সোমালি জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ এবং এর ২৩ নাবিককে ৫০ লাখ ডলার মুক্তিপণ নিয়ে মুক্তি দেওয়া হয়েছে। দুই জলদস্যুর বরাত দিয়ে রোববার এমন খবর দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
রোববার সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে মুক্ত হয় এমভি আব্দুল্লাহ এবং জাহাজের ২৩ বাংলাদেশি নাবিক। জলদস্যুদের একজন আবদিরাশিদ ইউসুফ রয়টার্সকে বলেন, আমাদের কাছে দুই রাত আগে মুক্তিপণের অর্থ এসেছে। সেগুলো জাল কি না, তা পরীক্ষা করে দেখেছি। তারপর আমরা নিজেদের মধ্যে ভাগ করে সরকারি বাহিনীকে এড়িয়ে চলে যাই।
সব নাবিকসহ জাহাজ ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এ বিষয়ে সোমালিয়া সরকারের সঙ্গে যোগাযোগ করেও তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
গত ১২ মার্চ মোজাম্বিক থেকে কয়লা পরিবহন করে আরব আমিরাতের দিকে যাওয়ার সময় জলদস্যুর কবলে পড়ে এমভি আব্দুল্লাহ। দীর্ঘ ৩২ দিন পর জাহাজটিকে মুক্তি দেওয়া হয়েছে বলে রোববার ভোর সাড়ে ৩টার দিকে জাহাজের মালিক প্রতিষ্ঠান কেএসআরএম গ্রুপ জানায়।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, জলদস্যুদের সঙ্গে জাহাজ ও নাবিকদের মুক্তির ব্যাপারে চলমান সমঝোতা সফলভাবে শেষ হওয়ার পর দস্যুরা জাহাজটিকে আজ মুক্তি দিয়েছে। তবে কত টাকা মুক্তিপণ দেওয়া হয়েছে এ বিষয়ে কোনো কিছু জানানো হয়নি।
জাহাজটি বর্তমানে দুবাইয়ের পথে রয়েছে এবং নাবিকরা সবাই শারীরিকভাবে সুস্থ আছেন। জাহাজটি আগামী ১৯ এপ্রিলের দিকে দুবাইয়ের বন্দরে পৌঁছাবে বলে আশা প্রকাশ করেন কেএসআরএম গ্রুপের চিফ এক্সিকিউটিভ অফিসার মেহেরুল করিম।
সামুদ্রিক সূত্রের বরাতে রয়টার্স বলছে, গাজায় ইসরায়েল এবং ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি গোষ্ঠীর জাহাজে আক্রমণে সমুদ্রপথে জাহাজ চলাচলে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়েছে। সম্ভবত এই বিশৃঙ্খলার সুযোগ বা নিরাপত্তা শিথিলতা জলদস্যুদের উৎসাহিত করেছে।
