Logo
Logo
×

সংবাদ

মালদ্বীপের পর বাংলাদেশেও কেন ভারত বর্জন?

Icon

জিও নিউজ

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৪, ০৩:০৪ এএম

মালদ্বীপের পর বাংলাদেশেও কেন ভারত বর্জন?

দক্ষিণ এশিয়ায় প্রতিবেশী মালদ্বীপের পর বাংলাদেশেও ভারত বয়কট কর্মসূচি ডানা মেলেছে। দিল্লিবিরোধী এই কর্মসূচি সারা দেশেই ছড়িয়ে পড়ছে; যেটি মূলত দেশের মানুষের দীর্ঘ দিনের পুঞ্জিভূত ক্ষোভেরই বহিঃপ্রকাশ।

দেশটির বিরোধী দলের নেতাকর্মীদের মাধ্যমে এই বয়কট কর্মসূচি শুরু হয়েছে। তারা বলছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারত সরকার অযাচিত হস্তক্ষেপ করেছে। বিশেষ করে, সর্বশেষ নির্বাচনে ভারত আওয়ামী লীগ তথা শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে কাজ করেছে।

বাংলাদেশের মানুষের মধ্যে দীর্ঘদিন যাবৎ ভারতবিরোধী মনোভাব রয়েছে; যা গত এক দশকে দ্বিগুণ হয়েছে। ২০২৩ সালে ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারতের পরাজয় উদযাপন করতে ঢাকার রাস্তায় নেমেছিলেন অনেকেই।

বাংলাদেশে বহু বিতর্ক ও আন্দোলনের মধ্যেই সম্প্রতি সাধারণ নির্বাচনে শেখ হাসিনা টানা চতুর্থবারের মতো সরকার গঠন করেছেন। এরপরই মূলত ইন্ডিয়া আউট বা ভারত বয়কট কর্মসূচির প্রকাশ্যে একটি আন্দোলনে রূপ নেয়।

এই প্রচারণার অংশ হিসাবে, ক্ষমতার বাইরে থাকা দলগুলো ভারতবিরোধী আন্দোলনে ইন্ধন জোগাচ্ছে। তারা জনগণকে ভারতীয় পণ্য বয়কট করার জন্য জোরালো আহ্বান জানাচ্ছে।

বাংলাদেশে তৈরি হওয়া এই সাহসী আন্দোলনের সঙ্গে মালদ্বীপের মিল রয়েছে; সেখানে প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু নিজের ক্ষমতার হুমকি হিসেবে ভারতবিরোধী কর্মকাণ্ড শুরু করেছিলেন।

ঢাকায় শেখ হাসিনা সরকারের সঙ্গে ভারতের ঐতিহাসিকভাবে দৃঢ় সম্পর্ক রয়েছে। অনেকের ধারণা, ভারত বাংলাদেশে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারকেই দেখতে চায়।

বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের অর্থনীতি ভারত থেকে আমদানির ওপর অনেক বেশি নির্ভরশীল। ভারত থেকে আমদানি বয়কট বা কমিয়ে দিলে বাংলাদেশকে চীনের দিকে ঝুঁকে যেতে হবে।

ভারত বয়কটের এই আহ্বান কতদূর যাবে তা বলা যায় না। তবে এই সাহসী আন্দোলন বাংলাদেশকে এককভাবে নিজেদের সিদ্ধান্ত নেওয়ার যে মানসিকতার বহিঃপ্রকাশ করেছে তাকেও বিতর্কিত করা যায় না।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন