Logo
Logo
×

সংবাদ

সেই ‘মাসুদ’ এখন চট্টগ্রাম বিআরটিএতে, ভালো হয়েছে কিনা প্রশ্ন নগরবাসীর

Icon

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৪, ১২:১৬ এএম

সেই ‘মাসুদ’ এখন চট্টগ্রাম বিআরটিএতে, ভালো হয়েছে কিনা প্রশ্ন নগরবাসীর

‘মাসুদ এখন ভালো হয়ে চট্টগ্রামের অলংকার মোড়ে বাস কাউন্টারে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) হয়ে অভিযান পরিচালনা করছেন। কথা হইলো হেতে কি আসলে ভালো হইছে’- এভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ফেরদৌস মুন্না নামে চট্টগ্রামের এক বাসিন্দা। 

জানা গেছে, মাসুদ এখন চট্টগ্রাম বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ২০২২ সালের ২১ জুন খুলনার বিভাগীয় পরিচালকের (ইঞ্জিনিয়ারিং) চলতি দায়িত্ব পালন করেছেন তিনি।  

২০১৭ সালের জানুয়ারিতে বিআরটিএ’র মিরপুর কার্যালয় পরিদর্শনে গিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার সঙ্গে থাকা প্রতিষ্ঠানটির উপ-পরিচালক মাসুদ আলম প্রসঙ্গে বলেছিলেন, ‘ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। তোমাকে আমি অনেক সময় দিয়েছি। তুমি ভালো হয়ে যাও। তুমি কি এখানে আবার পুরানো খেলা শুরু করেছ? তুমি কি কোনো দিনও ভালো হবে না?’

ওইদিন তিনি আরও বলেন, ‘মাসুদের সঙ্গে দেখা হলেই প্রায় আমি বলি, মাসুদ তুমি ভালো হয়ে যাও, কিন্তু সে এখনও পুরোপুরি ভালো হয়নি। মাসুদ দীর্ঘদিন বিআরটিএতে আছে। ব্যবহার ভালো, মধুর মতো। কিন্তু যা করার একটু ভেতরে ভেতরে করে।’ সেতুমন্ত্রীর এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হয়।

ভাইরাল হওয়া ভিডিওতে আশপাশে থাকা অন্যান্য গণমাধ্যমকর্মীরা জানান, সে সময় প্রায়ই হঠাৎ করেই বিভিন্ন এলাকায় পরিদর্শনে যেতেন ওবায়দুল কাদের। তখন কাদেরের সঙ্গে বিআরটিএ’র উপ-পরিচালক মাসুদ আলমও থাকতেন। কাদের তখন অনেকটা হাসি-ঠাট্টা করেই কথাগুলো বলতেন।

ভিডিওটি প্রসঙ্গে মাসুদ আলম গণমাধ্যমকর্মীদের বলেছিলেন, ‘এটি চার বছর আগের ঘটনা।’

আপনাকে তো ভালো হয়ে যেতে বলেছিলেন মন্ত্রী, ভালো হয়েছেন কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি তো এখন মিরপুর অফিসে বসি না, হেড অফিসে বসি।’

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন