নড়াইলে ধানক্ষেতে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান জরুরি অবতরণ করেছে। বুধবার (৩ এপ্রিল) দুপুর ২টা ৪১ মিনিটে নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের তারাশি বিলের ধানক্ষেতে বিমানটি অবতরণ করে।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এবং পুলিশ। প্রশিক্ষণ বিমানটিতে থাকা বিমান বাহিনীর দুই বৈমানিক স্কোয়াড্রন লিডার নাদিম ও মাহফুজ অক্ষত রয়েছেন। তাদেরকে যশোরে বিমান বাহিনীর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটিতে নেওয়া হয়েছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি জরুরি অবতরণ করা হয়েছে। বিমানটির তেমন কোনো ক্ষতি হয়নি বলেও জানিয়েছেন নড়াইল ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা।
জানা গেছে, বুধবার দুপুর ১টা ৩৪ মিনিটের দিকে যশোর বিমানবন্দর থেকে প্রশিক্ষণ বিমানটি উড়ে যায়।
স্থানীয়রা জানান, দুপুর ২ টা ৪১ মিনিটের দিকে বিমানটি তারাশি বিলের ওপর বিমানটি উড়তে দেখেন তারা। হঠাৎ করে বিমানটি ওপর থেকে নিচে নামতে থাকে। এক পর্যায়ে ধানক্ষেতে অবতরণ করে। এসময় কৃষক ও গ্রামবাসী আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে থাকেন। পরে তারা বিমানের কাছে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে যায়। বিমান অবতরণের খবর শুনে উৎসুক জনতাও সেখানে ভিড় করেন।
প্রত্যক্ষদর্শী হেদায়েত হোসেন বলেন, “অবতরণ করার পর দুজন ব্যক্তি অক্ষত অবস্থায় বিমানটি থেকে বের হয়ে আসেন। এর কিছু সময় পর যশোর থেকে বিমান বাহিনীর একটি হেলিকপ্টার ঘটনাস্থলে পৌছায়।”
তবে হেলিকপ্টারে থাকা বিমান বাহিনীর সদস্যরা এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি। বিমানটিতে কী ধরনের ত্রুটি হয়েছিল সেটি খতিয়ে দেখছেন সংশ্লিষ্টরা।
নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালিয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হননি। স্কোয়াড্রন লিডার মাহফুজ ও নাদিমকে যশোরে নেওয়া হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”
