Logo
Logo
×

সংবাদ

বেনজীর প্রসঙ্গে দুদক আইনজীবী: দুদক জিন-পরী নয়, আসলো আর ফুঁ দিয়ে দিলাম

Icon

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৪, ০৯:২৮ পিএম

বেনজীর প্রসঙ্গে দুদক আইনজীবী: দুদক জিন-পরী নয়, আসলো আর ফুঁ দিয়ে দিলাম

‘পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিষয়ে আসা তথ্য-উপাত্ত বিশ্লেষণে বিশ্বাসযোগ্য হলে অবশ্যই পদক্ষেপ নেবে দুদক (দুর্নীতি দমন কমিশন)। এখানে কোনো ব্যক্তি মুখ্য বিষয় না।’ সোমবার (৮ এপ্রিল) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এমনটাই বলেন দুদক আইনজীবী খুরশিদ আলম খান।

তিনি বলেন, পত্র-পত্রিকায় যে তথ্য-উপাত্ত রয়েছে সেগুলো বিশ্লেষণ করে সত্যতা যাচাই করতে হবে। দুদক জিন-পরী নয়, আসলো আর ফুঁ দিয়ে দিলাম। আমাদের অপেক্ষা করতে হবে, এখানে ব্যক্তি মুখ্য না।

সম্প্রতি প্রকাশিত এক জাতীয় দৈনিকের খবরে বলা হয়েছে, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ও র‌্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদের বিপুল অবৈধ সম্পদের খোঁজ মিলেছে। এরপর থেকেই বেশ আলোচনায় পুলিশের সাবেক এই আইজিপি। 

জাতীয় ওই দৈনিকে ‘বেনজীরের ঘরে আলাদীনের চেরাগ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে যেখানে তার নানা অর্থ সম্পদের বিবরণ তুলে ধরা হয়। বেনজীরের বিপুল সম্পদের মধ্যে রয়েছে গোপালগঞ্জের সাহাপুর ইউনিয়নে সাভানা ইকো রিসোর্ট নামের এক অভিজাত ও দৃষ্টিনন্দন পর্যটনকেন্দ্র। এ ছাড়াও তার স্ত্রী ও দুই মেয়ের নামে দেশের বিভিন্ন এলাকায় অন্তত ছয়টি কোম্পানির খোঁজ পাওয়া গেছে। পাঁচটি প্রতিষ্ঠানে বিনিয়োগের পরিমাণ ৫০০ কোটি টাকার বেশি হতে পারে।

প্রতিবেদনে আরও দাবি করা হয়, ঢাকার অভিজাত এলাকাগুলোতে বেনজীর আহমেদের দামি ফ্ল্যাট, বাড়ি আর ঢাকার কাছের এলাকায় বিঘার পর বিঘা জমি রয়েছে। দুই মেয়ের নামে বেস্ট হোল্ডিংস ও পাঁচতারা হোটেল লা মেরিডিয়ানের রয়েছে দুই লাখ শেয়ার। পূর্বাচলে রয়েছে ৪০ কাঠার সুবিশাল জায়গাজুড়ে ডুপ্লেক্স বাড়ি, যার আনুমানিক মূল্য কমপক্ষে ৪৫ কোটি টাকা। একই এলাকায় আছে ২২ কোটি টাকা মূল্যের আরও ১০ বিঘা জমি। 

অথচ গত ৩৪ বছর সাত মাসের দীর্ঘ চাকরিজীবনে বেনজীর আহমেদ বেতন-ভাতা বাবদ মোট আয় এক কোটি ৮৪ লাখ ৮৯ হাজার ২০০ টাকার মতো হওয়ার কথা।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন