শনিবার ইসরায়েল লক্ষ্য করে ব্যাপক হামলা চালায় ইরান। সে হামলার প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। তবে যুক্তরাষ্ট্র বলেছে, ইসরায়েল যদি প্রতিশোধমূলক কোনো পদক্ষেপ নেয় তাতে অংশ নেবে না মার্কিন পক্ষ। দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে বিভিন্ন দেশ। পরিস্থিতি কোন দিকে যাবে তা তুলে ধরেছেন বিবিসির নিরাপত্তাবিষয়ক সংবাদদাতা ফ্রাঙ্ক গার্ডনার।
ইসরায়েল লক্ষ্য করে তেহরান যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছিলো তা ছিলো সিরিয়ায় ইরানের কনস্যুলেটে ইসরায়েলের হামলার জবাব। তবে ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, ওই ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ৯৯ শতাংশই আকাশে থাকতে ধ্বংস করা হয়েছে। এই অবস্থায় আরও একটি যুদ্ধ পরিস্থিতি তৈরি হচ্ছে কিনা সেই প্রশ্ন সবার। বিষয়টি পুরোপুরি নির্ভর করছে ইরানের হামলার জবাব ইসরায়েল কীভাবে দেবে তার ওপর।
ওই হামলার পর ইরানের ভাষ্যটা ছিল এমন, “আমাদের ওপর হামলার হিসাব চুকিয়ে দেওয়া হয়েছে। এখানেই বিষয়টি শেষ করছি আমরা। ইসরায়েল যেনো পাল্টা হামলা না চালায়। যদি তেমনটা না করে তেল আবিব, তাহলে আরও শক্তিশালী হামলা চালাবে তেহরান। যে হামলা রুখতে পারবে না ইসরায়েল।“
কিন্তু বিষয়টি ইসরায়েলের জন্য এখন প্রেস্টিজ ইস্যু। এরইমধ্যে ইরানের হামলার জবাব দেওয়ার হুমকি দিয়েছে দেশটি। ইসরায়েলের বর্তমান সরকারকে দেশটির ইতিহাসে সবচেয়ে কট্টরপন্থী সরকারগুলোর একটি বলে মনে করা হয়। যারা এখন গাজায় ব্যাপক হামলা চালাচ্ছে যা অনেকটাই প্রতিশোধমূলক।
গত ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। সেদিন থেকেই ফিলিস্তিনের গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। তাই বিভিন্ন দেশ থেকে যতই সংযত থাকার আহ্বান জানানো হোক না কেন, তেহরানের হামলার জবাব ইসরায়েলের বর্তমান যুদ্ধকালীন সরকার দেবে না, এমন সম্ভাবনা কম।
ইসরায়েল যদি পাল্টা পদক্ষেপ নিতেই চায়, তাহলে গতকাল যেসব ঘাঁটি থেকে ইরান হামলা চালিয়েছে, সেখানে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে তারা। অথবা আরও বড় পরিসরে কিছু করতে চাইলে তারা ইরানের শক্তিশালী রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) বিভিন্ন ঘাঁটি, প্রশিক্ষণকেন্দ্র ও কমান্ড সেন্টারে হামলা করতে পারে। তবে এতে ইরানের পাল্টা প্রতিশোধ নেওয়ার ঝুঁকি বাড়বে।
উপসাগরীয় অঞ্চলে ছয়টি আরব দেশে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা রয়েছে। মার্কিন সেনারা সিরিয়া, ইরাক ও জর্ডানেও অবস্থান করছেন। যুদ্ধের ব্যাপ্তি বাড়লে এসব দেশে মার্কিন বাহিনী ইরানের ক্ষেপণাস্ত্রের নিশানা হতে পারে। তাই যুক্তরাষ্ট্র কি করবে সেটিও বড় প্রশ্ন।
পাল্টা হামলার শিকার হলে ইরান আরেকটি পদক্ষেপও নিতে পারে। এর হুমকি অবশ্য তারা বহু আগে থেকেই দিয়ে আসছে। সেটি হলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধের চেষ্টা করা। এ জন্য তারা মাইন ও ড্রোন ব্যবহার করতে পারে। এতে বাধার মুখে পড়তে পারে বিশ্বের এক–চতুর্থাংশ জ্বালানি তেল পরিবহন।
ইরানি কনস্যুলেটে ইসরায়েলের হামলা, এরপর তেহরানের পাল্টা হামলা দুঃস্বপ্নের মতো পরিস্থিতি তৈরি করেছে। দুই দেশের এ পদক্ষেপের কারণে উপসাগরীয় দেশগুলোর যুদ্ধে জড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতি এড়াতে এ মুহূর্তে দিনভর কাজ করে যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের সরকার।
তবে ইসরায়েল চাইলে প্রতিবেশী দেশগুলোর কথা শুনতে পারে এবং কৌশলগত ধৈর্য দেখাতে পারে। অর্থাত একইভাবে পাল্টা হামলা না চালানো এবং এ অঞ্চলে হিজবুল্লাহর মতো ইরানপন্থী গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়ে যাওয়া। এ কাজ অবশ্য বহু বছর ধরেই করে আসছে ইসরায়েল।
