Logo
Logo
×

সংবাদ

এক লাখেরও বেশি ইভিএম নষ্ট, হাজার কোটি টাকা রাষ্ট্রীয় ক্ষতি

Icon

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৪, ১০:০৬ পিএম

এক লাখেরও বেশি ইভিএম নষ্ট, হাজার কোটি টাকা রাষ্ট্রীয় ক্ষতি

জীবনকাল ১০ বছরের থাকলেও মাত্র ৫ বছরেই নষ্ট হয়ে গেছে এক লাখেরও বেশি ইভিএম। পাঁচ বছর আগে তিন হাজার ৮২৫ কোটি টাকায় কেনা হয়েছিলো দেড় লাখ ইলেকট্রনিক ভোটিং মেশিন। প্রতিটির দাম ছিল দুই লাখ ৩৫ হাজার টাকা। তখন ভারতের চেয়ে ১১ গুণ বেশি দামে এসব যন্ত্র কেনা হয়েছিল।  এগুলোর জীবনকাল ১০ বছর ধরা হলেও এর অর্ধেক সময়েই নষ্ট হয়েছে এক লাখের বেশি মেশিন।

২০১০ সালে চট্টগ্রাম সিটি নির্বাচনে প্রথম বারের মতন ইভিএম ব্যবহার হয়। ২০১৩ সালে রাজশাহী সিটি নির্বাচনে ভোট চলাকালে মেশিনের সমস্যার কারণে ১২০০ মেশিন বাতিল ঘোষণা করায় রাষ্ট্রের ক্ষতি হয় প্রায় আটশ কোটি টাকা। ২০১৪ সালের সংসদ নির্বাচনে মাত্র ৬টি আসনে ইভিএম ব্যবহার হয়।

যে প্রকল্পের অধীনে এই যন্ত্রগুলো কেনা হয়েছিল, সে প্রকল্পের মেয়াদ শেষ হচ্ছে আগামী জুনে। ইভিএমগুলো রক্ষণাবেক্ষণেও প্রকল্পে কোনো অর্থসংস্থান নেই। এখন এসব অকেজো ইভিএম নিয়ে নির্বাচন কমিশন কী করবে, তা নিয়ে তারা সিদ্ধান্তহীনতায় আছে।  

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তড়িঘড়ি করে ত্রুটিপূর্ণ প্রকল্প নিয়েছিল ইসি। যে কারণে এখন এই অবস্থা তৈরি হয়েছে। ভোটে ইভিএমের ব্যবহার নিয়ে রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের বিতর্ক থাকলেও কমিশন তখন তা আমলে নেয়নি। কেন, কার স্বার্থে এই ইভিএম কেনা হয়েছিল, তা তদন্তের দাবিও উঠেছে এখন।

বর্তমান নির্বাচন কমিশন মনে করে, ড. এটিএম শামসুল হুদা কমিশন ইভিএম নিয়ে যে প্রকল্প গ্রহণ করেছিলো, তা ছিলো অসম্পূর্ণ। মেশিনের সংরক্ষণ ও মেরামতের কোনো বাজেট ছিলো না। জনবলের সংস্থান ছিলো না। পরবর্তীতে কাজী রকিবউদ্দীন কমিশন ও কে এম নূরুল হুদা কমিশনও ঐ একই পথে হেটেছে।

বর্তমান নির্বাচন কমিশনের সময়ে আর কোনো জাতীয় নির্বাচন হচ্ছে না। তাই পরবর্তী সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার হবে কি হবে না, সেই সিদ্ধান্ত এই কমিশন নিতে চাইছে না।

শুরুতে বুয়েটের কাছ থেকে প্রতিটি মেশিন সর্বোচ্চ ৫০ হাজার টাকায় কেনা হলেও পরবর্তীতে কয়েক ধাপে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির কাছ থেকে ২ লাখ ৩৫ হাজার টাকা দরে ইভিএম কেনে নির্বাচন কমিশন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন