কাশ্মীরের এক মসজিদের তহবিলে কিছু দিতে না পেরে নিজের কাছে থাকা একটি ডিম দান করেন এক দরিদ্র নারী। সেই ডিম নিয়ে বিপাকে পড়ে মসজিদ কমিটি। কি করবেন সেই ডিম? কিন্তু সেই ডিমের কল্যাণেই সোয়া দুই লাখ রুপি সংগ্রহ হয়।
কাহিনীর শুরু ভারত শাসিত কাশ্মীরের সোপোর জেলার মাল মাপানপুরা গ্রামের একটি মসজিদ থেকে। মসজিদ কমিটি সিদ্ধান্ত নেয়, ঈদ উপলক্ষে বাড়ি বাড়ি ঘুরে তারা নগদ অর্থ আর বিভিন্ন সামগ্রী দান হিসাবে সংগ্রহ করবে। কেউ নগদ অর্থ দিয়েছেন, কেউ থালা বাসন, মুরগি বা চাল দান করেছেন।
মসজিদ কমিটির এক সদস্য নাসির আহমেদ বলেন, “একটা ছোট বাড়ি থেকে এক নারী মাথা নিচু করে বেরিয়ে আসেন। আমার কাছে এসে তিনি একটা ডিম দিয়ে বলেন তার দানটা যেন আমি গ্রহণ করি।”
ওই নারী খুবই গরীব। একটা ভাঙাচোরা ছোট্ট ঘরে একমাত্র ছেলের সঙ্গে বাস করেন। কিন্তু এই ডিম নিয়ে কী করা হবে? অন্যান্য জিনিস বিক্রি করার জন্য দেওয়া গিয়েছিল। কিন্তু এই ডিম কি করা যায়?
বাজারে ডিমটির মূল্য মাত্র ছয় রুপি। কিন্তু অত্যন্ত গরীব ওই নারী যে আবেগ নিয়ে দান করেছিলেন সেই আবেগতো অমূল্য।
কমিটির অন্য সদস্যদের সঙ্গে আলোচনা করে ডিমটাকে নিলামে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথম দর ওঠে দশ রুপি। কিছুক্ষণের মধ্যে দাম হাঁকানো হয় দশ হাজার রুপি।
মসজিদের কমিটি সিদ্ধান্ত নেয় তিনদিন পর্যন্ত নিলাম করা হবে।
প্রথম দুদিনে ৫০ হাজার রুপি পর্যন্ত দর উঠেছিল। এরপর শেষ দিনে সন্ধ্যা ৭টা পর্যন্ত নিলাম চলবে, এরকম একটা ঘোষণা করা হয়।
শেষ দিনের নিলামে দুবার হাঁক দেওয়া হয়েছিল ৫৪ হাজার রুপি। একেবারে শেষ লাইনে দাঁড়িয়ে থাকা ব্যবসায়ী দানিশ হামিদ এসময় ৭০ হাজার রুপি দর হাঁকান।
শেষ পর্যন্ত ডিমটি তার হাতেই তুলে দেওয়া হয়।
যারা নিলামে অংশ নিয়েও ডিমটি পাননি তারা কেউই হতাশ হননি। বরং নিজেদের হাঁকানো সর্বোচ্চ দরের অর্থ মসজিদে দান করে দেন। ওই ডিমের কল্যাণে সব মিলিয়ে ওঠে সোয়া দুই লাখ রুপির একটু বেশি।
কেউ ভাবতেই পারেননি ছয় রুপির একটা ডিম নিলামে তুলে সোয়া দুই লাখ রুপি সংগ্রহ করা যাবে।
আড়াইশো মানুষের বসবাস সেই গ্রামে। সেখানে বড় জামাতের মসজিদ ছিল না। সেজন্যই একটা বড় মসজিদ বানানোর কাজ শুরু করা হয়। কিন্তু তহবিলের অভাবে ছাদ পর্যন্ত বানিয়ে আর কাজ এগোনো যায়নি।
ডিমটি হাতে পাওয়ার পর দানিশ হামিদ বলেন, “আমি এখন ওই ডিমটাকে সুন্দর করে সাজিয়ে রাখার জন্য একটা ভালো ফ্রেম বানাচ্ছি। সামলিয়ে রাখতে হবে এটা। আমার বাড়িতে সবসময়ে সাজিয়ে রেখে দেওয়া হবে, যাতে ভেঙে না যায়।”
তিনি চাইছেন, এই ডিম যারাই দেখতে আসবেন, তাদের কাছে যেনো স্মরণীয় হয়ে ওঠে, কীভাবে এক নারী খোদার জন্য দামের কথা না ভেবেই একটা ডিম দান করে দিয়েছিলেন। আর সেই দান কিভাবে হয়ে উঠেছিলো অমূল্য।
