রাজধানীর গুলিস্তানে দুই বাসের মাঝে চাপা পড়ে সুমন (৮) নামে এক শিশু নিহত হয়েছে।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেল চারটার দিকে গুলিস্তান আহার পুলিশ বক্স সংলগ্ন সেন্ট্রাল মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসছে চিকিৎসক পরীক্ষা শেষে বিকেল পৌনে পাঁচটায় তাকে মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা কমিউনিটি পুলিশ মো. বাবু ও বাস শ্রমিক ফয়সাল দেওয়ান জানান, শিশুটি বাসে ফেরি করে নামাজ শিক্ষার বই বিক্রি করে। বিকেলে আহাদ পুলিশ বক্স সংলগ্ন সেন্ট্রাল মসজিদের সামনে রাস্তায় দাঁড়িয়ে ছিল শিশুটি। সেখানে জৈনপুর এক্সপ্রেস নামে একটি বাস রাস্তার পাশে দাঁড় করানো ছিল এবং বিআরটিসি'র একটি দ্বিতল বাস কাউন্টারে রাখার জন্য পিছনের দিকে চালাচ্ছিল। তখন সেই দুই বাসের মাঝে চাপা পড়ে শিশুটি। এতে গুরুতর আহত হয়। দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তবে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
দুর্ঘটনার খবর শুনে হাসপাতালে আসেন সুমনের সৎ বাবা আ. সামাদ। তিনি জানান, সুমনের বাবা আলমগীর কয়েক বছর আগে মারা গেছেন। এরপর থেকে সে মা লাবনী আক্তার ও সৎ বাবা সামাদের সাথে গুলিস্তান স্টেডিয়ামের এলাকায় থাকতো। বাসে হকারি করে নামাজ শিক্ষার বই বিক্রি করে সে। বাবা মাও হকারি করেন। বিকেলে খবর পান, দুই বাসের মাঝে চাপা পড়েছে সুমন।
এদিকে পল্টন থানার উপপরিদর্শক (এসআই) অসিত কুমার বিশ্বাস জানান, ঘটার খবর শুনে হাসপাতালে গিয়ে সুমনের মহদেহ দেখতে পাই। ঘটনার বিস্তারিত জানার জন্য কাজ চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
