বান্দরবান সদর উপজেলার একটি পাহাড়ি এলাকা থেকে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সন্দেহভাজন ৫ সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা। এ সময় দুটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়।
তবে জব্দ আগ্নেয়াস্ত্রগুলো গত ২ এপ্রিল রুমা উপজেলায় সোনালী ব্যাংকের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের কাছ থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্র কি না তা এখনো জানা যায়নি।
এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে র্যাব।
এর আগে গত শনিবার থেকে বান্দরবানে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান শুরু করে র্যাব। অভিযানে শতাধিক র্যাব সদস্য অংশ নেন।
শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন এ অভিযানের কথা জানান। শনিবার থেকে বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় এ অভিযান শুরু হয়।
এর আগে কেএনএফ সদস্যদের অপহরণের ৪৮ ঘণ্টা পর গত বৃহস্পতিবার র্যাবের মধ্যস্থতায় সোনালী ব্যাংকের রুমা শাখার অপহৃত ব্যবস্থাপক নিজাম উদ্দিনকে বান্দরবানের বাথেলপাড়া এলাকা থেকে উদ্ধার করা হয়।
গত ২ এপ্রিল সোনালী ব্যাংকের রুমা শাখার ভল্ট থেকে দেড় কোটি টাকা লুটের চেষ্টা চালায় বিচ্ছিন্নতাবাদী দলটি। টাকা নিতে না পেরে তারা ব্যাংক ম্যানেজারকে অপহরণ করে।
এ ছাড়া বুধবার বান্দরবানের থানচি উপজেলায় সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকের শাখায় ডাকাতি করে তারা।
ঘটনার পর উপজেলায় আতঙ্ক বিরাজ করছে।
এরই মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নিরাপত্তা বাহিনী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ পর্যন্ত রুমা ও থানচি থানায় ৮টি মামলা হয়েছে।
