াপ্ত যার মধ্যে ৭ লাখ ৫০ হাজার ডলার তিনি পরিশোধ করেছেন।
এদিকে পেনসিলভেনিয়া ও ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ায় তার আইনি পেশায় নিয়োজিত থাকার সুযোগ কেড়ে নেওয়া হয়। ইমিগ্রেশন আইনজীবী হিসেবে তার লাইসেন্সও বাতিল করা হয়। যা এখনো পর্যন্ত বাতিলই রয়ে গেছে। যদিও তিনি কম্যুনিটিতে এখনো ‘অ্যাটর্নি আলমগীর’ হিসেবেই পরিচিত।
জালিয়াতির অপরাধে সাজাপ্রাপ্ত হওয়া সত্ত্বেও তিনি গত বছর যুক্তরাষ্ট্রে ফেডারেশন অব বাংলাদেশি এসোসিয়েশনস অব নর্থ আমেরিকার (ফোবানা) কয়েক অংশের মধ্যে এক অংশের চেয়ারম্যানও নির্বাচিত হয়েছেন। ফোবানার কয়েক অংশের মধ্যে এক অংশের চেয়ারম্যান পরিচয়ে তিনি গত বছর ঢাকায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথেও সাক্ষাৎ করেছেন।
বাংলাদেশের বিচারব্যবস্থায় সবচাইতে দায়িত্বপূর্ণ অবস্থানে থাকার পর প্রধান বিচারপতি ওবায়দুল হাসান কীভাবে এবং কি প্রয়োজনে জালিয়াতির দায়ে যুক্তরাষ্ট্রের আদালতে দণ্ডিত ও সাজাপ্রাপ্ত একজন আসামির বাসভবনে আপ্যায়িত হতে পারেন সে প্রশ্ন অনেকেই করছেন।
